ডি-৮’র সম্ভাবনা যথেষ্ট: প্রধানমন্ত্রী
উন্নয়নশীল আটটি দেশের সমন্বয়ে গঠিত ডেভেলপমেন্ট-৮ (ডি-৮) একটি শক্তিশালী অর্থনৈতিক জোট হিসেবে গড়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সঙ্গে বুধবার গণভবনে সৌজন্য সাক্ষাতে যান জোটের মহাসচিব ইসিয়াকা আব্দুল কাদির ইমাম। আলোচনায় উভয়ই ডি-৮ এর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (পিটিএ) বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী ও ডি-৮ মহাসচিব সংস্থাটির দেশগুলোর ব্যবসা, অর্থনীতি, বাণিজ্য, পরিবহন, কৃষি, পর্যটন, শিক্ষা ও জ্বালানির মতো বিভিন্ন খাতগুলোর সম্ভাবনাকে কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
ডি-৮ মহাসচিব বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং আইসিটি খাতে এ দেশে যে অগ্রগতি হয়েছে তার ভূয়সী প্রশংসা করেন বলে জানান ইহসানুল করিম।
বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন ডি-৮ মহাসচিব ইসিয়াকা আব্দুল কাদির ইমাম। ছবি-পিআইডি
২০২১ সালের এপ্রিলে বৈশ্বিক মহামারীর মধ্যে ঢাকায় ভার্চুয়ালি দশম ডি-৮ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ। সেসময় সংস্থাটির সভাপতির দায়িত্ব পায় বাংলাদেশ, আগামী দুই বছরের জন্য।
বুধবারের বৈঠকে ডি-৮ মহাসচিব হিসাবে আব্দুল কাদির ইমামের দায়িত্ব নেওয়ায় তাকে ধন্যবাদ জানান বাংলাদেশ সরকার প্রধান। দশম ডি-৮ সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হওয়ায় এ সময় সন্তোষ প্রকাশ করেন তিনি।
আগামী দিনগুলোতে বাংলাদেশের সভাপতিত্বে ডি-৮ এর গুরুত্বপূর্ণ আয়োজনগুলো পরিচালনায় বাংলাদেশের পূর্ণ প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন শেখ হাসিনা।
বৈঠকে অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং মুখ্য সচিব আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।
