২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করমেলা: প্রথম দিন আদায় ২০৮ কোটি টাকা

আয়কর মেলার প্রথম দিনে প্রায় ২০৮ কোটি টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৩১ হাজারের বেশি করদাতা। আর কর সংক্রান্ত সেবা নিয়েছেন ৭৯ হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2017, 01:23 AM

Updated : 11 Oct 2022, 02:42 PM

বুধবার রাতে জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর মেলার প্রথম দিনেই করদাতাদের উপচেপড়া ভিড় ছিল। সারা দেশে ২০৭ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৫৫৮ টাকার আয়কর আহরণ হয়েছে। সেবা নিয়েছেন ৭৯ হাজার ১১২ জন।

বুধবার সপ্তাহব্যাপী আয়কর মেলা রাজধানী ঢাকাসহ ১৮টি জেলা ও ২টি উপজেলায় শুরু হয়।

গতবছরের মেলায় প্রথমদিনে ১৯১ কোটি ৪১ লাখ ৬৬ হাজার ৮১২ কোটি টাকার কর আদায় হয়েছিল। রিটার্ন জমা দিয়েছিলেন ১৬ হাজার ৮৬ জন। আর সেবা নিয়েছিলেন ৫৯ হাজার ২৯২ জন।

এ হিসাবে গতবারের প্রথম দিনের চেয়ে এবার প্রায় দ্বিগুণ রিটার্ন জমা পড়েছে। কর আদায় বেড়েছে সাড়ে ১৬ কোটি টাকার বেশি।

সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্মানাধীন রাজস্ব ভবনে মেলার উদ্বোধন করেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

অষ্টমবারের মতো আয়কর মেলা এবার আটটি বিভাগীয় শহরে সাত দিন, ৫৬টি জেলায় চার দিন, ৩৪টি উপজেলায় দুই দিন ও ৭১টি উপজেলায় এক দিন অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এম এ মান্নান বলেন, ২০১০ সালে প্রথম আয়কর মেলা শুরু হয়। ওই বছরে আয়কর আহরণ হয়েছিল ১১৩ কোটি টাকা। আর গতবছর আয়কর মেলায় আহরণ হয়েছে দুই হাজার ১৩০ কোটি টাকা।

এবার মেলায় তিন হাজার কোটি টাকার বেশি আয়কর আদায় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এবার মেলায় সেবার পরিধি বাড়ানো হয়েছে। ভবিষ্যতে তা আরও বাড়ানো হবে। প্রত্যেক করদাতাকে একটি করে পিন কোড দেওয়ার জন্য এনবিআরকে অনুরোধ জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, এবার মেলায় যেসব পরিবারের আয়করযোগ্য সবাই কর প্রদান করবেন তাদের ‘কর বাহাদুর পরিবার’ হিসেবে সম্মাননা দেওয়া হবে। ইতোমধ্যে সারা দেশে ৮৪টি পরিবারকে চিহ্নিত করা হয়েছে। তাদের ৮ নভেম্বর সম্মাননা দেওয়া হবে।

“আমরা একটি পরিবার পেয়েছি যারা ৫৮ বছর ধরে কর দিয়ে আসছেন। সর্বনিম্ন ১৫ বছর পর্যন্ত আমরা পেয়েছি।”

মেলায় যেসব সেবা পাওয়া যাচ্ছে

ঢাকায় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা হবে। এবার মেলার পরিধি বাড়ানো হয়েছে। প্রথমবারের মতো করদাতাদের ইনকাম ট্যাক্স আইডি কার্ড বা স্মার্ট কার্ড এবং ট্যাক্সপেয়ার স্টিকার প্রদান করা হয়েছে। মেলায় ১০২টি বুথ থেকে করসেবা প্রদান করা হচ্ছে।

এরমধ্যে ৩৮টি আয়কর রিটার্ন গ্রহণ বুথ এবং ২২টি হেল্প ডেস্ক রয়েছে। এছাড়া বৃহৎ করদাতা ইউনিটের, সঞ্চয় অধিদপ্তরের, কাস্টমসের, মূসকের, কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের একটি করে বুথ রয়েছে।

পুরো মেলা সিসিটিভির মাধ্যমে নিরাপত্তা নজরদারিতে রয়েছে।

আয়কর সংক্রান্ত সব ধরনের ফরম বিনামূল্যে দেওয়া হচ্ছে। করদাতাদের বিনা ভাড়ায় যাতায়াত সুবিধার জন্য রাজধানীর টিএসসি, বেইলি রোড, মিরপুর-২ ও উত্তরা থেকে ১৩টি শাটল চলাচল করছে।