বেনাপোল বন্দরে ধর্মঘট
রপ্তানির সময়ে একটি মাছের চালান আটকে দেয়ার প্রতিবাদে বেনাপোল স্থলবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে পাঁচটি সংগঠন।
ধর্মঘটের কারণে শনিবার সকাল থেকে বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
গত ৯ জানুয়ারি ভারতে রপ্তানির উদ্দেশ্য আসা মাছবোঝাই একটি ট্রাক বন্দরের কাস্টমস বন্ডেড এরিয়া থেকে আটক করে বিজিবি।
রপ্তানির বৈধ কাগজপত্র দেখানো হলেও বিজিবি কাগজপত্রহীন দেখিয়ে মাছের চালানটি আটক করে যশোর ব্যাটালিয়ন হেড কোয়োর্টারে নিয়ে যায় বলে অভিযোগ করেন বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং( সিঅ্যান্ডএফ ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান।
এর প্রতিবাদে বন্দর ব্যবহারকারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট মালিক সমিতি, বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টাস অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন ও ঝিকরগাছা-নাভারন-বেনাপোল ট্রাক মালিক সমিতি ১০ জানুয়ারি বিকালে বিকেলে বেনাপোলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে ধর্মঘটের ঘোষণা দেয়।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজিবির অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বন্দরের সব কাজ বন্ধ রয়েছে।
এদিকে সমস্যা সমাধানে রোববার সকালে জেলা প্রশাসক তার কার্যালয়ে সব সংগঠনকে ডেকেছেন।
