২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগে জার্মান রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রীর আহ্বান

বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বাংলাদেশে আরো বিনিয়োগে জার্মানিকে আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 11:42 AM

Updated : 23 Aug 2022, 10:01 AM

বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত ড. আলব্রেশট কনসে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করতে গেলে বিনিয়োগের এই আহবান জানান শেখ হাসিনা।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের জানান।

আশুগঞ্জে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার সমন্বিত বিদ্যুৎ উৎপাদন প্লান্ট নির্মাণে অর্থায়নের জন্য সেদেশের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

জার্মানি বাংলাদেশের পণ্যের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ- উল্লেখ করে শেখ হাসিনা দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদারের করতে দুই দেশের ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ বাড়াতে গুরুত্বারোপ করেন।

সাক্ষাতকালে জার্মান রাষ্ট্রদূত বলেন, উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বতর্মান সরকার সফল।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে তার সরকার কাজ করে যাচ্ছে।

বর্তমান সরকারের সময়ে অনুষ্ঠিত নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

সাক্ষাতকালে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাত

বাংলাদেশে উত্তর কোরিয়ার বিদায়ী রাষ্ট্রদূত সিন হং চল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাত করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, উত্তর কোরিয়ার বিদায়ী রাষ্ট্রদূতকে ২০০৮ সালের অক্টোবর থেকে বাংলাদেশে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী অভিনন্দন জানান।