মহাকাশে পা রাখার উল্লাস হার্ভার্ডের অনুষ্ঠানেও
মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপনের ঘটনাটি ছুঁয়ে গেল বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা নিয়ে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটিতে আয়োজিত অনুষ্ঠানকেও।
নৈশভোজে অতিথিদের মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী
অনুষ্ঠানের আগের দিন শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন দেশের অর্থনীতিবিদ, গবেষক, কূটনীতিক, বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে এক নৈশভোজের আয়োজন ছিল, যাতে সবার আলোচনার বিষয়বস্তু ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট।
নৈশভোজে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দীপ্ত প্রত্যয়ে এগিয়ে চলেছে। সারাবিশ্বে উন্নয়নের মডেলে পরিণত হয়েছে বঙ্গবন্ধুর বাংলাদেশ।”
নৈশভোজে বক্তব্য রাখছেন নসরুল হামিদ এমপি। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ইউনিভার্সিটি অব ম্যাসাসুচেটসের অর্থনীতি বিভাগের শিক্ষক ড. নূরুল সামিউল আমান বলেন, “বঙ্গবন্ধু যেমন গোটা জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন, জাদুকরী নেতৃত্বের গুণে, ঠিক তেমনিভাবে তার কন্যা শেখ হাসিনাও গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন উন্নয়নের অভিযাত্রায়। এই ধারায় নব অধ্যায়ের সূচনা ঘটাল বঙ্গবন্ধু স্যাটেলাইট।”
নৈশভোজে বক্তব্য রাখছে আবুল কালাম আজাদ। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
এমআইটির শিক্ষক ড. ইকবাল কাদির বলেন, গত ৬ বছর ধরে তারা ‘আইএসডিআই’ (ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট) এর ব্যানারে বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা এবং অন্তরায় নিয়ে আন্তর্জাতিক সেমিনার করছেন।
“উন্নয়নের গতি ত্বরান্বিত করতে বিশেষজ্ঞরা নানা পরামর্শ দেন। এবারও সেটি ঘটবে।”
আন্তর্জাতিক এ সেমিনারের পৃষ্ঠপোষকতায় রয়েছে সামিট পাওয়ার, জেনারেল ইলেক্ট্রনিক্স, বসুন্ধরা গ্রুপ, এনার্জিপ্যাক বাংলাদেশ।
