২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক ঋণে সতর্ক সরকার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2013, 05:59 AM

Updated : 23 Aug 2022, 10:01 AM

নির্বাচন সামনে রেখে মূল্যস্ফীতি সহনীয় রাখতে ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছে সরকার। কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ না নিয়ে উল্টো আগের ঋণ শোধ করা চলছে।

তবে নির্বাচনের আগে স্বাভাবিকভাবেই সরকারের ব্যয় বেড়ে যাবে। আর তখন ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেয়ার পরিমাণও বেড়ে যেতে পারে বলে মনে করেন একজন অর্থনীতিবিদ।

বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের অর্থ ও ব্যাংকিং উপ-বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সরকার ব্যাংক ব্যবস্থা থেকে আট হাজার ৫৭২ কোটি ৩৭ লাখ টাকা ঋণ নিয়েছে।

এর মধ্যে তফসিলি ব্যাংকগুলো থেকে নেওয়া হয়েছে ১০ হাজার ৬২৭ কোটি ৪৩ লাখ টাকা। আর বাংলাদেশ ব্যাংক থেকে আগের নেওয়া ঋণের দুই হাজার ৫৫ কোটি ছয় লাখ টাকা শোধ করা হয়েছে।

এ হিসাবে এই ছয় মাসে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণের পরিমান হচ্ছে আট হাজার ৫৭২ কোটি ৩৭ লাখ টাকা। গত অর্থবছরের (২০১১-১২) একই সময়ে যা ১৩ হাজার ৩০৭ কোটি ৩১ লাখ টাকা ছিল।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকার ঋণ নিতে থাকলে অনেক সময় টাকা ছাপিয়ে সেই ঋণ সরবরাহ করতে হয়। সেক্ষেত্রে বাজারে টাকার সরবরাহ বেড়ে যায়, বেড়ে যায় দ্রবমূল্য। স্বাভাবিক নিয়মে মূল্যস্ফীতিও বাড়ে।”

এ কারণে গত এক বছর ধরে সরকারের ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের থাকার বিষয়টিকে ইতিবাচক বলে মনে করেন এই অর্থনীতিবিদ। তবে তার আশঙ্কা, নির্বাচনী বছর হওয়ার ২০১৩ সালের দ্বিতীয় ভাগে সরকারের ঋণ নেয়ার প্রবণতা আবার বেড়ে যেতে পারে।

“এখন সরকারের ব্যয় কম হচ্ছে। খাদ্য আমদানি করতে হচ্ছে না। জ্বালানি তেল আমদানি খাতে ব্যয় কম হচ্ছে। সবমিলিয়ে সরকারের ব্যাংক ঋণ এখনও নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে।

“কিন্তু নির্বাচনকে সামনে রেখে জনতুষ্টির জন্য সরকার নানা ধরনের কর্মসূচি হাতে নেবে। পুরো বাজেট বাস্তবায়ন করতে চাইবে। তখন ব্যয় বেড়ে যাবে। সে সব ব্যয় মেটাতে সরকার ব্যাংকের দারস্থ হবে। বেড়ে যাবে ঋণ।”

অবশ্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আশা করছেন, ব্যাংকে থেকে ঋণ নেয়ার পরিমাণ বাজেটের লক্ষ্যমাত্রার মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঘাটতি অর্থায়নে বিদেশি উৎস হতে পাওয়া ঋণ ও অনুদান এবার বেশি আসবে। পাঁচ মাসের হিসাবে তেমন আভাসই পাচ্ছি আমরা।

অন্যদিকে ব্যাংক বহির্ভূত উৎস (জাতীয় সঞ্চয়পত্র) থেকে প্রাপ্তি প্রত্যাশা অনুযায়ী না হলেও আগামী দিনগুলোতে বিক্রি বাড়াতে আমরা প্রচারের ওপর গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি ব্যাংক নেয়া ঋণ লক্ষ্যমাত্রার মধ্যে রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বর শেষে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নেওয়া মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৩৯৯ কোটি ৫৪ লাখ টাকা। গত জুনে এর পরিমাণ ছিল ৯১ হাজার ৮২৭ কোটি ১৭ লাখ টাকা।

এই হিসাবে জুলাই-ডিসেম্বর সময়ে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার নিট আট হাজার ৫৭২ কোটি ৩৭ লাখ টাকা ঋণ নিয়েছে। গত বছরের একই সময়ে নিয়েছিল ১৩ হাজার ৩০৭ কোটি ৩১ লাখ টাকা।

গত বছর ব্যাংক ঋণ নিয়ে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল সরকারকে। অর্থনীতিবিদ, গবেষক, ব্যবসায়ী নেতাদের পাশপাশি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও সরকারের তীব্র সমালোচনা করেছিলেন।

২০১১-১২ অর্থবছরের মূল বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা ধরা হলেও পরে তা ২৯ হাজার ১১৫ কোটি টাকায় গিয়ে ঠেকে।

আর চলতি অর্থবছরে বাজেট ঘাটতি মেটাতে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ২৩ হাজার কোটি টাকা ঋণ নেবে বলে ঠিক করেছে। জাতীয় সঞ্চয়পত্র প্রকল্পগুলো থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত হাজার ৪০০ কোটি টাকা।