২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য রেশনিং চালুর দাবি

নভেল করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষায় চলমান লকডাউনে ‘টিকে থাকার চ্যালেঞ্জে পড়া’ প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় বিশেষ বরাদ্দ ও রেশনিং চালুর দাবি জানিয়েছে খাদ্য অধিকার বাংলাদেশ নেটওয়ার্ক নামের একটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2020, 10:37 PM

Updated : 18 Aug 2022, 02:50 PM

খাদ্য ও পুষ্টি নিয়ে কাজ করা নাগরিক সমাজের সংগঠন খাদ্য অধিকার বাংলাদেশ নেটওয়ার্কের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ ও সাধারণ সম্পাদক মহসিন আলী এক যৌথ বিবৃতিতে এই দাবি জানিয়েছেন।

নভেল করোনাভাইরাসের বিরূপ প্রভাব মোকাবেলায় ৭২ হাজার ৫০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে তাতে খেটে খাওয়া মানুষের জন্য প্রণোদনা আসেনি বলে অভিমত দিয়ে বিবৃতিতে বলা হয়, প্রান্তিক দরিদ্র মানুষের জীবন-জীবিকা এখন ‘চ্যালেঞ্জের সম্মুখীন’।

“বিভিন্ন সেক্টরের জন্য প্রণোদনা হিসেবে নির্ধারিত বরাদ্দ হলেও দরিদ্র জনগোষ্ঠীর জন্য সবচেয়ে প্রয়োজনীয় সামাজিক সুরক্ষা কার্যক্রমের বাজটে এখনও বরাদ্দ করা হয়নি এবং খাদ্যের মূল যোগানদার কৃষক ও কৃষিখাতের জন্য প্রণোদনার কোনো ঘোষণা এখনো আসেনি।”

বিবৃতিতে বলা হয়, “সরকারের পরিসংখ্যান অনুযায়ী ২১.৮% অর্থাৎ ৩ কোটি ৮৫ লক্ষ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, যারা মূলত দিন আনা দিন খাওয়া মানুষ, দেশে করোনার প্রকোপ বৃদ্ধিতে এসব মানুষের জীবন-জীবিকা এখন চ্যালেঞ্জের সম্মুখীন।”

দুর্গতদের জন্য সরকারের দেওয়া ত্রাণ বিতরণে দেশের নানা প্রান্ত থেকে দুর্নীতির অভিযোগ আসছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

এতে বলা হয়, “মাঠ পর্যায়ে খাদ্য সহায়তা প্রদান ও দশ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে। কিন্তু চাহিদার তুলনায় সকল ক্ষেত্রে এর পরিমাণ খুব কম। এ সকল সহায়তার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ বাড়ছে।

“রাজধানীতে করোনাভাইরাস পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা থাকলেও জেলা-উপজেলা পর্যায়ে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেই।  অপরদিকে দেশব্যাপী স্বাভাবিক স্বাস্থ্য সেবা ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে। ফলে সাধারণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সকল শ্রেণির মানুষ। এ প্রেক্ষিতে সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে বয়স্ক মানুষ, নারী ও শিশুরা।” 

এ অবস্থা থেকে উত্তরণের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে খাদ্য অধিকার বাংলাদেশ নেটওয়ার্ক।

# দেশের দুঃস্থ, অতি দরিদ্র থেকে দরিদ্র, শহরের বস্তিবাসী এবং কর্ম ও উপার্জনহীন ৮০ লক্ষ পরিবারের জন্য আগামী জুলাই পর্যন্ত  খাদ্য সামগ্রীর যোগান নিশ্চিত করা।

# অবিলম্বে সামাজিক সুরক্ষা কার্যক্রমের বাজেট বরাদ্দ করা এবং ১০ টাকায় চাল বিক্রিসহ প্রধানমন্ত্রী ঘোষিত সকল কার্যক্রমের বাস্তবায়ন নিশ্চিত করা।

# রাজধানীর পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে করোনাভাইরাস পরীক্ষা ও চিকিৎসা এবং সর্বস্তরে সাধারণ চিকিৎসা সেবা নিশ্চিত করা।

# দেশের প্রান্তিক ও অতিদরিদ্র জনগোষ্ঠীর ৪০ লাখ পরিবারের খাদ্য ও পুষ্টি নিশ্চিত করার জন্য দুর্যোগ পরবর্তী সময়ে রেশনিং ব্যবস্থা চালুর জন্য এখনি প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা।

# আসন্ন বোরো মওসুমে ধান সংগ্রহ এবং খাদ্যসহ কৃষির সব ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখার জন্য অবিলম্বে কৃষি খাতে প্রণোদনার ঘোষণা দেওয়া।

# খাদ্য, চিকিৎসা, প্রণোদনাসহ সব সরকারি ও বেসরকারি সহায়তার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।