২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধান উৎপাদন বাড়াতে ব্রি-৮৯ ও ব্রি-৯২ চাষে জোর

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয় ব্রি-৮৯ ও ব্রি-৯২ ধানের আবাদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে, যে দুটি জাত থেকে প্রতি শতাংশ জমিতে প্রায় এক মণ ধান পাওয়া যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2022, 05:39 PM

Updated : 02 Aug 2022, 02:49 PM

বৃহস্পতিবার সচিবালয়ে অতি উচ্চফলনশীল ইনব্রিড ও সুপার হাইব্রিড জাতের ধনের আবাদ বৃদ্ধি সংক্রান্ত  এক সভা শেষে সাংবাদিকদের  এ কথা জানান কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। 

তিনি বলেন, “দেশে এই আমনের মৌসুমে নবান্নের সময়ও চালের দাম বাড়ছে। এ বছর আউশ, বোরো ও আমনে রেকর্ড উৎপাদন হয়েছে। সরকারি মজুদও সর্বকালের সর্বোচ্চ, তারপরও চালের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

“এ অবস্থায় চালের মূল্য নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হলে দ্রুত চালের উৎপাদন বাড়াতে হবে। এটি করতে হলে অতি উচ্চফলনশীল ইনব্রিড ও সুপার হাইব্রিড জাতের আবাদ বাড়াতে হবে।”

আগামী বোরো, আউশ, আমন মৌসুমে ধানের উৎপাদন বাড়াতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, নতুন উদ্ভাবিত অতি উচ্চ ফলনশীল ব্রি-৮৯ ও ব্রি-৯২ বোরো জাতের ধানের উৎপাদন প্রতি শতাংশে প্রায় এক মণ হয়।

“এটাকে দ্রুত মাঠে নিতে এবার বোরোতে ব্রি ৮৯ ও ৯২ যেসব কৃষক চাষ করবে, তাদের তালিকা করে উৎপদিত ধানের সবটুকু বাজারমূল্যের চেয়ে বেশি দামে বীজ হিসেবে কিনে নেওয়া হবে, যাতে বীজ সংকট না হয়। চাষিদের কাছে জনপ্রিয় করতে বিনামূল্যে বীজ দেওয়া হবে, সারের দাম আরও কমিয়ে দেওয়া হবে।”

চালের চাহিদার সঠিক পরিসংখ্যান রাখার ওপর উপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, “সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য দেশে চালের চাহিদা, উৎপাদন ও উৎপাদনশীলতা নিয়ে পরিসংখ্যানগত অসঙ্গতি দূর করতে হবে। বিবিএস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে এ বিষয়ে আরও নির্ভরযোগ্য পরিসংখ্যান বের করতে হবে।”

চালের দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে কৃষিমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক বাজারেও খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। যে গমের দাম টনপ্রতি ২৩০-২৮০ ডলারের মধ্যে ছিল, তা বেড়ে এখন ৪৫০ ডলারে দাঁড়িয়েছে।”

মন্ত্রী তথ্য দেন, ২০২০-২১ অর্থবছরে দেশে গম আমদানি হয়েছিল ৪৮ লাখ টন, আর এ অর্থবছরে জানুয়ারি পর্যন্ত আমদানি হয়েছে মাত্র ১৬ লাখ টন।

“দাম বাড়ার কারণে গম আমদানি কম হচ্ছে। ফলে আটা, ময়দার দাম চালের চেয়ে বেশি, অথচ সব সময় আটার দাম চালের চেয়ে কম থাকে। এছাড়া দেশে ১০ লাখ রোহিঙ্গা রয়েছে। প্রতিবছর ২২-২৪ লাখ নতুন মুখ যোগ হচ্ছে। প্রাণি-মৎস্যের খাদ্য হিসেবেও চালের কিছু ব্যবহার হচ্ছে।

“মানুষের আয় এবং জীবনযাত্রার মানও বেড়েছে। এসব মিলে চালের চাহিদা ও ভোগ দিন দিন বাড়ছে। ফলে, চালের দাম কিছুটা বেশি, তবে এই মুহূর্তে দেশে খাদ্যের কোনো সংকট নেই।”

কৃষি সচিব ম. সায়েদুল ইসলাম, বেসরকারি সীড অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।