২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতির সরকারি তথ্য বিভ্রান্তিকর: সানেম

মূল্যস্ফীতি নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে প্রতিবেদন দিচ্ছে, তাতে ‘বাস্তবতার প্রতিফলন’ দেখতে পাচ্ছে না বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং-সানেম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 07:35 PM

Updated : 02 Aug 2022, 03:02 PM

সংস্থার নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, জানুয়ারি মাসে বিবিএস পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ৫ দশমিক ৮৬ শতাংশ মূল্যস্ফীতির হিসাব দিলেও সানেম শহর এলাকার চার শ্রেণির মানুষের জীবন মানের তথ্য হিসাব করে ১১ দশমিক ৩৬ শতাংশ মূল্যস্ফীতি পেয়েছে। আর গ্রামে তা হয়েছে ১১ দশমিক ২১ শতাংশ।

একইভাবে ফেব্রুয়ারি মাসে তাদের হিসাবে শহরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৪৭ শতাংশ এবং গ্রামাঞ্চলে হয়েছে ১২ দশমিক ১০ শতাংশ।

পোশাক শ্রমিক, দিনমজুর, রিকশা ও ভ্যান চালক এবং ছোট ব্যবসায়ী- এই চার শ্রেণির মানুষের জীবনধারণ প্রবণতার তথ্য নিয়ে মূল্যস্ফীতির এই হিসাব করা হয়েছে বলে জানান সেলিম।

তিনি বলেন, ২০১৮ সালে সানেম ও পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত ১০ হাজার ৫০০টি পরিবারের দেশব্যাপী সমীক্ষার বিশদ তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়েছে এই হিসাব করার ক্ষেত্রে।

“২০১৮ সালের ওই সমীক্ষার তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে আমরা প্রান্তিক গোষ্ঠীগুলোর জন্য একটি সাধারণ খাদ্যসামগ্রীর তালিকা বা ফুড কনজাম্পশন বাস্কেট তৈরি করেছি। এই তালিকার প্রতিটি সামগ্রীর জন্য আমরা নতুন করে প্রতিমান গণনা করেছি।

“এই তালিকা বা ফুড বাস্কেটের ওপর ভিত্তি করে সরকারের কৃষি বিপণন বিভাগ এবং ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সংগৃহীত খুচরা মূল্যের উপাত্তের ভিত্তিতে আমরা মাসিক পয়েন্ট টু পয়েন্ট খাদ্য মূল্য সূচক এবং খাদ্য মূল্যস্ফীতির হার হিসাব করা হয়েছে।”

বিবিএস ২০০৫-০৬ অর্থবছরে পরিচালিত খানা আয়-ব্যয় জরিপকে ভিত্তি ধরে ভোক্তা মূল্য সূচক তৈরি করে বলে মূল্যস্ফীতির প্রতিবেদনে এখন ওই ‘অযৌক্তিক তথ্য’ আসছে বলে মন্তব্য করেন সানেমের নির্বাহী পরিচালক।

তিনি বলেন, ২০১৫-১৬ অর্থবছরে আরেকটি খানা আয়-ব্যয় জরিপ পরিচালনা করা হয়েছে। ২০১৭ সাল থেকেই সেই জরিপের তথ্য ব্যবহার করা সম্ভব।

“অথচ তুলনামূলক সেই আপডেটেড উপাত্ত কেন ব্যবহার করছে না, সেটি স্পষ্ট নয়।”

সেলিম রায়হান বলেন, দেশে ও আন্তর্জাতিক বাজারে যেভাবে খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্যের দাম বাড়ছে তার প্রভাব বিবিএসের হিসাবে দেখা যাচ্ছে না।

“বেশ কয়েকমাস আগে থেকেই বিশ্ববাজার এবং দেশীয় বাজারে প্রায় সকল ধরনের খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি পেলেও বিবিএসের হিসাবে গত ডিসেম্বরের তুলনায় জানুয়ারি মাসে কমে গেছে।”

তিনি বলেন, “বিবিএস এর হিসাবে জানুয়ারি মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে খাদ্য খাতে সামান্য কিছু বেড়েছে উল্লেখ করলেও খাদ্য বহির্ভূত খাতে কমে গেছে। এগুলোর ঠিক ব্যাখ্যাটা মেলানো যায় না।

“বিবিএস এর জানুয়ারি মাসের হিসাবে খাদ্য খাতে সামান্য কিছু বেড়েছে। কিন্তু সাধারণভাবে গ্রামাঞ্চলেও কমেছে। এমনকি শহরাঞ্চলেও সাধারণ মূল্যস্ফীতি কমেছে। তাদের হিসাব অনুযায়ী জানুয়ারি মাসেও শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি ৫ শতাংশের নীচে দেখাচ্ছে। ওই মাসে গ্রামাঞ্চলের খাদ্য মূল্যস্ফীতি ৬ শতাংশের মত দেখিয়েছে।

সরকারি এই তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ”টিসিবি ট্রাকের পেছনে যে লম্বা লাইন দেখছি, এগুলো কিন্তু কোনও উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এটাই বাস্তবতা।

“কিন্তু এমন পরিস্থিতিতে যদি বিবিএস আমাদের বলে যে মূল্যস্ফীতি হচ্ছে এটা উদ্বেগজনক নয় এবং মূল্যস্ফীতি মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আছে- আমাদেরকে সেই জিনিসটা ভাবায়। এই ভাবনা থেকেই আপনাদের সামনে বিষয়টা তুলে ধরা। “

সানেমের নির্বাহী পরিচালক বলেন, “সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে প্রায় সকল ধরনের মূল্য বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে পৃথিবীর সকল দেশেই উচ্চ মূল্যস্ফীতি হচ্ছে। একইভাবে বাংলাদেশের বাজারেও সকল ধরনের পণ্যের দাম বৃদ্ধির পরও সরকারের পক্ষ থেকে সহনীয় মূল্যস্ফীতি বলে যে তথ্য দিচ্ছে, এটা বিভ্রান্তিকর।”

‘সরকারি পরিসংখ্যান বনাম প্রান্তিক মানুষের বাস্তবতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে সানেম চেয়ারম্যান অধ্যাপক বজলুল হক খন্দকার বলেন, “গত কয়েক মাস ধরেই আমরা দেখছি টিসিবি‘র ট্রাকের পেছনে মানুষের লাইনগুলো লম্বা হচ্ছে। সেখান থেকেই বোঝা যায় দ্রব্যমূল্য বাড়ছে।

“বিশ্ব খাদ্য সংস্থার হিসাব অনুযায়ী ২০১১ সালের পরে ২০২১ সালে বিশ্বে খাদ্য পণ্যের দাম সবচেয়ে বেশি ২৮ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে। এটা এখনও চলমান রয়েছে। সুতরাং বাংলাদেশ এটার বাইরে থাকার কোনও যৌক্তিক কারণ নাই।”