২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে ৬ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

সপ্তাহের দ্বিতীয় দিন লেনদেন শেষে সূচক কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। লেনদেন হয়েছে গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 05:55 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সোয়া এক ঘণ্টা সূচকে ওঠানামা চলে। এরপর সূচক কমতে থাকে। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ১১১ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ১১ পয়েন্ট কম।

হাতবদল হয় প্রায় ১১৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে এর চেয়েও কম ১১৫ কোটি টাকা লেনদেন হয় গত বছরের ৮ জুলাই।

লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দাম বাড়ে ৬৯টির, কমে ১৫৬টির এবং অপরিবর্তিত ছিল ৪০টির দাম।

সপ্তাহের প্রথম দিন ডিএসই সাধারণ সূচক কমে  প্রায় ১০ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১২৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে দশমিক ৬৭ শতাংশ বা প্রায় ২৮ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ১৪৩ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৬ দশমিক ৪৬ শতাংশ কম।

গত সপ্তাহ পুঁজিবাজারে লেনদেন হয়েছে ২৮৬ টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, যার মধ্যে দাম কমেছে ২০৬ টির।