২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গভর্নরের অসন্তোষ

জালিয়াতি এড়াতে ব্যাংকগুলোর কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেছেন গভর্নর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 06:56 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

রোববার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘সুশাসনের’ বিষয়ে ব্যাংকগুলো মনোযোগ দিচ্ছে না।

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে হল-মার্ক কেলেঙ্কারির ঘটনা উদঘাটনের পর এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য ব্যাংকগুলোকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের তাগিদ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

কিন্তু ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের সে তাগাদা আমলে নিচ্ছে না বলে গভর্নরের কথায় স্পষ্ট। বৈঠকে লিখিত বক্তব্যেই নিজের উদ্বেগের কথা জানান তিনি।

আতিউর ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “ব্যাংকের সুশাসন অনেকাংশে নির্ভর করে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকর বাস্তবায়নের ওপর। আমি উদ্বিগ্ন যে, আপনারা হয়ত এদিকে যথাযথ মনযোগ দিচ্ছেন না।”

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পরিদর্শন প্রতিবেদনে বিভিন্ন ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার বিষয়টি উদ্ঘাটিত হয়েছে। ব্যাংকগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিরীক্ষাজনিত দুর্বলতা ব্যাংকিং খাতে আর্থিক জাল-জালিয়াতির মূল কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে।

“অথচ ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা সুদৃঢ়করণের জন্য আমরা বেশ কিছু গাইডলাইন জারি করেছি। এ সব গাইডলাইনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না,” বলেন আতিউর।

এ প্রসঙ্গে গভর্নর আরো বলেন, “সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন দল বিভিন্ন ব্যাংকে সরেজমিন পরিদর্শনকালে দেখেছে যে, কোনো কোনো ব্যাংক গাইডলাইন এর আলোকে নিজস্ব কৌশল তথা পলিসি ম্যানুয়েল পর্যন্ত প্রস্তুত করেনি। বেশকিছু ব্যাংকে গাইডলাইন থাকলেও কর্মকর্তা/কর্মচারীদের উপযুক্ত প্রশিক্ষণের অভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।”

তিনি আরো অভিযোগ করেন, কোনো কোনো ব্যাংকে ঋণ মঞ্জুরির আগে তহবিল ব্যবস্থাপনা বিভাগের মতামত নেয়া হয় না বা নিলেও তা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় না।

কোনো কোনো ব্যাংক তার তহবিলের সার্বিক অবস্থা বা গুরুত্বপূর্ণ তথ্যা পরিচালনা পর্ষদকেও জানাচ্ছে না বলে অভিযোগ করেন গভর্নর।

হল-মার্কের পর দুটি বেসরকারি ব্যাংকে সাড়ে ৬০০ কোটি টাকা জালিয়াতির ঘটনা ঘটেছে বলে পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে।

আতিউর বলেন, কতিপয় ব্যাংক তাদের আর্থিক লেনদেনের হিসাবভুক্তির ক্ষেত্রেও অনিয়ম করছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়।

“যেমন, মাসিক/ত্রৈমাসিক ভিত্তিতে শাখা হতে মুনাফা স্থানান্তর না করা সত্ত্বেও শুধু রিপোর্টিংয়ের লক্ষ্যে হিসাব বিবরণীতে তা প্রদর্শন করছে। কোনো ভাউচার পাস না করেই প্রভিশন দেখানো হচ্ছে, যা খুবই উদ্বেগজনক।”

প্রধান নির্বাহীদের উদ্দেশে গভর্নর আরো বলেন, “এটি ব্যাংকের প্রকৃত আর্থিক সুস্থতা যাচাইয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে এবং ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থায় মাত্রাতিরিক্ত ঝুঁকি সৃষ্টি করছে। ফলে, এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করছি।”