২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় ফণী: পরিস্থিতি সামালে তৎপর বিদ্যুৎ বিভাগ

ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বিদ্যুৎখাতে বিপর্যয় এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।

রিয়াজুল বাশার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2019, 07:22 PM

Updated : 18 Aug 2022, 05:14 PM

ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ ব্যবস্থাপনার আশু করণীয় নিয়ে বৃহস্পতিবার বিকেলে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান খালেদ মাহমুদ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি ও সতর্কতা নিয়ে রেখেছি আমরা।

“প্রতিটি উৎপাদন কেন্দ্র, সঞ্চালন ও বিতরণ কোম্পানিগুলোকে সতর্কতা ও সার্বক্ষণিক নজরদারির করার নির্দেশ দেওয়া হয়েছে। অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী ঘণ্টায় ১৭৫ থেকে ১৮৫ কিলোমিটারের বেশি গতির বাতাসের শক্তি নিয়ে শুক্রবার সকালে ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করার পর অগ্রসর হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃষ্টি ঝরিয়ে অর্ধেক শক্তি নিয়ে শুক্রবার মধ্যরাতে বাংলাদেশে পৌঁছাতে পারে ফণী। পরে খুলনা, রাজশাহী, রংপুর ও বৃহত্তর ময়মনসিংহের ওপর দিয়ে বাংলাদেশ অতিক্রম করে পৌঁছাতে পারে ভারতের মেঘালয়ে।

ঝড়ের মধ্যে কোথাও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার পরিকল্পনা করা না হলেও উৎপাদন, সঞ্চালন ও বিতরণ কোম্পানিগুলোকে সার্বক্ষণিক নজরদারি রাখতে বলা হয়েছে।

পাশাপাশি উপকূলবর্তী জায়গা বাগেরহাটের রামপাল ও পটুয়াখালীর পায়রায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্ন্ন দুটি বিদ্যুৎকেন্দ্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঝড়ের কারণে কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে গেলে অথবা তার ছিঁড়ে পড়লে তা এড়িয়ে চলার পরামর্শ দিয়ে কন্ট্রোল রুমে জানানোর জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে।  

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আল বেরুনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ন্যাশনাল লোড ডেসপাস সেন্টার (এনএলডিসি) থেকে মনিটরিং আরও জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে। কোথাও সমস্যা হলে ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

ঝড়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে কি না জানতে চাইলে খালেদ মাহমুদ বলেন, “সে ধরনের নির্দেশনা নেই। তবে সব বিদ্যুৎকেন্দ্র, সঞ্চালন ও বিতরণ কোম্পানিগুলোকে মনিটরিং জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।”

তবে যেখানে লাইন ছিঁড়ে যাওয়া বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাবে সেখানকার ফিডার বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি।

সারা দেশে তিন লাখ দেড় হাজার কিলোমটারের বেশি বিদ্যুৎ বিতরণ লাইন রয়েছে। সাধারণত বড় ধরনের ঝড়ের সময় বিতরণ লাইনের ওপর গাছ পড়ে তার ছিঁড়ে মাটিতে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতাহতের ঘটনাও ঘটে। 

বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিদ্যুতের ছেঁড়া তার বা হেলে পড়া বিদ্যুৎ লাইন স্পর্শ না করে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

পিজিসিবির অধীনে সারা দেশে ১১ হাজার সার্কিট কিলোমিটারের বেশি সঞ্চালন লাইন রয়েছে। তবে সঞ্চালন লাইন নিয়ে খুব বেশি চিন্তিত নন আল বেরুনি।

তিনি বলেন, “আমাদের সঞ্চালন লাইনগুলো এমনভাবে তৈরি যা ২০০ কিলোমিটারের বেশি গতিবেগের ঝড় সামাল দিতে পারে।”

এদিকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে রামপালে নির্মাণাধীন বাংলাদেশ ইন্ডিয়া মৈত্রী সুপার থারমাল বিদ্যুৎকেন্দ্র এবং পায়রা সুপার থারমাল বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে।

উপকূলঘেঁষা কয়লাভিত্তিক এ দুটি বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে খালেদ মাহমুদ বলেন, “সেখানে কাজ চলছে। ক্রেন বা অন্যান্য যন্ত্রপাতিগুলো সাবধানে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।”

পল্লী বিদ্যুতেও সতর্কতা

ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় বিশেষ প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিআরইবি।

বৃহস্পতিবারই বিভিন্ন জেলা নিয়ে গঠিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করে করণীয় ঠিক করেছেন আরইবির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঈন উদ্দিন।

আরইবির জনসংযোগ শাখার পরিচালক আনোয়ার হোসেন জানান, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষতির আশঙ্কায় থাকা ১৯টি পবিসে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে সেখানে ১০ জন করে অতিরিক্ত লাইন ক্রু মোতায়েন করা হয়েছে। যেসব এলাকায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম সেসব এলাকা থেকে তাদেরকে বাগেরহাট, ভোলা, সাতক্ষীরা, খুলনাসহ আরও কয়েকটি জেলায় দেওয়া হয়েছে।

এছাড়া এসব এলাকায় জরুরি মুহূর্তের জন্য অতিরিক্ত ট্রান্সফরমার, ফিউজ, কাটআউট রাখা হয়েছে বলেও জানান তিনি।