নতুন ১০০০ টাকার নোট বাজারে
হলোগ্রাফিক নিরাপত্তা সুতাযুক্ত ১০০০ টাকার নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বোচ্চ মূল্যমানের ব্যাংক নোট হিসেবে ১০০০ টাকা মূল্যমান নোটের নিরাপত্তা আর জোরদার করা হয়েছে।
বর্তমানে ১ হাজার টাকার যে নোট বাজারে রয়েছে, তার সঙ্গে নতুন নোটে নকশায় কোনো অমিল নেই। শুধু রং পরিবর্তনশীল হলোগ্রাফিক নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে।
সোমবার হতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে্ নতুন এই নোট ইস্যু করা হয়েছে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “নতুন নিরাপত্তা সুতাটি ইতোপূর্বে প্রচলনে থাকা নোটের নিরাপত্তা সুতা অপেক্ষা উন্নততর, যা নোট জালকরণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।”
নতুন এ নিরাপত্তা সুতাটি ৫ মিলিমিটার প্রশস্ত এবং নোটে নিরাপত্তা সুতার ৪টি অংশ (উইন্ডো) দৃশ্যমান থাকবে। নতুন নিরাপত্তা সুতাটি নখের আঁচড়ে বা মুচড়িয়ে সহজে উঠানো সম্ভবপর হবে না।
নোটটি কাত করলে নিরাপত্তা সুতার রং সোনালি থেকে হালকা সবুজ ও গাঢ় সবুজ রংয়ে পরিবর্তিত হবে এবং উজ্জ্বল রংধনুর রংয়ের বারে রূপান্তরিত হয়ে উপর থেকে নিচে চলতে দেখা যাবে।
নতুন এই নোটের পাশাপাশি বর্তমানে বাজারে থাকা ১০০০ টাকা মূল্যমানের অন্যান্য নোট বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকবে বলেও বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।
