২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে হবে সৌরবিদ্যুৎকেন্দ্র

সরকার এবার পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে নজর দিয়েছে। এজন্য বাগেরহাটের মোল্লারহাটে ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2018, 07:54 PM

Updated : 19 Aug 2022, 02:15 PM

বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনে মোল্লারহাটে ৫০০ একর ভূমি অধিগ্রহণের জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।

প্রাথমিকভাবে এই ভূমির উন্নয়ন ও রাস্তা নির্মাণসহ আনুষাঙ্গিক কাজে ৮২ কোটি ৭১ লাখ টাকা ব্যয় নির্ধারণ করে ‘মোল্লারহাট ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রাজধানীর এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অনুমোদন পাওয়া সব প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী।

তিনি জানান, বৈঠকে মোট আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ছয় হাজার ৪৯৩ কোটি আট লাখ টাকা।

এরমধ্যে ৩ হাজার ২৭৯ কোটি ২২ লাখ টাকা যোগান দেওয়া হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর তহবিল থেকে ব্যয় হবে ১৭৯ কোটি ৯৮ লাখ টাকা। প্রকল্প সহায়তা হিসেবে বিদেশি উৎস থেকে অবশিষ্ট তিন হাজার ৩৩ কোটি ৮৮ লাখ টাকা যোগান দেওয়া হবে।

পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল বলেন, “বৈঠকে পানি ব্যবস্থাপনায় ১০০ বছরের জন্য চূড়ান্ত হতে যাওয়া ডেল্টা প্ল্যানে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

“মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই পরিকল্পনা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই জনগণকে সঙ্গে নিয়ে এটি বাস্তবায়ন করতে হবে।”

একনেক ১৬ জেলায় আঞ্চলিক পাসপোর্ট অফিস স্থাপনে ৮৭ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রকল্পটির মাধ্যমে বান্দরবান, খাগড়াছড়ি, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নাটোর, জয়পুরহাট, পিরোজপুর, ঝালকাঠি, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শেরপুর ও সিলেট জেলায় পাসপোর্ট অফিস স্থাপন করা হবে।

প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের সবগুলো জেলায় আঞ্চলিক অফিস স্থাপনের লক্ষ্য পূরণ হবে।

তিনি আরও জানান, তিন হাজার ৬৭০ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে পদ্মা (যশলদিয়া) পানি শোধানাগার নির্মাণ (ফেজ-১) প্রকল্পটির দ্বিতীয় সংশোধনী অনুমোদন দিয়েছে একনেক।

এ প্রকল্পের মাধ্যমে পদ্মা নদী থেকে প্রতিদিন ৪৫ কোটি লিটার পানি সংগ্রহ করে ঢাকায় সরবরাহ করতে ২০১৩ সালে ৩ হাজার ৫০৮ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছিল।

“প্রথম সংশোধনীতে এ প্রকল্পটির ব্যয় নামিয়ে আনা হয়েছিল ৩ হাজার ৩৭৫ কোটি ১৭ লাখ টাকায়। এ হিসাবে প্রকল্পের ব্যয় বাড়ছে ২৯৫ কোটি ৩২ লাখ টাকা। ২০১৩ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে ২০১৯ সালের জুন পর্যন্ত,” বলেন মন্ত্রী।

অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো হচ্ছে-

  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় কমিউনিটি সেন্টার নির্মাণ প্রকল্প। এতে ব্যয় হবে ২৬৮ কোটি ৭৬ লাখ টাকা।
  • ঢাকাস্থ গুলশানে ১৩২/৩৩/১১কেভি ভূগর্ভস্থ গ্রিড উপকেন্দ্র নির্মাণ প্রকল্প। এর ব্যয় ৯৫০ কোটি ৯৭ লাখ টাকা।
  • শেখ হাসিনা স্পেশালাইজড জুট টেক্সটাইল মিল প্রকল্প। এর ব্যয় ৫১৮ কোটি ৮৫ লাখ টাকা।
  • ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) ময়মনসিংহ ও চট্টগ্রামে সাইক্লোন ও পেস-সিটি এবং ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্স (আইএনএমপি), সাভারে সাইক্লোট্রন সুবিধাদি স্থাপন প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে ৬৭৩ কোটি টাকা।
  • সোনাইমুড়ী-সেনবাগ-কল্যান্দী-চন্দেরহাট-বসুরহাট সড়ক উন্নয়ন প্রকল্প। এর ব্যয় ২৪১ কোটি ৩০ লাখ টাকা।