২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭৬৯ কোটি টাকার জ্বালানি তেল আমদানিতে সায়

চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর নাগাদ দুই হাজার ৭৬৯ কোটি টাকায় ১১ লাখ ১০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে ক্রয় প্রস্তাবে সায় দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2020, 06:54 PM

Updated : 18 Aug 2022, 03:30 PM

বুধবার কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের বাইরে থাকায় ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী।

বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে মেয়াদী চুক্তির আওতায় পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর প্রান্তিকের জন্য দুই হাজার ৭৬৯ কোটি টাকা তেল আমদানি করবে সরকার। থাইল্যান্ড, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে এসব তেল আমদানির করার অনুমোদন দেওয়া হয়েছে।

গ্যাস ওয়েল ৮ লাখ ৮০ হাজার মেট্রিক টন, জেড ওয়ান ১ লাখ ১০ হাজার মেট্রিক টন, মোটর গ্যাস ৬০ হাজার মেট্রিক টন এবং ফার্নেস ওয়েল ৬০ হাজার মেট্রিক টন আমদানি করা হবে বলে জানান নাসিমা বেগম।  

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এছাড়া বৈঠকে আরো ৭টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে জানান নাসিমা বেগম।

নাসিমা বেগম বলেন, সভায় রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদিতে হয়েছে। এ প্রস্তাবের আওতায় ৩৪৫ কোটি টাকা ব্যয়ে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন সার সরবরাহ করবে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন।”

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় ‘প্রোকিউরমেন্ট অব ইকুইপমেন্ট ফর ইমপ্লিমেনটেশন অব প্রি-ভোকেশনাল এ্যান্ড ভোকেশনাল প্রোগ্রাম সংক্রান্ত ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে জানিয়ে নাসিমা বলেন, ৯৬ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে জয়েনভেঞ্জারে এসব পণ্য সরবরাহের কাজ পেয়েছে ফ্লোরা টেলিকম লিমিটেড।

সভায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের দুটি প্যাকেজের ক্রয় প্রস্তাব অনুমোদন হয়েছে জানিয়ে নাসিমা বেগম বলেন, “সাবমেরিন কেবলে নেটওয়ার্ক সম্প্রসারণে ২৯ কোটি ৭৯ লাখ টাকা ব্যয় পণ্য সরবরাহের কাজ পেয়েছে বিআরবি কেবলস লিমিটেড।

‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ’ শীর্ষক প্রকল্পের আওতায় একটি প্যাকেজের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয় সভায়।

১৫৪ লাখ ৮১ কোটি টাকা ব্যয়ে এ প্যাকেজটি বাস্তবায়নে যৌথভাবে কাজ পেয়েছে একতা পাওয়ার লিমিটেড, ভিকার ইলেকট্রিক্যাল লিমিটেড এবং পাসা ট্রান্সফারমার লিমিটেড।

অতিরিক্ত সচিব জানান, চলতি ২০২০-২১ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের চুক্তিবদ্ধ ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদনের ক্ষমতা শিল্পমন্ত্রীকে প্রদানের প্রস্তাব অনুমোদন হয়েছে।

৫৫ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ১ম লটের ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব বুধবার কমিটি অনুমেোদন দিয়েছে।

প্রতিমাসে অন্তত দুটি করে আরও ১৭ টি লটে বাকি সার আমদানি করা হবে এবং সাড়ে ৫ লাখ মেট্রিক টন ইউরিয়া সার নিরবচ্ছিন্নভাবে আমদানিতে লট ভিত্তিক মূল্য ৫০ কোটি টাকার উর্ধ্বে গেলেও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আলাদা আলাদা অনুমোদনের পরিবর্তে বিশেষ বিবেচনায় এ বছরের অন্য সব লটের অনুমোদনের ক্ষমতা শিল্পমন্ত্রীকে প্রদান করেছে বলে জানান অতিরিক্ত সচিব।

বৈঠকে নৌ-মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প, শীর্ষক প্রকল্পের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অংশের ডিজাইন, টেন্ডার এ্যাসিসটেন্স এবং কনস্ট্রাকশন সুপারভিশনের জন্য পরামর্শক নিয়োগ সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়।

এ পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জাপানের নিপ্পন কোই কোম্পানিকে । এতে সরকারের খরচ হবে ২৩৪ কোটি ৩ লাখ টাকা।

‘কক্সবাজার জেলায় ক্ষতিগ্রস্ত পোল্ডারসমূহের পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের আওতায় বাঁধ পুনঃনির্মাণ ও প্রতিরক্ষামূলক কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদিত হয় সভায়। আগে এ কাজে ব্যয় ধরা হয়েছিলো ১৫৬ কোটি ৯৯ লাখ টাকা। এখন ১ কোটি ৬১ লাখ টাকা বেড়ে এ কাজে ব্যয় হবে ১৫৮ কোটি ৬০ লাখ টাকা।