বিদেশ থেকে টাকা আসবে বিকাশে
বিদেশ থেকে আসা রেমিটেন্স এখন থেকে মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি গ্রহণ করতে পারবেন দেশের বিকাশ গ্রাহকরা।
বিদেশ থেকে আসা রেমিটেন্স এখন থেকে মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি গ্রহণ করতে পারবেন দেশের বিকাশ গ্রাহকরা।
বৃহস্পতিবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দিন থেকেই সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রে অবস্থিত ব্র্যাক ব্যাংক মনোনীত এক্সচেঞ্জ হাউজগুলো থেকে প্রবাসী বাংলাদেশিরা টাকা পাঠাতে পারবেন।
ব্র্যাক ব্যাংক মনোনীত এই এক্সচেঞ্জ হাউজগুলো হল, সংযুক্ত আরব আমিরাতের আল রোস্তামানি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ (এআরআইই), আল আহালিয়া মানি এক্সচেঞ্জ ব্যুরো এবং ওরিয়েন্ট এক্সচেঞ্জ।
এছাড়া খুব দ্রুত যুক্তরাজ্যের ব্র্যাক সাজান এক্সচেঞ্জও এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “অন্যান্য দেশে অবস্থিত প্রবাসী বাংলাদেশিরাও শিগগিরই এই সেবা ভোগ করতে পারবে।”
বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রেরককে টাকা পৌঁছানোর মাধ্যম হিসেবে বিকাশ নির্ধারণ করতে হবে। বাংলাদেশের প্রাপক টাকা পেয়ে যাবেন তার মোবাইল ফোনের বিকাশ একাউন্টে। প্রাপক নির্ধারিত সার্ভিস চার্জের বিনিময়ে টাকা তোলাসহ বিকাশেরর অন্যান্য সেবা উপভোগ করতে পারবেন।
ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠান বিকাশ মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সেবা দেয়। বর্তমানে বিকাশ -এর সেবা রবি, গ্রামীণফোন এবং বাংলালিংক মোবাইল ফোনে নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে।
