‘লাভালিনকে কাজ দিতে নিজেই কমিটির প্রধান হন মোশাররফ’
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে সোমবার করা মামলায় মোশাররফ হোসেনকে প্রধান আসামি করেছে দুদক
‘লাভালিনকে কাজ দিতে নিজেই কমিটির প্রধান হন মোশাররফ’এসএনসি লাভালিনকে পদ্মা সেতুর পরামর্শক প্রতিষ্ঠানের কাজ পাইয়ে দেয়ার জন্য সেতু বিভাগের তৎকালীন সচিব মোশাররফ হোসেন ভুইয়া কয়েক দফায় মূল্যায়ন কমিটিতে পরিবর্তন আনেন বলে দুর্নীতি দমন কমিশন তাদের অনুসন্ধানে প্রমাণ পেয়েছে।
অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে সোমবার করা মামলায় তাই মোশাররফ হোসেনকে প্রধান আসামি করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আব্দুল্লাহ আল জাহিদ।
বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুললে দুদক যে অনুসন্ধান কমিটি করে তার প্রধানের দায়িত্ব পালন করেন জাহিদ।
তিনি সাংবাদিকদের বলেন, “পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের জন্য সেতু বিভাগ পর্যায়ক্রমে মোট চারটি কমিটি গঠন করেছিল।
“বিভিন্ন সময়ে বিভিন্ন কমিটি যখন কাজ গুছিয়ে রিপোর্ট প্রদানের অবস্থায় গিয়েছে, তখনি সেতু সচিব নিজ ক্ষমতার অপব্যবহার করে যুক্তিগ্রাহ্য কারণ ছাড়াই হয় সেই কমিটি ভেঙে দিয়েছেন, কিংবা পুনর্গঠন করেছেন নয়ত নতুন কমিটি করেছেন।”
“কোনো যুক্তিগ্রাহ্য কারণ ছাড়াই বারবার কমিটি ভাঙা এবং পুনর্গঠন আমাদের কাছে সবচেয়ে সন্দেহজনক মনে হয়েছে,” বলেন জাহিদ।
এই দুর্নীতির অনুসন্ধানে তৎকালীন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করলেও তার বিরুদ্ধে মামলা হয়নি।
দুদক কর্মকর্তা বলেন, “আইন অনুযায়ী কমিটি গঠন, পুনর্গঠন সম্পূর্ণ সচিবের এখতিয়ার। এক্ষেত্রে মন্ত্রীর অনুমোদন বাধ্যতামূলক নয়।”
দুদকের এজহার অনুযায়ী, ২০১০ এর ১৮ জানুয়ারি পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের জন্য একটি মূল্যায়ন কমিটি গঠন করে সেতু বিভাগ। সেই কমিটি মোট ১৩টি কোম্পানির প্রস্তাব যাচাই-বাছাইয়ের পর পাঁচটি কোম্পানীর সংক্ষিপ্ত তালিকা করে।
ওই কোম্পানিগুলো হল- ওরিয়েন্টাল লি. (জাপান), হালক্রো (যুক্তরাষ্ট্র), এ্যাকম ইন্টারন্যাশনাল (নিউজিল্যান্ড), হাই পয়েন্ট রেন্টাল (ইউকে) ও এসএনসি লাভালিন(কানাডা)।
কিন্তু এই কমিটি বিলুপ্ত না করেই একই বছরের ৩ মে দ্বিতীয় কমিটি প্রস্তাব করা হয়। কিন্তু কোনো কারণ না দেখিয়েই সেই কমিটি ভেঙে দিয়ে ৭ জুন তৃতীয় আরেকটি কমিটি গঠন করে সেতু বিভাগ। তবে সেই কমিটির প্রধান মো. সেকান্দার আলী দায়িত্ব পালনে অপারগতা জানালে কাজ শুরুর আগেই ওই কমিটি ভেঙে যায়।
এরপর মোশাররফ হোসেন ভুইয়া নিজেকে আহ্বায়ক এবং সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদাউসকে সদস্যসচিব করে ২০১০ এর ২৩ জুন ৭ সদস্য বিশিষ্ট চতুর্থ কমিটি গঠন করেন।
বিশ্ব ব্যাংকের শর্ত অনুযায়ী মূল্যায়ন কমিটির সদস্যদের সংশ্লিষ্ট বিষয়ে অন্তুত ১০ বছরের অভিজ্ঞতা থাকার বিধান থাকলেও চতুর্থ কমিটি গঠনের ক্ষেত্রে তা উপেক্ষা করা হয়েছে বলে জানান দুদক কর্মকর্তা জাহিদ।
তিনি বলেন, মোশাররফ হোসেন ভুইয়া প্রথমে জাপানি প্রতিষ্ঠান ওরিয়েন্টালের পক্ষে ‘ত্রুটিপূর্ণ’ মূল্যায়ন প্রতিবেদন তৈরির প্রস্তুতি নিলেও কমিটির সদস্য সচিব ফেরদাউস এসএনসি লাভালিনের সঙ্গে ই-মেইল যোগাযোগ রক্ষা করছিলেন।
“মোশাররফ হোসেন ও ফেরদাউস প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এসএনসি লাভালিনের সঙ্গে ষড়যন্ত্র করেছেন। ফেরদৌস টেন্ডার প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এসএনসি লাভালিনকে গোপনীয় তথ্যাদি সরবরাহ করেছেন।”
দুর্নীতি দমন কমিশন বলছে, ঘুষ লেনদেনের একটি ষড়যন্ত্রের প্রমাণ তারা পেয়েছে। তবে লেনদেন হয়নি।
কাজ দেয়ারি বিনিময়ে কী পরিমাণ অর্থ লেনদেনের আলোচনা হয়েছিল, তা স্পষ্ট জানতে পারেনি দুদকের অনুসন্ধান দল।
জাহিদ বলেন, “আমরা এখনো রমেশের সেই কথিত ডায়েরিটি হাতে পাইনি। রমেশ, ইসমাইল এবং কেভিন ওয়ালেসের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হয়নি। তাদের সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হলেই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।”
লাভালিন কর্মকর্তা রমেশ শাহ ও মো. ইসমাইলের বিরুদ্ধে কানাডা পুলিশ ঘুষ সাধার অভিযোগ তদন্ত শুরু করলে পদ্মা প্রকল্পে দুর্নীতি প্রকাশ্য হয়। রমেশ ও ইসমাইলকে গ্রেপ্তারের সময় রমেশের ডায়েরিটি জব্দ করা হয়, তাতে বাংলাদেশের কয়েকজনের নাম পাওয়া যায়।
তবে কাদের কাদের নাম ওই ডায়েরিতে রয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।
দুদক কর্মকর্তা জাহিদ বলেন, আগামী দুই মাসের মধ্যেই মামলা পরবর্তী তদন্তের কাজ শেষ করা হবে।
এক্ষেত্রে নতুন আসামি যোগ হওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
“এখন পর্যন্ত অনুসন্ধানের ক্ষেত্রে আমাদের দেশীয় তথ্য উপাত্তের ওপর নির্ভর করতে হয়েছে। কানাডা সরকারের সহযোগিতা লাভ করলে বর্তমানে যারা সন্দেহভাজন রয়েছেন তাদের নামও যুক্ত হতে পারে।”
