২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে বেড়েছে রপ্তানি আয়

তাজরীনে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানি বিশ্বজুড়ে আলোচনা তুললেও তার প্রভাব প্রাথমিকভাবে দেশের রপ্তানিতে পড়েনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আবদুল্লাহ, প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 03:58 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২০ শতাংশ।

তার আগে ২৪ নভেম্বর তাজরীন কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১১১ শ্রমিক নিহত হন।

ওই ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হওয়ায় অনেকের ধারণা, তার প্রভাব দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে পড়বে, কমে যাবে কেনার আদেশ।

তাজরীনের অগ্নিকাণ্ডের নেতিবাচক প্রভাব তাৎক্ষণিকভাবে না পড়লেও এর প্রভাব যে পড়বে না, তা এখনি বলা যাচ্ছে না বলে মনে করেন বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

তিনি বলেন, “প্রভাব এখনো পড়েনি। তবে আমাদের শিল্পের ইমেজ নিয়ে প্রশ্ন উঠেছে। এটা ঠিকভাবে সামলাতে না পারলে আগামীতে নেতিবাচক প্রভাব পড়বে।”

একই মত প্রকাশ করেন বিজিএমইএ’র সহসভাপতি ফারুক হাসান।

ইপিবির বৃহস্পতিবার হালনাগাদ করা তথ্য অনুযায়ী, চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রপ্তানি আয় বেড়েছে আগের বছরের একই সময়ের চেয়ে ৭ শতাংশ।

অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানি আয় আগের বছরের চেয়ে বাড়লেও তা লক্ষ্যমাত্রার চেয়ে কমেছে ৩ দশমিক ৪২ শতাংশ।

তবে সর্বশেষ ডিসেম্বর মাসে লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে প্রায় ৩ শতাংশ।

তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ১ হাজার ২৬০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই সময়ে ১ হাজার ৩০৪ কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করেছিল সরকার।

আগের ২০১১-১২ অর্থবছরের প্রথম ছয় মাসের তুলনায় রপ্তানি বেড়েছে ৭ দশমিক শূন্য ১ শতাংশ। ওই সময়ে ১ হাজার ১৭৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।

রপ্তানিতে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার বিষয়ে বিআইডিএসের গবেষণা পরিচালক ড. জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ব অর্থনীতিতে মন্দাভাব চলছে। ইউরোপে ঋণ সঙ্কট আছে। এসব কারণে রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তা কম।”

তবে রপ্তানির এই গতিতে সন্তোষজনক মনে করছেন ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিসেম্বর শেষে রপ্তানিতে যে প্রবৃদ্ধি হয়েছে, তা আমাদের আশার চেয়েও বেশি। কারণ পাঁচ মাস শেষে যেখানে রপ্তানি প্রবৃদ্ধি ছিল ৪ শতাংশের সামান্য বেশি, সেখানে ছয় মাস শেষে ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে।”

বর্তমান ধারা অব্যাহত থাকলে বছর শেষে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা প্রকাশ করেছেন শুভাশীষ। চলতি অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ২ হাজার ৮০০ কোটি ডলার।

সব ধরনের রপ্তানিকারকদের সংগঠন এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি সালাম মুর্শেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈশ্বিক পরিস্থিতিতে সামগ্রিক রপ্তানি ইতিবাচক। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা গেলে একইসঙ্গে অভ্যন্তরীণ সমস্যাগুলো দূর করা সম্ভব হলে রপ্তানি আরো বাড়বে।”

ছয় মাসে তৈরি পোশাকের নিট খাতের ৪৯৭ কোটি ৫৯ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৮৫ শতাংশ বেশি। ওই সময়ে ৪৭৯ কোটি ডলারের নিট পণ্য রপ্তানি হয়েছিল।

তৈরি পোশাকের উভেন খাত থেকে চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বরে ৪৯৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এ খাত থেকে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৫৩ শতাংশ রপ্তানি বেশি হলেও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। 

দেশের রপ্তানি আয়ের অপর অন্যতম খাত হিমায়িত মৎস্য খাত থেকে রপ্তানি আয়ে কমেছে ব্যাপকভাবে। এই খাত থেকে জুলাই-ডিসেম্বরে ২৯ কোটি ডলার আয় হয়েছে, যা লক্ষ্যমাত্রা ও আগের বছরের তুলনায় ১১ ও ২০ শতাংশ কম।

কমেছে কাঁচা পাট রপ্তানি, চা ও তামাকের রপ্তানি উল্লেখযোগ্য হারে কমেছে।

জুলাই-ডিসেম্বরে ১৩ লাখ ৩০ হাজার ডলারের চা রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ২৮ শতাংশ কম।

তামাক রপ্তানি হয়েছে ৪ কোটি ৩ লাখ ডলারের, যা আগের অর্থবছরের প্রথম ছয় মাসের তুলনায় ৩০ দশমিক ৩৫ শতাংশ কম।

বাংলাদেশ থেকে যেসব পণ্যের রপ্তানি বেড়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে- কাট ফ্লাওয়ার, বিভিন্ন প্রকারের মসলা, শাক-সবজি, শুকনো খাবার, তৈরী পণ্য, পেট্রোলিয়াম বাই প্রডাক্ট, ফার্মাসিউটিক্যালস পণ্য, কসমেটিকস, রাবার, চামড়াজাত পণ্য, কাঠ ও কাঠের পণ্য, হস্তশিল্প পণ্য, কাগজ ও কাগজে পণ্য, পুরানো কাপড়, পাঠের সুতা ও বস্তা, কার্পেট, কৃত্রিম সুতা, জুতা, টুপি, মানুষের চুল, সিরামিক পণ্য, বিভিন্ন প্রকৌশল পণ্য ও কম্পিউটার সার্ভিস।

অন্যদিকে রপ্তানি কমার তালিকায় রয়েছে যেসব পণ্য তার মধ্যে অন্যতম হচ্ছে-সিমেন্ট, রাসায়নিক পণ্য, প্লাস্টিক পণ্য, পিভিসি ব্যাগ, টেরিটাওয়েল, ষ্পেশাল ওভেন ফেব্রিক, নিটেড ফেব্রিক, বিল্ডিং মেটারিয়াল, গ্লাস অ্যান্ড গ্লাস ওয়্যার, বাইসাইকেল, জাহাজ, বোট ও ফ্লোটিং স্ট্রাকচার ইত্যাদি।