এসএমইতে ২৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল
কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের ঋণ দিতে ২৫ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
তহবিলটির নাম দেওয়া হয়েছে ‘সিএমএসএমই খাতে মেয়াদি ঋণের বিপরীতে পুনঃঅর্থায়ন স্কিম’।
মঙ্গলবার সাকুর্লারের মাধ্যমে তহবিলটির বিষয়ে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের জানানো হয়েছে।
সম্পূর্ণ কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে গঠিত এ তহবিল থেকে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের এই তহবিল থেকে ২ শতাংশ সুদে অর্থ নিয়ে উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করবে।
প্রাথমিকভাবে স্কিমটির মেয়াদ হবে ৩ বছর। আর গ্রাহক পর্যায়ে গ্রেস পিরিয়ডসহ ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ৫ বছর। তহবিলের আকার ২৫ হাজার কোটি হলেও প্রয়োজনে তা বাড়ানো হবে।
উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করতে ক্লাস্টারভিত্তিক তালিকা তৈরি করে মোট ঋণ বিতরণের হার নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘সিএমএসএমই খাত দেশের কর্মসংস্থানে বড় ভূমিকা রাখে। কেন্দ্রীয় ব্যাংকে যোগদানের প্রথম দিনই গভর্নর আব্দুর রউফ তালুকদার এ খাতকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে বলেছিলেন। তার অংশ হিসেব আবর্তনশীল এ তহবিলটি গঠনে নারী উদ্যোক্তাদের আরও ঋণ দেওয়ার সুযোগ তৈরি হবে।’’
নারী উদ্যোক্তা, বিশেষ চাহিদাসম্পন্ন উদ্যোক্তা এবং যে কোন দুর্যোগে (যেমন: নদী ভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মঙ্গা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভবনধস, কোভিড-১৯ এর মত অতিমারী ইত্যাদি) ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের অগ্রাধিকারভিত্তিতে এ স্কিমের আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা দিতে হবে বলে সাকুর্লারে উল্লেখ করা হয়।
বিতরণ করা মোট ঋণের ন্যূনতম ৭০ শতাংশ উৎপাদন ও সেবা খাতে এবং সর্বোচ্চ ৩০ শতাংশ ব্যবসা খাতে প্রদান করতে বলা হয়েছে।
এর মধ্যে ন্যূনতম ৭৫ শতাংশ কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে এবং সর্বোচ্চ ২৫ শতাংশ মাঝারি উদ্যোক্তাদের মাঝে বিতরণ করতে সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সাধারণত পূনঅর্থায়ন স্কিম সুবিধা গ্রহণ করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হতে হয়।
সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্টান এ চুক্তিতে আবদ্ধ হতে পারে। কিন্তু এবার রাষ্ট্রীয় ব্যাংকের বেলায় এই সুবিধা বহাল রাখা হলেও বেসরকারি, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য শর্ত যোগ করে দিয়েছে।
শর্তে বলা হয়, কোনো ব্যাংকের শ্রেণিকৃত ঋণ/বিনিয়োগের হার ১০ শতাংশের কম হতে হবে, ন্যূনতম ৩ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে।
আর পুনঃঅর্থায়ন সুবিধা নেওয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণ-আমানত অনুপাত, তারল্য অবস্থাসহ একাধিক সূচক বিবেচনায় নেবে কেন্দ্রীয় ব্যাংক।
শাখা, উপশাখার পাশাপাশি এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) মাধ্যমে এ ঋণ বিতরণ করা যাবে বলে উল্লেখ করা হয়।
ক্লাস্টার তালিকার মধ্যে রয়েছে- কৃষি/খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক শিল্প, তৈরি পোশাক শিল্প, নিটওয়্যার, ডিজাইন ও সাজসজ্জা, আইসিটি, চামড়া ও চামড়াজাত পণ্য শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং, পাট ও পাটজাত শিল্প।
অগ্রাধিকার ক্লাস্টারগুলোর মধ্যে রাখা হয়েছে- প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক্স শিল্প, পর্যটন শিল্প, হোম টেক্সটাইল সামগ্রী, নবায়নযোগ্য শক্তি (সোলার পাওয়ার), অটোমোবাইল প্রস্তুত ও মেরামতকারী শিল্প, তাঁত, হস্ত ও কারুশিল্প, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি (এলইডি, সিএফএল বাল্ব উৎপাদন)/ইলেকট্রনিক যন্ত্রপাতি নির্মাণ শিল্প/ ইলেকট্রনিক মেটেরিয়াল উন্নয়ন শিল্প, জুয়েলারি, খেলনা তৈরি, প্রসাধনী ও টয়লেট্রিজ শিল্প, আগর শিল্প, আসবাবপত্র শিল্প ও ইল/কম্পিউটার/টেলিভিশন সার্ভিস খাত।
