২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাতারা প্রতিশ্রুতি রক্ষা করে না: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, উন্নত বিশ্ব উন্নয়ন দেশগুলোকে সহায়তার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত তা রক্ষা করে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 11:13 PM

Updated : 12 Apr 2022, 12:35 AM

বুধবার ঢাকার সোনারগাঁও হোটেলে গ্লোবাল পার্টনারশিপ ফর ইফেক্টিভ ডেভেলপমেন্ট কোঅপারেশনের (জিপিইডিসি) ১৪তম স্টিয়ারিং কমিটির সভার সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

মুহিত বলেন, “২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের জন্য উন্নত দেশগুলোর সহায়তা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দাতারা অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি রক্ষা করে না।

“আমরা দাতাদের সহায়তার জন্য বসে থাকব না। দেশীয় অর্থের জোগান দিয়েই এসডিজি অর্জন করতে পারব বলে আমরা আশাবাদী।”

নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ এসডিজি অর্জন করতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

দাতাদের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, “সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) জন্যও উন্নত বিশ্ব প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারা সেভাবে সহযোগিতা করেনি।”

এমডিজি অর্জনের দিকে দিয়ে বাংলাদেশ এখন ‘গ্লোবাল লিডার’ বলেও মন্তব্য করেন তিনি।