২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা ও গোমতী সেতুতে এখন স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায়

সেতুতে টোল আদায়ে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হল বাংলাদেশে, যা পণ্য ও যাত্রী পরিবহনে সময় বাঁচাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2019, 05:38 PM

Updated : 18 Aug 2022, 05:13 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা ও মেঘনা-গোমতী সেতুতে মঙ্গলবার স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হয়েছে বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় বলছে, এ প্রক্রিয়ায় টোল দিতে যানবাহনকে টোলপ্লাজায় থামতে হবে না, প্রয়োজন হবে না নগদ অর্থ দেওয়ার। যাত্রী ও পণ্য পরিবহন হবে সময় ও ব্যয় সাশ্রয়ী।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম দুপুরে মেঘনা সেতু টোলপ্লাজায় ‘উইন্ডশিল্ড বেইজড ফার্স্ট ট্র্যাক ইলেক্ট্রনিক টোল কালেকশন বা ইটিসি উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে বলেন, “প্রাথমিক পর্যায়ে মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজায় একটি করে লেইনে এ পদ্ধতি চালু করা হল। জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে লেইন সংখ্যা বাড়ানো হবে।”

আসন্ন ঈদুল ফিতরের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নবনির্মিত মেঘনা ও গোমতী সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান সচিব।

Image
মেঘনা সেতুর টোল প্লাজা (ফাইল ছবি)

মেঘনা সেতুর টোল প্লাজা (ফাইল ছবি)

ইটিসি পদ্ধতিতে গাড়ির সামনের আয়নার উপরিভাগে সংযুক্ত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফআইডি ট্যাগের সঙ্গে টোল গেইটের এন্টেনার সংকেতের মাধ্যমে টোল আদায় হবে।

যানবাহন টোলপ্লাজা পার হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব হতে। টোল আদায়ের পরপরই ক্ষুদে বার্তার মাধ্যমে গ্রাহককে জানিয়ে দেওয়া হবে ব্যাংক হিসাব থেকে টাকা কেটে নেওয়ার তথ্য।

এ প্রক্রিয়াটি শেষ হতে সর্বোচ্চ ১০ সেকেন্ড সময়ের প্রয়োজন হবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।

ইটিসি সেবা গ্রহণের জন্য যানবাহনকে এর আগে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ কাজে প্রাথমিক পর্যায়ে সহযোগিতা দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক।

অনুষ্ঠানে অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার সফিকুল ইসলাম, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতা হোসেন আহমেদ মজুমদার, টোলপ্লাজা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিএনএস’র নির্বাহী পরিচালক জিয়াউল হাসান সারওয়ার।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন ও শিশির কুমার রায়, বিআরটিএ চেয়ারম্যান মো. মশিয়ার রহমানসহ মহাসড়ক ব্যবহার ও ব্যবস্থাপনায় নিয়োজিত সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।