বিদ্যুৎ উৎপাদন বাড়াতে অর্থমন্ত্রীর তাগিদ
বিদ্যুৎ উৎপাদন না বাড়াতে পারলে প্রবৃদ্ধি ব্যহত হবে বলে মনে করেন আবুল মাল আব্দুল মুহিত
অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়াতে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। একই সঙ্গে বিদ্যুৎ ব্যবহারে ‘সাশ্রয়ী’ হতেও সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয় বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বেড়ে গেছে। তাই বিদ্যুৎ উৎপাদনও বাড়াতে হবে, নইলে তা (প্রবৃদ্ধি) ব্যহত হবে।”
“বিদ্যুতের অভাবে মানুষের কষ্ট ও দেশের উন্নয়ন ব্যাহত হবে- এ অবস্থা থেকে আমরা সরে এসেছি। আগামী দুই বছর পর বিদ্যুৎ সঙ্কটে উন্নয়ন ব্যহত হবে তা হতে দিতে পারি না”, যোগ করেন তিনি।
প্রতি বছর ৭ থেকে ১১ ডিসেম্বর বিদ্যুৎ সপ্তাহ হিসাবে পালন করে সরকার।
অর্থমন্ত্রী বলেন, “বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া অত্যন্ত প্রয়োজন। সুইজারল্যান্ড ও জাপানকে অনুকরণ করতে হবে। এরা মিনিমাম বিদ্যুৎ দিয়ে মাক্সিমাম সার্পোট নেয়। বিদ্যুৎ ব্যবহারে আমেরিকাকে অনুকরণ করলে হবে না।”
পাশ্ববর্তী দেশ ভুটান, নেপাল, ভারত ও মিয়ানমার থেকে বিদ্যুৎ আমদানি করা হবে বলেও জানান অর্থমন্ত্রী।
মুহিত জানান, সরকার ২০১৩ সালে পাঁচ হাজার মেগাওয়াট, ২০১৫ সালে সাত হাজার মেগাওয়াট এবং ২০২০ সালে বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল।
বিদ্যুৎ ব্যবহারে বৈপ্লবিক পরিবর্তন এসে গেছে দাবি করে অর্থমন্ত্রী বলেন, আমরা এখনই সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি। ২০১৫ সালে এটা ১২ হাজার মেগাওয়াট এবং ২০১৭-১৮ সালের মধ্যেই এটা ২০ হাজার মেগাওয়াট হবে।
বিদ্যুৎ বিভাগের তথ্যনুযায়ী, দেশে ছয় হাজার ছয়শ মেগওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে পাঁচ হাজার সাতশ থেকে ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে।
চলতি বছরের ৪ অগাস্ট সর্বোচ্চ ছয় হাজার ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়।
বর্তমানে ৬০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব তাপস কুমার রায়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চোধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব আবুল কালাম আজাদ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।
