২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁচা পাট এক মাসের বেশি মজুদ করলেই ব্যবস্থা: পাটমন্ত্রী

ডিলার বা আড়তদাররা এক হাজার মণের বেশি কাঁচা পাট এক মাসের বেশি সময় ধরে মজুদ করতে পারবেন না, নিয়মের বত্যয় ঘটলেই বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে হুঁশিয়ার করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2022, 06:40 PM

Updated : 25 Oct 2022, 10:11 AM

সোমবার দুপুরে সচিবালয়ে এক বৈঠকে তিনি বলেন, সম্প্রতি দেশে কাঁচাপাটের সংকট হওয়ায় পাটকলগুলো উৎপাদন ঝুঁকিতে পড়েছে।

“এ অবস্থায় দেশের বাজারে প্রয়োজনীয় কাঁচাপাট সরবরাহ নিশ্চিত করতে এবং পাট ও পাটজাত পণ্য রপ্তানির ধারা বেগবান করার লক্ষ্যে নিয়মবর্হিভূত মজুদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করবে সরকার।”

সচিবালয়ে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ), বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) এবং বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে এদিন বৈঠক করেন বস্ত্র ও পাটমন্ত্রী।

তিনি বলেন, ‘লাইসেন্সবিহীন অসাধু ব্যবসায়ীদের’ কাঁচাপাট কেনা-বেচা ও মজুদ করা থেকে বিরত রাখা; ভেজা পাট কেনাবেচা রোধ করা; বাজারে কাঁচাপাটের সরবরাহ নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য পাট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি পাট মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী পাট চাষ নিশ্চিত করতে বীজ সরবরাহ স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও বলেন মন্ত্রী।

Image
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ফাইল ছবি

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ফাইল ছবি

তিনি জানান, মানসম্মত পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে পাঁচ বছরের জন্য কৃষি মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় যৌথ উদ্যোগে একটি রোডম্যাপ তৈরি করেছে ।

“সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ উন্নত পাট বীজ উৎপাদনে স্বনির্ভর হবে।”

গোলাম দস্তগীর বলেন, প্রয়োজনীয় পাট বীজ সংগ্রহে আমদানি নির্ভরতা তখন আর থাকবে না। চলতি পাট মৌসুম থেকে রোডম্যাপ বাস্তবায়ন শুরু হবে, ধাপে ধাপে তা আগামী পাঁচ বছরে শতভাগ বাস্তবায়ন করা হবে।

পাট মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চফলনশীল পাট বীজ উৎপাদনের জন্য কৃষকদের মানসম্মত পাট উৎপাদনে উদ্ধুদ্ধ করা এবং তাদের সহায়তা দেওয়ার লক্ষ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ শীর্ষক একটি প্রকল্প চলমান রয়েছে।

দেশের ৪৬ জেলার ২৩০টি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর অধীনে তালিকাভুক্ত সকল পাটচাষীকে বিনামূল্যে উফশী জাতের পাট বীজ, সার (ইউরিয়া, টিএসপি ও এমপিও) এবং বালাইনাশকসহ কৃষি যন্ত্রপাতি দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি ২০২১-২০২২ অর্থ বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৬৯৮ মিলিয়ন ডলার আয় করেছে। রপ্তানি আয়ে পাটখাত এখন চামড়াকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিবুর রহমান, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, বাংলাদেশ জুট মিলস্ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. আবুল হোসেন, বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন সচিবালয়ে এ বৈঠকে উপস্থিত ছিলেন।

পুরনো খবর

পলিথিন ‘ঠেকাতে’ অভিযানের নির্দেশ পাটমন্ত্রীর