২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরের ২৩ উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রকল্প

দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ২৩ উপজেলার পল্লী এলাকায় সড়ক যোগাযোগ অবকাঠামো নির্মাণ করে কৃষিপণ্য বাজারজাত সুবিধা সৃষ্টির জন্য এক হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ের প্রকল্প অনুমোদন করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 01:42 AM

Updated : 02 Aug 2022, 11:56 AM

প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার ঢাকার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‍যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিকল্পনামন্ত্রী বলেন, রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ২৩ উপজেলার পল্লী এলাকায় আধুনিক নাগরিক সুবিধা এবং কৃষি ও অকৃষি পণ্য বাজারজাতের সুযোগ তৈরির জন্য ‘বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এক হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে ২০২৫ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

প্রকল্প প্রস্তাবে বলা হয়, প্রকল্পটির মাধ্যমে উত্তরের তিন জেলার ২৩ উপজেলার প্রায় ৩৮৬ কিলোমিটার ইউনিয়ন সড়ক, গ্রাম সড়ক উন্নয়ন ৯৩২ কিলোমিটার, গ্রামীণ সড়কে সেতু নির্মাণ প্রায় ৩৮৩ মিটার, এবং ১৯ কিলোমিটার উপজেলা সড়ক নির্মাণ করা হবে।

মন্ত্রী জানান, বৈঠেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল প্রকল্পের মেয়াদ দেড় বছর বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত মেয়াদ এবং প্রায় ১১ হাজার ৪৮৭ কোটি টাকা ব্যয় বাড়ানো অনুমোদন দেওয়া হয়েছে।

এখন এই মেট্রো রেলের দৈর্ঘ্য বাড়বে ১ দশমিক ১৬ কিলোমিটার। এই প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা।

এক প্রশ্নের উত্তরে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, মেট্রোরেলের দৈর্ঘ্য প্রায় ১ দশমিক ১৬ কিলোমিটার বাড়ানোর পাশাপাশি বেশ কয়েকটি স্টেশন প্লাজায় পার্কিং সুবিধা তৈরি ও যাত্রীর চলাফেরার সুবিধা বৃদ্ধির জন্য আরও বেশি কিছু জমি অধিগ্রহণ করতে হবে। এসবক কারণে প্রকল্পটি ব্যয় বাড়ছে।

একনেক বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী বলেন, “বৈঠকে ১৫ হাজার ৮৫৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ের মোট ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এই ব্যয়ের মধ্যে ১২ হাজার ৪৪৪ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে প্রায় ৩ হাজার ২৭৮ কোটি টাকা এবং ১৩৪ কোটি ৫৭ লাখ টাকা সংস্থার নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে।

প্রকল্পগুলো

>> ‘চট্টগ্রাম-রাঙ্গামাটি জাতীয় মহাসড়ক এর হাটহাজারী থেকে রাউজান পর্যন্ত সড়কাংশ ৪-লেনে উন্নীতকরণ (১ম সংশোধিত) প্রকল্প; ব্যয়- ১০৪ কোটি ৬৯ লাখ টাকা।

>> ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রান্সজিট ডেভেলপমেন্ট (লাইন-৬) (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প; ব্যয় বাড়ছে প্রায় ১১ হাজার ৪৮৭ কোটি টাকা।

>> ‘নরসিংদী সড়ক বিভাগ এর আওতায় ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী সড়ক ও নয়াপাড়া-আড়াইহাজার-নরসিংদী-রায়পুরা দুইটি আঞ্চলিক মহাসড়ক যথাযথমানে প্রশস্ততায়  উন্নীতকরণ প্রকল্প; ব্যয় ৯৮৪ কোটি ৮৫ লাখ টাকা।

>> ‘ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ’ প্রকল্প; ব্যয়- ৫৫৩ কোটি ১৬ লাখ টাকা।

>> ‘ইলেকট্রনিক ডেটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচি (ইপিসিবিসিএসপি) (২য় সংশোধিত) প্রকল্প; ব্যয় বাড়ছে ১২৯ কোটি ৬৭ লাখ টাকা।

>> ‘খাগড়াছড়ি শহর ও তৎসংলগ্ন অবকাঠামো নদীভাঙন থেকে সংরক্ষণ প্রকল্প, ব্যয়; ৫৮৬ কোটি টাকা এবং

>> ‘উপজেলা গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট (ইউজিডিপি) (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প; এতে ব্যয় বাড়ছে ২১১ কোটি ৫০ লাখ টাকা।