২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীতিমালা ছাড়াই চলছে অধিকাংশ ব্যাংকের তহবিল স্থানান্তর

কোন নীতিমালা ছাড়াই দেশের ৫৮ শতাংশ ব্যাংকের এক শাখা থেকে আরেক শাখায় তহবিল স্থানান্তর চলছে বলে এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2017, 04:13 AM

Updated : 11 Oct 2022, 02:27 PM

রোববার প্রকাশিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) ওই প্রতিবেদনে বলা হয়- দেশের অর্ধেকের বেশি ব্যাংকের ফান্ড ট্রান্সফার ‘প্রাইসিংয়ের’ কোন নীতিমালা নেই।

“আবার ৯৬ শতাংশ ব্যাংক সেকেলে পদ্ধতিতে ফান্ড ট্রান্সফার ‘প্রাইসিংয়ের’ হিসাব করছে। তবে চার শতাংশ ব্যাংক অনলাইন ক্যালকুলেটারের মাধ্যমে ‘ফান্ড ট্রান্সফার কার্ভ’ ব্যবহার করে হিসাব-নিকাশ করছে।”

রাজধানীর মিরপুরে বিআইবিএম মিলনায়তনে এক সেমিনারে “ফান্ড ট্রান্সফার প্রাইসিং অব কমার্শিয়াল ব্যাংকস: স্ট্যাটাস অ্যান্ড মেজারস ফর ইমপ্লিমেন্টিং ইন ব্যাংকস অব বাংলাদেশ” শীর্ষক এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।

বিআইবিএমের সহযোগী অধ্যাপক মো: আলমগীরের উপস্থাপনায় প্রতিবেদনটিতে বলা হয়, ৬২ শতাংশ ব্যাংকের ‘ফান্ড ট্রান্সফার প্রাইসিং’ হয় ম্যানুয়ালি। আবার ৮৫ শতাংশ ব্যাংকের একটি নির্দিষ্ট কমিটির মাধ্যমে ‘ফান্ড ট্রান্সফার প্রাইসিং’ হয়।

সেমিনারে ‘সাসটেইনিবিলিটি রির্পোটিং প্র্যাক্টিসেস ইন ব্যাংকস অব বাংলাদেশ’ বিষয়ক অন্য একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিআইবিএমের পরিচালক (গবেষণা উন্নয়ন ও কনসালটেন্সি) প্রশান্ত কুমার ব্যানার্জ্জী প্রতিবেদনটি তুলে ধরেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

তিনি বলেন, ২০১৬ সালে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ১ শতাংশ অর্জন করেছে বাংলাদেশ। যা এশিয়ার সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী দেশগুলোর মধ্যে তৃতীয়।

“তবে বাংলাদেশের ক্ষেত্রে উন্নয়ন এবং টেকসই পরিবেশ দুটোই একই সঙ্গে ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে ব্যাংকগুলোর ‘সাসটেইনিবিলিটি রিপোটিং’ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।”

বাংলাদেশ ব্যাংক থেকে সাসটেইনিবিলিটি রির্পোটিংয়ের সময়সীমা বেঁধে দেওয়া হলেও বিভিন্ন কারণে অধিকাংশ ব্যাংক তা করতে ব্যর্থ হয়েছে বলেও জানান ডেপুটি গভর্নর। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইবিএম মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী।

অন্যদের মধ্যে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবং বিআইবিএমের সুপারনিউমারি অধ্যাপক ইয়াছিন আলি, অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: শফিকুল ইসলাম সেমিনারে বক্তব্য দেন।