২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২টি সাব-স্টেশন নির্মাণের প্রস্তাব অনুমোদন

পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ রাজশাহী-রংপুর বিভাগীয় কার্যক্রম-২ প্রকল্পের আওতায় ৭৭ কোটি এক লাখ টাকা ব্যয়ে ১২টি ৩৩/১১ কেভি সাব-স্টেশন নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2017, 05:45 PM

Updated : 19 Aug 2022, 05:38 PM

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই প্রকল্পের একটি সাব-প্যাকেজের আওতায় তিনটি সাব-স্টেশন নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

“সর্বনিম্ন দরদাতা হিসেবে মেসার্স এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ১৮ কোটি ৯৪ লাখ টাকায় এই কাজ পেয়েছে।”

এছাড়া একই প্রকল্পের আরেকটি সাব-প্যাকেজের আওতায় তিনটি সাব-স্টেশন নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি, ১৮ কোটি ৭৭ লাখ টাকায় যেটির কাজ পেয়েছে মেসার্স সানরাইজ এন্টারপ্রাইজ।

মোস্তাফিজুর জানান, প্রকল্পের অন্য সাব-প্যাকেজের আওতায় আরো তিনটি সাব-স্টেশন নির্মাণের কাজ ১৮ কোটি ৮৭ লাখ টাকায় পেয়েছে মেসার্স সানরাইজ এন্টারপ্রাইজ।

আর বাকি তিনটি সাব-স্টেশন নির্মাণের কাজ পেয়েছে মেসার্স সানরাইজ এন্টারপ্রাইজ। এতে ব্যয় হবে ২০ কোটি ৪৩ লাখ টাকা।

মোস্তাফিজুর জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন এশিয়া ইউনিভার্সিটি ফর উইমেন এর বহিঃসীমা দিয়ে লুপ রোড নির্মাণসহ ঢাকা ট্রাংক রোড থেকে বায়েজিদ বোস্তামী পর্যন্ত সংযোগ সড়ক শীর্ষক প্রকল্পের দরবৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

এই প্রকল্পের ব্যয় নতুন করে ২৯ কোটি ৬১ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১০০ কোটি ৯৮ লাখ টাকা। আগে এই প্রকল্পে খরচ ধরা হয়েছিল ৭১ কোটি ৩৭ লাখ টাকা।

এছাড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন চিটাগাং সিটি আউটার রিং রোড শীর্ষক প্রকল্পে ১৫ দশমিক ২০ কিলোমিটার সড়ক কাম বাধ নির্মাণের খরচ বাড়ানোর প্রস্তাবও অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

“৬৪০ কোটি ৮৮ লাখ টাকা থেকে ৩১৭ কোটি ২৩ লাখ টাকা বেড়ে এখন এই প্রকল্পের খরচ দাঁড়িয়েছে ৯৫৮ কোটি ১২ লাখ টাকা,” বলেন মোস্তাফিজুর।