হাউজ বিল্ডিংয়ের ঋণে মিথ্যা তথ্যে সাজা বাড়ানোর প্রস্তাব
হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন থেকে ঋণ নিতে মিথ্যা তথ্য দেওয়ার সাজা বাড়ানোর প্রস্তাবে নীতিগতভাবে সায় দিয়েছে সরকার।
‘বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন আইন, ২০১৯’ এ এই প্রস্তাব করা হয়েছে। মন্ত্রিসভা সোমবার এই খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমাবার তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়।
পরে সচিবালয়ে বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রেসিডেনশিয়াল অর্ডার দিয়ে ‘দ্য বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স কর্পোরেনশন অর্ডার ১৯৭৩’ করা হয়েছিল এবং এর ওপর ভিত্তি করে এ প্রতিষ্ঠান চলছিল।
ওই আইনে পরিবর্তন খুবই কম আনা হয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আগের শাস্তি বাড়ানো হয়েছে। ৩২ ধারায় বলা ছিল ‘কর্পোরেশনের কাছ থেকে কেউ যদি ঋণ গ্রহণে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বিবরণী দেন বা জানিয়া শুনিয়া মিথ্যা বিবরণী ব্যবহার করেন বা কর্পোরেশনে যে কোন ধরণের জামানত গ্রহণে প্রবৃত্ত করেন তাহলে দুই বছর কারাদণ্ড, ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
“এখন সেটাকে বৃদ্ধি করে পাঁচ বছর কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাব করা হয়েছে।”
সচিব আরও জানান, কর্পোরেশনের লিখিত সম্মতি ছাড়া যদি কেউ নাম প্রসপেক্টাসে বা বিজ্ঞাপনে ব্যবহার করেন তাহলে তার জন্য শাস্তি আগে ছয় মাস ছিল এবং এক হাজার টাকা জরিমানা ছিল। সেখানে প্রস্তাব করা হয়েছে ৬ মাস কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা।
করপোরেশনের মূলধনও বাড়ানোর প্রস্তাব থাকছে খসড়ায়।
“আগে ১১০ কোটি ছিল অথরাইজড ক্যাপিটাল ও পেইডআপ ক্যাপিটাল ছিল ১১০ কোটি টাকা। সেখানে এক হাজার কোটি টাকা হচ্ছে অথরাইজড ক্যাপিটাল ও ৫০০ কোটি টাকা পেইডআপ ক্যাপিটাল প্রস্তাব করা হয়েছে,” জানান মন্ত্রিপরিষদ সচিব।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ যা ছিল, অর্থাৎ সাতজনেরই রয়ে গেছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “চেয়ারম্যান সরকার কর্তৃক নিয়োগ হবেন আগে, যা ছিল তাই রয়েছে।”
আইনে কিছু শব্দের বানান পরিবর্তন করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন,“এখানে কর্পোরেশন এবং হাউজ বানানে হেরফের করা হয়েছে। খেলাপি ঋণ নতুন সংযোজন করা হয়েছে। কর্পোরেশনের চেয়ারম্যান পরিচালক শব্দ নতুনভাবে ইনসার্ট করা হয়েছে। এই কর্পোরেশনের অফিস হবে ঢাকাতে, সেটিও সংযোজন করা হয়েছে।”
পরিচালকের মেয়াদ সরকারের সন্তুষ্টিক্রমে এক মেয়াদের অনূর্ধ্ব তিন বছর সময়ে বহাল থাকবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
