২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্বের প্রথম দিনই ব্যস্ত সূচি গভর্নরের

বাংলাদেশ ব্যাংকের দ্বাদশ গভর্নর হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন সাবেক অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, প্রথম দিনই ব্যস্ত সময় পার করছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2022, 12:47 PM

Updated : 14 Jul 2022, 07:02 PM

মঙ্গলবার বেলা ১০টায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের গাড়িতে চড়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের মূল ভবনের সামেন পৌঁছান আব্দুর রউফ।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও গভর্নরের দপ্তরের কর্মকর্তারা ফুল দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের সামনে জাতির পিতার আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ভেতরে প্রবেশ করেন আব্দুর রউফ। গভর্নরের অফিস কক্ষে প্রবেশ করে যোগদানপত্রে সই করেন।

গভর্নরের দায়িত্ব পাওয়ার আগে অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ছিলেন আব্দুর রউফ তালুকদার। সচিব থাকা অবস্থায় গত ১১ জুন তাকে গভর্নরের দায়িত্ব দিয়ে পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়।

যোগদানের আনুষ্ঠানিকতা সেরে রউফ তালুকদার বৈঠক করবেন ডেপুটি গভর্নরদের সঙ্গে। এরপর নির্বাহী পরিচালক, পরিচালক (সাবেক জিএম পদ) পদ মর্যাদার কর্মকর্তাদের সঙ্গে বসবেন।

কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সংগঠন ও সমিতির নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।

নতুন গর্ভনরের সঙ্গে দেখা করতে মঙ্গলবার সময় নিয়েছে বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।

সময় নিয়েছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরাও। দিনের শেষে বিকাল ৫টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন গভর্নর।

আব্দুর রউফ তালুকদার গভর্নরের দায়িত্বে ফজলে কবিরের স্থলাভিষিক্ত হলেন। তিন মেয়াদে ৬ বছর ৩ মাস দায়িত্ব পালন শেষে গত ৩ জুলাই বিদায় নেন ফজলে কবির।

রউফ তালুকদার সরকারি কর্মকর্তা হওয়ায় পদত্যাগ সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ করতে তার সময় লেগে যায়। ফলে মাঝে আট দিন গভর্নরহীন ছিল কেন্দ্রীয় ব্যাংক।