২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরবিদ্যুৎ ক্রয়ে তিস্তা সোলারের সঙ্গে চুক্তি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০০ মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ ক্রয়ে তিস্তা সোলার লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 07:46 PM

Updated : 11 Oct 2022, 02:40 PM

বৃহস্পতিবার বিদ্যুৎ মন্ত্রণালয় ও পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (পিজেসিবি) সঙ্গে বিদ্যুৎ প্ল্যান্ট বাস্তবায়নে আরেকটি চুক্তি করেছে বেক্সিমকো পাওয়ার কোম্পানি লিমিটেড ও চীনের টিবিইএ জিনজিয়াং সানওয়েসিস কোম্পানি লিমিটেডের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

তিস্তা সোলারের পক্ষে উভয় চুক্তিতে সই করেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক এম রফিকুল ইসলাম।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষে ক্রয় চুক্তিতে সই করেন সচিব মিনা মাসুদ উজ্জামান। অন্যদিকে বাস্তবায়ন চুক্তিতে সরকারের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ ফায়েজুল আমিন এবং পিজিসিবির পক্ষে কোম্পানি সচিব আশরাফ হোসেন সই করেন।

বেক্সিমকোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি অনুসারে আগামী ২০ বছর এই প্ল্যান্ট থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রতি কিলোওয়াট ১৫ সেন্ট দরে কিনবে পিডিবি।

এতে বলা হয়, প্রায় এক হাজার একর জমির উপর নির্মিতব্য এই প্ল্যান্টটিতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা অনুসারে ছায়ার মধ্যে ফলনশীল সবজি উৎপাদনের দিকে বিশেষ নজর দিচ্ছে তিস্তা সোলার। এর ফলে জমির বিবিধ ব্যবহার নিশ্চিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমান এবং ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।