২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনস্বার্থে কাজ করুন, ব্যাংক পরিচালকদের মন্ত্রী

রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকে সদ্য নিয়োগ পাওয়া পরিচালকদের জনস্বার্থ রক্ষা করে কাজ করার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 12:45 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

Image
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে এক কর্মশালায় তিনি এই নির্দেশনা দেন। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নতুন নিয়োগ পাওয়া ২২ জন পরিচালক এই কর্মশালায় অংশ নেন।

কর্মশালার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহিত বলেন, “আমাদের ব্যাংকিং খাত অনেক সম্প্রসারিত হয়েছে। এটা দেশের একটি গতিশীল (ডায়নামিক) খাত।”

নতুন পরিচালকদের কী বললেন- এক সাংবাদিকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “তাদের বলেছি- টু প্রটেক্ট পাবলিক ইন্টারেস্ট। এটা মনে রাখবেন এবং সে অনুযায়ী কাজ করবেন।”

সম্প্রতি রাষ্ট্রায়ত্ত্ব সোনালী ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা সরানোর ঘটনা আলোচনায় আসার পর সরকারি মালিকানার ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়।

ব্যাংক পরিচালকদের কর্মশালার পর অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে অর্থন্ত্রীর কাছে ব্যাংকটির লভ্যাংশ হস্তান্তর করা হয়।

ওই অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, “আমরা রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি তা বলব না, মোটামুটিভাবে স্বাধীনতা দিয়েছি। ভবিষ্যতে পূর্ণ স্বাধীনতা পাবে।”

তিনি বলেন, ব্যাংক খাত যেমন পরিবর্তন হচ্ছে তেমনি বাংলাদেশ ব্যাংকেও পরিবর্তন আসছে। সামনে নতুন আইন হবে(ব্যাংক কোম্পানি আইন)। সে আইনে তাদের (বাংলাদেশ ব্যাংক) দ্বায়িত্ব বাড়ানো হচ্ছে।

গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ ইউনূসের নাম উল্লেখ করে সামাজিক ব্যবসা নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী।  

তিনি বলেন, “অনেকেই এখন সরকারি বিনিয়োগের(পাবলিক ইনভেস্টমেন্ট) দিকে আগ্রহী হচ্ছে।কারণ পাবলিক ইনভেস্টমেন্ট ফাঁকিবাজি করতে পারে না। সামাজিক বিনিয়োগ প্রচুর ফাঁকিবাজি করে।”

“ইউনূস সাহেব ৪০টি সামাজিক বিনিয়োগ করেছিলেন। তার মধ্যে ২০টি মরে গেছে।”

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার বজলুল হক অর্থমন্ত্রীর হাতে ব্যাংকের চার বছরের লভ্যাংশ তুলে দেন।

২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত চার বছরে সরকারকে মোট ৪৪৩ কোটি টাকা স্টক দেয়া হয়েছে।