২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ই-পাসপোর্টের জন্য ৪৬৩৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে তালমিলিয়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পাসপোর্ট সেবা দেওয়ার উদ্দেশ্যে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2018, 07:08 PM

Updated : 08 Apr 2022, 06:34 PM

এজন্য ‘বাংলাদেশে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কমিটির বৃহস্পতিবারের সভায় এর পাশাপাশি পদ্মা সেতুর ব্যয় আরও দেড় হাজার কোটি টাকা বাড়ানোর প্রস্তাবও অনুমোদন পায়।

শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সভার পর পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, সভায় প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ের মোট ১৪টি প্রকল্প অনুমোদন পায়।

সম্পূর্ণ দেশীয় অর্থায়নে ই-পাসপোর্টের প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। ৪ হাজার ৬৩৬ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি আগামী ২০২৮ সালের মধ্যে বাস্তবায়ন করবে পাসপোর্ট অধিদপ্তর।

প্রকল্পটি নেওয়ার বিষয়ে মুস্তফা কামাল বলেন, “পৃথিবীর অনেক দেশে এখন আর মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ করে না। চাহিদা ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে তারা এখন ই-পাসপোর্ট ব্যবহার করে।

“যেমন জার্মানি এখন ই-পাসপোর্ট ছাড়া গ্রহণ করে না। আমাদের কিছু সময় বেঁধে দিয়েছে। ওই সময় পর আর আমাদের মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ করবে না। তাই আমরা ই-পাসপোর্টের উদ্যোগ নিয়েছি।”

হাতে লেখা পাসপোর্ট থেকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট বা এমআরপি বাংলাদেশে প্রবর্তনের এক দশকও পার হয়নি।

কিন্তু এমআরপি ব্যবস্থায় ১০ আঙ্গুলের ছাপ ডেটাবেইসে সংরক্ষণ না থাকায় একাধিক পাসপোর্ট করার প্রবণতা ধরা পড়ার পর ই-পাসপোর্টের প্রয়োজনীয়তা সরকার অনুভব করে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তারা বলছেন, ই-পাসপোর্টে চিপের মধ্যে সব তথ্য থাকবে। ব্যক্তির যাবতীয় তথ্যের পাশাপাশি চোখের মণি, আঙুলের ছাপসহ বিভিন্ন নিরাপত্তা চিহ্ন থাকবে। এর নিরাপত্তা ব্যবস্থার কারণে কেউ পরিচয় গোপনের চেষ্টা করলেও ধরা পড়বে।

এ প্রকল্পের বিষয়ে পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের (বিকল্প দায়িত্ব) সদস্য শামীমা নার্গিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধরুন যুক্তরাষ্ট্রে একজন বাংলাদেশির পাসপোর্টের বিষয়ে জানতে চাইলে ওই পাসপোর্টের নম্বরটা সার্চ দিলেই সংশ্লিষ্ট ব্যক্তির সকল তথ্য স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবেন।”

“বাংলাদেশি পাসপোর্টকে বিশ্বায়ন করার উদ্দেশ্যেই এ প্রকল্পটি বাস্তবায়ন করছে সরকার। ই-পাসপোর্ট বাস্তবায়ন হলে বিদেশে বাংলাদেশের ইমেজ বৃদ্ধি পাবে,” বলেন তিনি।

ব্যয় বেড়েছে পদ্মা সেতুর

পদ্মা সেতু প্রকল্পের ব্যয় বাড়ানোর ক্ষেত্রে জমি অধিগ্রহণকে কারণ দেখিয়েছেন পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল।

তিনি বলেন, “মূলত পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়ায় ২১২ কোটি ঘনফুট মাটি নদী থেকে তুলতে হবে। এই বিপুল মাটি রাখার জন্য ১ হাজার ১৬৩ হেক্টর জমি অধিগ্রহণ করতে হবে। এই জমির ২৫ বছরের লিজের ব্যয় হিসেবে এই অর্থ ব্যয় হবে।”

পদ্মা সেতু প্রকল্পে এক হাজার ৪০০ কোটি টাকার অতিরিক্ত ব্যয় মূল প্রকল্পের সঙ্গে একীভূত হবে বলে পরিকল্পনামন্ত্রী জানান।

পদ্মা নদীর উপর ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতু তৈরিতে চলমান প্রকল্পটির নির্মাণ ব্যয় ২৮ হাজার ৭৯৪ কোটি টাকা। তার সঙ্গে এখন আরও দেড় হাজার কোটি টাকা যোগ হল।

পদ্মা সেতুর সংযোগ সড়ক নির্মাণসহ প্রকল্পের প্রয়োজনে ১ হাজার ৪৭১ হেক্টর জমি অধিগ্রহণের তথ্য বর্তমানে সেতু বিভাগের ওয়েবসাইটে রয়েছে।

অনুমোদিত অন্য প্রকল্পগুলো

পরিকল্পনামন্ত্রী জানান বলেন, বৈঠকে প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ের ১৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে প্রায় ৯ হাজার ৮২৯ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে। প্রায় ৬ হাজার ৫৫৫ কোটি টাকা বৈদেশিক সহায়তা থেকে আসবে, বাকি ৫৮৮ কোটি ৪৬ লাখ টাকা সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে জোগান দেওয়া হবে।

>> ‘কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প’, ব্যয় ৬১১ কোটি টাকা।

>> ‘দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার প্রবর্তন (১ম পর্যায়) প্রকল্প’, ব্যয় ৫০ কোটি টাকা।

>> ‘২১টি জেলার সুবিধাবঞ্চিত নারী ও শিশুর প্রাথমিক স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি সেবা প্রদান প্রকল্প’। ব্যয় ৯৮ কোটি ৩৪ লাখ টাকা।

>> ‘ব্লু গোল্ড প্রোগ্রাম ফর ইন্টিগ্রেটেড সাসটেইনেবল ইকনোমিক ডেভলপমেন্ট ইমপ্রুভিং দ্য ওয়াটার এন্ড প্রোডাকটিভ সেক্টরস ইন সিলেকটেড পোল্ডারস ফিন্যানসিয়াল’ প্রকল্প। ব্যয় ৬৬৩ কোটি টাকা।

>> ‘এস্টাবলিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম থ্রু ডিজিটাল সার্ভে এন্ড সেটেলমেন্ট অপারেশনস অব থ্রি সিটি করপরেশনস ওয়ান পৌরসভা এন্ড রুরাল উপজেলা অব বাংলাদেশ’ প্রকল্প। ব্যয় প্রায় ৩৫২ কোটি টাকা।

>> ‘লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেইঞ্জ’ প্রকল্প। ব্যয় ১৬৭ কোটি টাকা।

>> ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সমিশন গ্রিড সম্প্রসারণ’ প্রকল্প। ব্যয় ৩ হাজার ২৭৪ কোটি টাকা।

>> ‘ডিপিডিসির আওতায় ঢাকার কারওরান বাজারে ভূ-গর্ভস্থ উপকেন্দ্র নির্মাণ’ প্রকল্প। ব্যয় ৯৫০ কোটি ৪০ লাখ টাকা।

>> ‘লং টার্ম সার্ভিস এগ্রিমেন্ট ফর ভেড়ামারা কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট’ প্রকল্প। ব্যয় ৬৫২ কোটি ৪৯    লাখ টাকা।

>> ‘লাকসাম এবং চিনকী আস্তানার মধ্যে ডাবল লাইন ট্র্যাক নির্মাণ’ প্রকল্প (৩য় সংশোধিত)। ব্যয় প্রায় ১ হাজার ৮২০ কোটি টাকা।

>> ‘সিগন্যালিংসহ টংগী ভৈরববাজার সেকশনে ডাবল লাইন নির্মাণ (৩য় সংশোধিত)’ প্রকল্প। ব্যয় প্রায় ২ হাজার ১৭৬ কোটি টাকা।

>> ‘ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্প। ব্যয় ৮৭৪ কোটি টাকা।

>> ‘বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য লজিস্টিকস ও ফ্লিট মেইনটেন্যান্স ফ্যাসিলিটিস গড়ে তোলা’ প্রকল্প। ব্যয় ৪৪৮ কোটি ৪৭ রাখ টাকা।

পুরনো খবর:

৪৬৩৫ কোটি টাকার ই-পাসপোর্ট প্রকল্প যাচ্ছে একনেকে