খাদ্যমূল্য বাড়িয়েছে মূল্যস্ফীতি
অর্থ বছরের প্রথম প্রান্তিকে মূল্যস্ফীতি বেড়েছে, এর জন্য খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়াকে কারণ দেখিয়েছেন পরিকল্পনামন্ত্রী।
অর্থবছরের প্রথম তিন মাসে মূল্যস্ফীতির ধারাবাহিক বৃদ্ধি ঘটলেও মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আশা করছেন, আগামী তিন মাসে তা কমে আসবে।
মঙ্গলবার একনেক সভার পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চলতি অর্থবছরের প্রথম তিন মাসের মূল্যস্ফীতির প্রতিবেদন তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী।
এতে দেখা যায়, ২০১৭-১৮ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ গড় মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৮৬ শতাংশ।
এই অঙ্ক গত অর্থ বছরের একই সময়ের চেয়ে বেশি। ২০১৬-১৭ অর্থ বছরের প্রথম প্রান্তিকে গড় মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৪৩ ভাগ।
বিবিএসের প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থ বছরের প্রথম তিন মাসেই ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি বেড়েছে। জুলাই মাসে ৫ দশমিক ৫৭, অগাস্ট মাসে ৫ দশমিক ৮৯ এবং সেপ্টেম্বর মাসে ৬ দশমিক ১২ শতাংশ।
মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, “গত তিন মাসে বিশেষ করে খাদ্য খাতের চাহিদা এবং জোগানের মধ্যে সমন্বয় ছিল না। নানা কারণে এ সমন্বয়হীনতা তৈরি হয়েছিল।”
চালের দাম নিয়ে চাপে রয়েছে সরকার
চলতি অর্থ বছরের শুরু থেকেই বাড়ছে প্রধান খাদ্যপণ্য চালের দাম; সরকারের নানা পদক্ষেপে চালের দামের ঊর্ধ্বগতি ঠেকলেও নিত্যপণ্যের বাজারে চড়া রয়েছে শাক-সবজির দাম।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত তিন মাসে তার আগের তিন মাসের তুলনায় চাল, মাংস, শাক-সবজি, দুধ ও দুগ্ধজাত দ্রব্যের দাম বেড়েছে।
খাদ্য বহির্ভূত পণ্যের মধ্যে পরিধেয় বস্ত্র, জ্বালানি, বিদ্যুৎ, বাড়িভাড়া, গৃহস্থালি আসবাবপত্র ও চিকিৎসা সেবা, পরিবহণ এবং শিক্ষা উপকরণ ইত্যাদির দাম বেড়েছে।
ধারাবাহিকভাবে বাড়লেও আগামী প্রান্তিকে মূল্যস্ফীতি কমে যাওয়ার আশাবাদের কারণ দেখিয়ে মুস্তফা কামাল বলেন, “আগামী কোয়ার্টারে মূল্যস্ফীতির এ হার কমে আসবে। চাহিদা আর জোগানেরও সমন্বয়ের উন্নতি হবে।”
প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে গ্রামীণ পর্যায়ে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৮৪ ভাগ। গত অর্থবছরের প্রথম প্রান্তিকে এ হার ছিল ৫ দশমিক ৫৩ ভাগ।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শহরাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৯১ ভাগ। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৭ দশমিক ১২ ভাগ।
