বুধবার শুরু হচ্ছে উন্নয়ন ফোরামের বৈঠক
টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের (বিডিএফ) বৈঠক শুরু হচ্ছে।
রাজধানীর সোনারগাঁও হোটেলে বুধবার সকালে দুদিনব্যাপী এ বৈঠকের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (অফিদ) মহাপরিচালক সুলইমান জাসির আল-হারবিশ, বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন, এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবির ভাইস প্রেসিডেন্ট ওয়েন চাই ঝ্যাং, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক মিনরু মাসুজিমা এবং জাতীয় ও অর্ন্তর্জাতিক পর্যায়ের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেবেন।
সোমবার এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব তথ্য জানান।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আযমও বক্তব্য রাখেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই নিম্ন আয়ের দেশ থেকে বেরিয়ে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় উন্নীত হয়েছে। আগামী মার্চে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে সে ঘোষণা দেবে।
“আমরা তখন আমাদের এই সাফল্য উদযাপন করব।”
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ উন্নয়ন ফোরাম-২০১৮ এমন একটি সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন একদিকে সরকার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যবর্তী পর্যালোচনার কাজ শুরু করেছে; অন্যদিকে বাংলাদেশসহ সারা বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের কাজও শুরু হয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে এবারের ফোরামে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হবে।
একইসঙ্গে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করা এবং এসডিজি অর্জনের ক্ষেত্রে ভবিষ্যতে যে নীতি কাঠামো বা অতিরিক্ত সম্পদ বা অর্থায়নের প্রয়োজন হতে পারে তা অর্জনের উপায় নিয়ে আলোচনা হবে।
এবারের ফোরামের মূল অধিবেশনের প্রতিপাদ্য বিষয় ‘সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন: প্রতিবন্ধকতাসমূহ ও ভবিষ্যৎ করণীয়সমূহ’।
বৈঠকে মোট আটটি বিষয়ের উপর কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হচ্ছে- কৃষি খাতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস, অধিকতর বৈদেশিক বিনিয়োগ ও উন্নয়ন প্রক্রিয়ায় বেসরকারি খাতের আরও বেশি অংশগ্রহণের সুযোগ তৈরির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি, মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে শিক্ষা ও দক্ষতার মান উন্নয়ন এবং শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে নতুন নতুন ধারার প্রবর্তন, বৈষম্য রোধ ও সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত, নারী নির্যাতন রোধ ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণ, নাগরিক সেবার মান উন্নয়ন এবং শহরমুখী গ্রামীণ অভিবাসন নিয়ন্ত্রণ, স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ: প্রতিবন্ধকতাসমূহকে সুযোগে রূপান্তর এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সমন্বিত ও সুসংহত অর্থায়ন এবং বিবিধপক্ষের অংশীদারিত্ব শক্তিশালী করা।
বৈঠকের শেষ দিনে এসব বিষয়ের ওপর আলোচনা এবং গৃহীত সিদ্ধান্তের আলোকে বিডিএফ ঢাকা ঘোষণা দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানো হয়।
