নরসিংদীতে হবে আরেকটি ইউরিয়া কারখানা
কৃষক পর্যায়ে সারের যোগান ঠিক রাখতে সরকার আরও একটি ইউরিয়া সার কারখানা নির্মাণ করতে যাচ্ছে।
নরসিংদীর পলাশে ১০ হাজার ৪৬১ কোটি টাকা ব্যয়ে নতুন এ সার কারখানার নির্মাণ করা হবে।
এজন্য ‘ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রজেক্ট’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
নরসিংদীর পলাশে এই ইউরিয়া সার কারখানার কাছে নির্মিত হবে নতুন আরেকটি কারখানা
মঙ্গলবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা হবে।
পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক বিভাগের একজন কর্মকর্তা বলেন, “এ কারখানায় প্রতিদিন দুই হাজার ৮০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হবে। বার্ষিক উৎপাদন হবে ৯ লাখ ২৪ হাজার টন সার।”
চলতি অর্থবছরে শুরু করে ২০২২ সালের মধ্যে এ কারখানা নির্মাণের কাজ শেষ করতে চায় শিল্প মন্ত্রণালয়।
একনেক সভায় উপস্থাপনের জন্য তৈরি প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, বর্তমানে দেশে ইউরিয়া সারের চাহিদা বছরে ২৬ থেকে ৩০ লাখ টন। বিসিআইসির আওতায় ছয়টি ইউরিয়া সার কারখানা বছরে উৎপাদন করছে নয় থেকে ১০ লাখ টন সার।
সে হিসাবে দেশে ইউরিয়ার ঘাটতি প্রায় ১৭ থেকে ২০ লাখ টন। বিদেশ থেকে ইউরিয়া আমদানি করে এই ঘাটতি পূরণ করতে হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে ইউরিয়া আমদানি কমবে।
শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত এ প্রকল্পটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) বাস্তবায়ন করবে।
প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে এক হাজার ৮৪৪ কোটি টাকা যোগান দেওয়া হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। আর আট হাজার ৬১৭ কোটি টাকা আসবে বিডার্স ফাইন্যান্সিংয়ের মাধ্যমে।
ওই কর্মকর্তা জানান, ঠিকাদার প্রতিষ্ঠান বিদেশি কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করবে। ইতিমধ্যে এ সার কারখানা নির্মাণের জন্য দরপত্রের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানও বাছাই করা হয়েছে।
গত অগাস্টে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এমএইচআই জাপান ও চায়না কনসোর্টিয়ামের ১০২ কোটি ৫৮ লাখ ডলারের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে।
প্রকল্পটির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জেবিআইসি (জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন) এবং নিপ্পন এক্সপোর্ট ইমপোর্ট ইনসুরেন্স (এনইএক্সআই) বিনিয়োগ করবে ৮৮ কোটি ৯৮ লাখ ডলার। এছাড়া ১৩ কোটি ৬০ ডলার ঋণ দেবে ব্যাংক অব টোকিও মিতসুবিসি ইউএফজি (বিটিএমআই) এবং হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি)।
সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, ২০১৪ সালে প্রকল্পটিতে অর্থায়নের আশায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) প্রস্তাব পাঠানো হয়। ইআরডি বিশ্ব ব্যাংক ও জাপানকে অর্থায়ন করতে অনুরোধ জানালে বিশ্ব ব্যাংক অপারগতা জানায়।
তিনি বলেন, জাপান আন্তর্জাতিক সহায়তা সংস্থার (জাইকা) কাছ থেকেও কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে শেষ পর্যন্ত প্রকল্পটি দরদাতাদের স্ব-উদ্যোগে প্রয়োজনীয় বৈদেশিক ঋণসহ অর্থ সংগ্রহের মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।
এ সংক্রান্ত প্রস্তাব ২০১৫ সালের নভেম্বরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভায় অনুমোদনও দেওয়া হয়। প্রকল্পটি বিডার্স ফাইন্যান্সিংয়ের মাধ্যমে বাস্তবায়নে ২০১৭ সালে দরপত্র আহ্বান করা হয়। এতে চার প্রতিষ্ঠান সাড়া দেয়। গত অগাস্টে ক্রয় সংক্রান্ত কমিটি এমএইচআই জাপান ও চায়না কনসোর্টেয়ামকে এ প্রকল্পের জন্য যোগ্য বিবেচনা করে।
প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, নরসিংদীর পলাশ উপজেলায় ১৯৭০ সালে দৈনিক ১৪ হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতার ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা স্থাপন করা হয়। একই স্থানে দৈনিক ৩০৫ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার পলাশ ইউরিয়া কারখানা স্থাপিত হয় ১৯৮৫ সালে।
এ দুই কারাখানা দীর্ঘদিন উৎপাদনে থাকায় যন্ত্রপাতি পুরনো ও জরাজীর্ণ হয়ে গেছে। ফলে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় অলাভজনক হয়ে পড়েছে দুই কারখানা।
বর্তমানে এই দুই কারখানায় ৬৪ দশমিক ৭ এমএমসিএফ গ্যাস ব্যবহার করে দৈনিক এক হাজার ৫০ মেট্রিক টন সার উৎপাদন করা হয়। অথচ একই পরিমাণ গ্যাস ব্যবহার করে দৈনিক দুই হাজার ৮০০ মেট্রিক টন সার উৎপাদন করা সম্ভব।
এ অবস্থায় দুই কারখানার কাছেই নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া স্থানটি দেশের মধ্যাঞ্চলে হওয়ায় এবং সার পরিবহনের অবকাঠামোগত সুবিধা থাকায় কৃষকদের কাছে সহজে সার সরবরাহ করা সম্ভব হবে।
