২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লাসহ ৬ জেলার সবাইকে বিদ্যুৎ দিতে দেড় হাজার কোটি টাকা

কুমিল্লা ও এর আশপাশের পাঁচ জেলার শতভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দেড় হাজার কোটি টাকার বেশি ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 12:47 AM

Updated : 08 Apr 2022, 05:48 PM

‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, কুমিল্লা জোন’ শিরোনামের এই প্রকল্পের মাধ্যমে কুমিল্লা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের ১৩টি উপজেলার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন করা হবে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয় বলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা হয়।

সভার পর সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, এই প্রকল্পসহ মোট ১৪টি প্রকল্প সভায় অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ২২৮ কোটি ৪৯ লাখ টাকা।

এরমধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে ৫ হাজার ৪২১ কোটি ৪০ লাখ টাকা। প্রকল্প সহায়তা খাত থেকে পাওয়া যাবে ৭৪১ কোটি ২৮ লাখ টাকা এবং বাকী ৬৫ কোটি ৮১ লাখ টাকার যোগান আসবে সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে।

তিনি বলেন, “বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ২০২১ সালের মধ্যে সারা দেশের প্রতিটা ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। তারই ধারাবাহিকতায় আজ বিদ্যুতের উন্নয়নে অনুমোদিত প্রকল্পটির মাধ্যমে কুমিল্লা ও এর আশপাশের এলাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন করা হবে।”

মুস্তফা কামাল বলেন, বর্তমানে বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৫ হাজার ৩৭৯ মেগাওয়াট। বর্তমানে সারা দেশের প্রায় ৮০ ভাগ এলাকায় বিদ্যুৎ পৌঁছে গেছে। বাকী জায়গায় বিদ্যুৎ পৌঁছানোর জন্য বেশ কয়েকটি প্রকল্প চলমান আছে। আরও কয়েকটি প্রকল্প অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন আছে।

“চলমান এবং আসন্ন বিতরণ প্রকল্পগুলোর বাস্তবায়ন ২০২১ সালের মধ্যে শেষ হবে। এর মাধ্যমেই দেশের শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।”

কুমিল্লা জোনের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নের এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫২১ কোটি ৭৬ লাখ টাকা। এরমধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে ৬৫ কোটি ৮১ লাখ টাকা যোগান দেওয়া হবে। বাকী অর্থ সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে।

বৈঠকে অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো হলো-

>> পাবনা জেলার সুজানগর উপজেলার গাজনার বিলের সংযোগ নদী খনন, সেচ, সুবিধার উন্নয়ন এবং মৎস্য চাষ (তৃতীয় সংশোধিত) প্রকল্প। এর ব্যয় ধরা হয়েছে ৪৮৪ কোটি ৬৮ লাখ টাকা।

>> কক্সবাজার জেলায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিরাপত্তা উন্নত করার জন্য উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদী বরাবর পোল্ডার সমুহের (৬৭/এ, ৬৭, ৬৭/বি এবং ৬৮) পুনর্বাসন প্রকল্প।

>> বাংলাদেশের মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্প। এর ব্যয় ৯৪ কোটি টাকা।

>> বৃহত্তর নোয়াখালী জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (তৃতীয় পর্যায়) প্রকল্প। এর ব্যয় এক হাজার ১৫২ কোটি টাকা।

>> মরজাল-বেলাব সড়ক ও পোড়াদিয়া-বেলাব জেলা মহাসড়ক দুটি যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প। এর ব্যয় ১০৭ কোটি ৭৬ লাখ টাকা।

>> বগুড়া শহর থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ (এন-৫১৯) প্রকল্প।

>> জিএমডিএসএস এবং ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম স্থাপন প্রকল্প। এর ব্যয় প্রায় ৪৫৬ কোটি টাকা।

>> গোবরাকুড়া-কড়ইতলী স্থল বন্দর উন্নয়ন প্রকল্প। এর ব্যয় ৬৭ কোটি ২৩ লাখ টাকা।

>> ইন্ট্রোডাকশন অব মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এবং মেশিন রিডেবল ভিসা (এমআরভি) ইন বাংলাদেশ প্রকল্প, (তৃতীয় সংশোধনী)। এর ব্যয় ৭১৪ কোটি ৭৫ লাখ টাকা।

>> মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ বাস্তবায়ন (ভ্যাট আইন) প্রকল্প। এর ব্যয় ৬৯০ কোটি ১৩ লাখ টাকা।

>> লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প। এর ব্যয় ৩১৯ কোটি ৭৭ লাখ টাকা।

>> বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারকে শক্তিশালীকরণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্প। এর ব্যয় ২৪০ কোটি ৬৯ লাখ টাকা।

>> কেমিক্যাল মেট্রোলজি অবকাঠামো সমৃদ্ধকরণ প্রকল্প। এর ব্যয় ১৩৩ কোটি ১১ লাখ টাকা।