কৃষকদের সহায়তায় অর্থ জোগানোর উদ্যোগ ‘আমরা করব জয়’
করোনাভাইরাস মহামারীর অভিঘাত মোকাবেলায় দেশের কৃষকদের সহায়তায় ‘আমরা করব জয়’ নামের একটি তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে ‘গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি’ ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’।
বৃহস্পতিবার প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিরা এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন আহমেদ এবং নগদ এর ব্যবস্থাপনা পরিচালক তানভির এ মিশুক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হক উপস্থিত ছিলেন।
ফারজানা চৌধুরী বলেন, “দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী কৃষির উপর নির্ভরশীল। তাদের রক্ষা করে ধারাবাহিক সমৃদ্ধি এবং খাদ্য সুরক্ষার জন্য আমরা এই অর্থ সংগ্রহ প্ল্যাটফর্মটি চালু করছি।
“আমি বিশ্বাস করি, দেশ-বিদেশ থেকে আমাদের দেশবাসীর সহায়তায় আমরা এই সংকটটি কাটিয়ে উঠতে পারব।”
নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভির বলেন, “আমরা একটি কৃষিনির্ভর দেশ, এবং এই বৈশ্বিক সঙ্কটের সময় আমাদের বড় কর্তব্য দেশকে বাঁচাতে কৃষকদের বাঁচানো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠব।”
অনুষ্ঠানে জানানো হয়, ‘আমরা করব জয়’ শিরোনামে তহবিল সংগ্রহের উদ্যোগে amrakorbojoy.net ওয়েবসাইটের মাধ্যমে অনুদান গ্রহণ করবে।
এই ওয়েবসাইটে ক্রেডিট এবং ডেবিট কার্ডের পাশাপাশি একাধিক এমএফএস প্ল্যাটফর্ম, যেমন নগদসহ একাধিক প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ দেওয়া যাবে।
আগামী ৩ মে থেকে এই তহবিল সংগ্রহ শুরু হবে এবং ১৫ দিনের জন্য (১৭ মে পর্যন্ত) অব্যাহত থাকবে।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এবং এর সহায়ক সংস্থাগুলো ইতোমধ্যে এই প্ল্যাটফর্মে তাদের ১ দিনের বেতনের সমপরিমাণ দান করেছে।
অনুদান সংগ্রহ শেষে এই অর্থ নগদের লেনদেনমূলক পরিষেবার মাধ্যমে ঈদ-উল-ফিতরের আগে কৃষকদের দেওয়া হবে বলে জানানো হয়েছে।
