সামান্য কমেছে মূল্যস্ফীতি
গত বছরের ডিসেম্বরের তুলনায় নতুন বছরের জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে।
২০০৫-০৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, জানুয়ারি মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৬২ শতাংশ হয়েছে। ডিসেম্বরে এই হার ছিল ৭ দশমিক ১৪ শতাংশ।
সার্বিক মূল্যস্ফীতি কমেছে ১৯৯৫-৯৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে করা পুরনো হিসাবেও। ডিসেম্বরের ৭ দশমিক ৬৯ শতাংশ থেকে কমে জানুয়ারিতে হয়েছে ৭ দশমিক ৩৮ শতাংশ।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে সংবাদ সম্মেলন করে মূল্যস্ফীতির হালনাগাদ এই তথ্য প্রকাশ করেন পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল।
তিনি বলেন, ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ১ দশমিক ০২ শতাংশ। চাল, আটা, মুসুর ডাল, মাছ, ডিম ও তামাক জাতীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে এটা ঘটেছ।
আর খাদ্য বহির্ভূত খাতে একই সময়ে মূল্যস্ফীত হয়েছে ১ দশমিক ০৮ শতাংশ। পেরিধেয় বস্ত্র, বাড়ি ভাড়া, জ্বালানি তেল, আসবাবপত্র ও গৃহস্থালী সামগ্রী, পরিবহন ব্যয়, শিক্ষা উপকরণ ও বিভিন্ন সেবার মূল্যবৃদ্ধির কারণে এই মূল্যস্ফীতি হয়েছে।
তবে মাসের হিসাবে মূল্যস্ফীতির হার গত বছরের ডিসেম্বর-জানুয়ারির তুলনায় কম হওয়ায় পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি খানিকটা কমে এসেছে।
পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কমেছে খাদ্য ও খাদ্য বহির্ভূত দুই খাতেই।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন পদ্ধতিতে (২০০৫-০৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে) ডিসেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ২৮ শতাংশ। জানুয়ারিতে তা কমে ৫ দশমিক ০২ শতাংশ হয়েছে।
আর পুরনো পদ্ধতিতে (১৯৯৫-৯৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে) খাদ্য মূল্যস্ফীতি ডিসেম্বরের ৭ দশমিক ৩৩ শতাংশ থেকে কমে জানুয়ারিতে ৭ দশমিক ২১ শতাংশ হয়েছে।
দুই হিসাবেই খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি সামান্য কমেছে। পুরনো হিসাবে ডিসেম্বরের ৮ দশমিক ৪৩ শতাংশ থেকে কমে জানুয়ারিতে হয়েছে ৭ দশমিক ৭৯ শতাংশ। আর নতুন পদ্ধতিতে হিসাব করলে এই হার ১০ দশমিক ০৩ শতাংশ থেকে কমে ৯ দশমিক ০৯ শতাংশ হয়েছে।
গোলাম মোস্তফা কামাল জানান, আগামী জুন পর্যন্ত এভাবে দুই পদ্ধতির হিসাব প্রকাশ করবে পরিসংখ্যান ব্যুরো। আর জুনের পর প্রকাশ করা হবে কেবল নতুন পদ্ধতির হিসাব।
গত ১৮ জুলাই পরিসংখ্যান ব্যুরোর টেকনিক্যাল কমিটির সভায় ২০০৫-০৬ ভিত্তি বছরের সিপিআই (ভোক্তার মূল্য সূচক) অনুমোদন দেয়া হয়। সে ভিত্তিতে ২০০৫-০৬ ভিত্তি বছরের পাশাপাশি ১৯৯৫-৯৬ ভিত্তিবছরের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হচ্ছে।
