৫০ হাজার মেট্রিক টন গম কেনার প্রস্তাব অনুমোদন
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন গম কেনার একটি প্রস্তাব অনুমোদন করেছে সরকার।
সিঙ্গাপুরের এগ্রো-ক্রপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড প্রতি মেট্রিক টন ২৬৮ ডলার দরে এই গম বাংলাদেশকে সরবরাহ করবে।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
তিনি বলেন, “আমরা বছরে ৫ থেকে সাড়ে ৫ লাখ মেট্রিক টনের মত গম কিনি। এর মধ্যে সাড়ে তিন লাখ টন কিনে ফেলেছি। আজকে ৫০ হাজার টন গম কেনার প্রস্তাব অনুমোদন হয়েছে।
২০১৮-১৯ অর্থবছরের নবম প্যাকেজের আওতায় ওই গম কিনতে মোট ১১৪ কোটি টাকা খরচ হবে জানিয়ে মন্ত্রী বলেন, আগের তুলনায় প্রতি মেট্রিক টনে চার ডলারের মত কম খরচ হবে এবার।
মন্ত্রী জানান, ‘গুরুত্বপূর্ণ ১৫৬টি উপজেলা সদর বা স্থানে ফারায় সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন’ স্থাপর শীর্ষক প্রকল্পের আওতায় ১৫টি প্যাকেজে ৩৪ ধরনের অগ্নি নির্বাপণী ও উদ্ধার সরঞ্জাম কেনার একটি প্রস্তাব এদিন অনুমোদন পেয়েছে। এসজন্য খরচ হবে ৮৮ কোটি ৪৫ লাখ টাকা।
তবে ধানমণ্ডিতে জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্প অনুমোদন পায়নি জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “আমাদের আরো কিছু প্রশ্ন রয়ে গেছে। এ প্রজেক্ট করতে গেলে অনেক নিচে যেতে হবে, চার তলা পর্যন্ত (মাটির) নিচে যেতে হবে। আমাদের দেশে এ ধরনের প্রযুক্তি খুব একটা ব্যবহার হয়নি। যারা এ ধরনের কাজ করে তাদের যুক্ত করা যায় কিনা, আমরা কমিটিকে বলেছি।”
যেখানে এ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে, তার আশপাশে বড় বড় অনেক ভবন থাকায় সেগুলো ক্ষতিগ্রস্ত হবে কি না- তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি জানান, পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই ও পুর্নভবা নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার প্রকল্পের ক্রয় প্রস্তাব বুধবারের সভায় অনুমোদন করা হয়েছে।
এ প্রকল্প বাস্তবায়নে এই এলাকায় ৪৩৭ কিলোমিটার নদীপথে ড্রেজিং করতে হবে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের এ প্রকল্পে খরচ হবে ৪০ কোটি ৯৮ লাখ টাকা।
২০ লাখ পাসপোর্ট বুকলেট ও ২০ লাখ লেমিনেশন ফয়েল কেনার একটি প্রস্তাবও অনুমোদন পেয়েছে এদিন। 'ডে লা রু' নামের যে ব্রিটিশ ঠিকাদারি প্রতিষ্ঠান এখন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরকে পাসপোর্ট সরবরাহ করছে, তাদের মাধ্যমেই আগের চুক্তি মূল্যের এসব সামগ্রী কেনা হবে। তাতে মোট ৪০ কোটি ৭১ লাখ টাকা খরচ হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
