পৌনে দুই লাখ কোটি টাকার এডিপিতে পরিবহনে বরাদ্দ ২৬.২৭%
ভোটের বছরের জন্য ১ লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে সরকার, যার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে পরিবহন খাত।
এই খাতে এবার বরাদ্দ থাকছে ৪৫ হাজার ৪৪৯ কোটি ৮৭ লাখ টাকা, যা মোট এডিপির ২৬ দশমিক ২৭ শতাংশ।
এর মধ্যে ৫ হাজার ৩৩০ কোটি টাকা থাকছে পদ্মা রেল লিংক প্রকেল্পের জন্য। আর পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প পাচ্ছে ৪ হাজার ৩৯৫ কোটি টাকা।
এছাড়া মেট্রোরেল প্রকল্পের জন্য ৩ হাজার ৯০২ কোটি টাকা, কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৯০৫ কোটি টাকা এবং দোহাজারি-রামু-কক্সবাজার-ঘুমধুম রেলপথ প্রকল্পে ১ হাজার ৪৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে ২০১৮-১৯ অর্থবছরের জন্য এই এডিপি প্রস্তাব অনুমোদন করা হয়।
পরে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এক সংবাদ সম্মেলনে বলেন, ১ লাখ ৭৩ হাজার কোটি টাকার মূল এডিপির সঙ্গে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নের ৭ হাজার ৮৬৯ কোটি টাকা মিলিয়ে মোট ১ লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি টাকার এডিপি অনুমোদন করা হয়েছে এবার।
এই এডিপি বাস্তবায়নে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা আসবে বলে ধরা হয়েছে। আর বৈদেশিক সহায়তা থেকে ৬০ হাজার কোটি টাকা এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে ৭ হাজার ৮৬৯ কোটি ১৭ লাখ টাকার যোগান পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, “এডিপি হচ্ছে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লাইফ লাইন। তাই আমরা পরিকল্পিতভাবে এগুচ্ছি। আমাদের লক্ষ্য ২০৪১ সালে উন্নত দেশ হওয়া।”
মুস্তফা কামাল বলেন, “আমাদের উন্নত দেশ হওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে ২০৩০ সালের কথা মাথায় রেখে। কারণ ওই বছর টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নের শেষ বছর। মানসম্পন্ন উপায়ে ওই লক্ষ্য অর্জনের মধ্যে দিয়েই আমরা ২০৪১ সালে উন্নত দেশ হতে চাই।”
প্রধানমন্ত্রীর চারটি প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, সবার স্কুলে উপস্থিতি, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হওয়া, ডিজিটাল বাংলাদেশ এবং ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা- এই অঙ্গীকারগুলো ইতোমধ্যে ‘পূরণ হওয়ার পথে’ রয়েছে।
“এখন নতুন পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে মৌলিক সংস্কার আনা হবে।”
মন্ত্রী বলেন, আগামী অর্থবছর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পদ্মা সেতু এবং পদ্মাসেতুতে রেল সংযোগ প্রকল্পের গুরুত্ব বিবেচনা করে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে পরিবহন খাতে।
এছাড়া অগ্রাধিকার বিবেচনায় দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ বিদ্যুৎ এবং তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে ভৌত পরিকল্পনা-পানি সরবরাহ ও গৃহায়ন খাতে।
সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১০ খাত
>> পরিবহন খাতে ৪৫ হাজার ৪৪৯ কোটি ৮৭ লাখ টাকা, যা মোট এডিপির ২৬ দশমিক ২৭ শতাংশ।
>> দ্বিতীয় সর্বোচ্চ বিদ্যুৎ খাতে ২২ হাজার ৯৩০ কোটি ২০ লাখ টাকা, যা মোট এডিপির ১৩ দশমিক ২৫ শতাংশ।
>> তৃতীয় সর্বোচ্চ ভৌত-পরিকল্পনা-পানি সরবরাহ ও গৃহায়ন খাতে ১৭ হাজার ৮৮৯ কোটি ৯৫ লাখ টাকা, যা মোট এডিপির ১০ দশমিক ৩৪ শতাংশ।
>> চতুর্থ সর্বোচ্চ পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান খাতে ১৬ হাজার ৬৯০ কোটি ৩০ লাখ টাকা, যা মোট এডিপির ৯ দশমিক ৬৫ শতাংশ।
>> শিক্ষা ও ধর্ম খাতে পঞ্চম সর্বোচ্চ বরাদ্দ ১৬ হাজার ৬২০ কোটি ৩৩ লাখ টাকা, যা মোট বরাদ্দের ৯ দশমিক ৬১ শতাংশ।
>> বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ১৪ হাজার ২১০ কোটি ৭৩ লাখ টাকা, যা মোট এডিপির ৮ দশমিক ২১ শতাংশ।
>> স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য-পুষ্টি-জনসংখ্যা ও পরিবার কল্যাণ খাতে বরাদ্দ ১১ হাজার ৯০৫ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৬ দশমিক ৬৮ শতাংশ।
>> কৃষি খাতে বরাদ্দ ৭ হাজার ৭৬ কোটি ২২ লাখ টাকা, যা মোট এডিপির ৪ দশমিক শূন্য ৯ শতাংশ।
>> পানি সম্পদ খাতে বরাদ্দ ৪ হাজার ৫৯২ কোটি ৭৮ লাখ টাকা, যা নতুন এডিপির ২ দশমিক ৬৫ শতাংশ।
>> জনপ্রশাসন খাতে বরাদ্দ ৩ হাজার ৩৬১ কোটি টাকা, যা মোট এডিপির ১ দশমিক ৯৪ শতাংশ।
সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১০ মন্ত্রণালয় ও বিভাগ
# স্থানীয় সরকার বিভাগ পাবে সর্বোচ্চ ২৩ হাজার ৪৩৮ কোটি ১৯ লাখ টাকা।
# বিদ্যুৎ বিভাগের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২২ হাজার ৮৯২ কোটি ৬০ লাখ টাকা ।
# সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে দেওয়া হয়েছে ২০ হাজার ৮১৭ কোটি ৩৬ লাখ টাকা।
# বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পাচ্ছে ১১ হাজার ৭২০ কোটি ৩৭ লাখ টাকা।
# রেলপথ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ হয়েছে ১১ হাজার ১৫৪ কোটি ৭২ লাখ টাকা।
# সেতু বিভাগকে দেওয়া হচ্ছে ৯ হাজার ১১২ কোটি ১৫ লাখ টাকা।
# স্বাস্থ্য সেবা বিভাগের জন্য বরাদ্দ ৯ হাজার ৪০ কোটি ৬৩ লাখ টাকা।
# প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ৮ হাজার ৩১২ কোটি টাকা।
# মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে ৬ হাজার ৬ কোটি ৪৬ লাখ টাকা
# পানি সম্পদ মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে বরাদ্দ ৫ হাজার ৬০৬ কোটি টাকা।
মন্ত্রী জানান, আগামী অর্থবছরের এডিপিতে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানেরসহ মোট ১ হাজার ৪৫২টি প্রকল্প যুক্ত করা হয়েছে।
এর মধ্যে বরাদ্দসহ অনুমোদিত প্রকল্পের সংখ্যা ১ হাজার ৩৪৬টি। বিনিয়োগ প্রকল্প রয়েছে ১ হাজার ২২৭টি, কারিগরি সহায়তা প্রকল্প ১১৭টি এবং জেডিসিএফ প্রকল্প ২টি।
২০২০ সালের মধ্যে ঢাকা মেট্রো রেল প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য ঠিক করেছে সরকার
তবে এগুলোর বাইরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের জন্য প্রকল্প থাকছে ১০৫টি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) বাস্তবায়নের জন্য রেকর্ড ৭৮টি প্রকল্প যুক্ত হয়েছে আগামী এডিপিতে।
আগামী অর্থবছরের মধ্যে বাস্তবায়ন শেষ হবে এরকম ৪৪৬টি প্রকল্পের তালিকাও এর সঙ্গে যুক্ত করা হয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ৪৩০টি, কারিগরি সহায়তা প্রকল্প ১৬টি।
