রেন্টাল বিদ্যুতের দাম নিয়ে সিপিডির গবেষককে চ্যালেঞ্জ প্রতিমন্ত্রীর
বিদ্যুৎ-জ্বালানির মূল্যহার বিষয়ক একটি আলোচনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নসরুল হামিদের চ্যালেঞ্জের মুখে পড়লেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির গবেষণা পরিচালক।
সোমবার বিদ্যুৎ ভবনে ‘এনার্জি ট্যারিফ ও ন্যাশনাল ইকনোমি’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানটি আয়োজন করেছিল ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি)।
সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, যেসব রেন্টাল ও কুইক রেন্টাল স্থাপন করা হয়েছিল, পরবর্তীতে ওইগুলোর সময় বাড়ানো হলেও তাদের কাছ থেকে কেনা বিদ্যুতের দাম কমানো হয়নি।
তার বক্তব্যের মধ্যেই প্রতিমন্ত্রী বলে ওঠেন, “অবশ্যই দাম কমানো হয়েছে। প্রাইস নেমে এসেছে। কোনো কোনোটার দাম অর্ধেকে চলে এসেছে।”
প্রতিমন্ত্রী সিপিডির গবেষকের কাছে বক্তব্যের সপক্ষে ‘রেফারেন্স’ চাইলে তিনি বলেন, “তাদের কাছে তা আছে। পরে প্রতিমন্ত্রীকে পাঠিয়ে দেবেন।”
কিন্তু নসরুল হামিদ আবারও ‘রেফারেন্স’ দিতে বললে মোয়াজ্জেম বলেন, “আপনি যেভাবে বলছেন, মনে হচ্ছে রেফারেন্স নেই।”
অনুষ্ঠানে খন্দকার গোলাম মোয়াজ্জেম
প্রতিমন্ত্রী বলেন, “এখানে অনেক বিদ্যুৎ কেন্দ্র আছে। আপনি সুনির্দিষ্টভাবে বলেন, কোনটাতে দাম কমানো হয়নি। আজ সারাদিন সময় দিলাম। এর মধ্যে আমাকে জানান, কোনটাতে দাম কমানো হয়নি।”
তখন গোলাম মোয়াজ্জেম জানান, তাদের কাছে ২০১৪ সালের একটি গবেষণায় কয়েকটি কেন্দ্রে বিদ্যুতের দাম কমানো হয়নি বলে তথ্য আছে।
তিন বছর আগের তথ্য শুনে নসরুল হামিদ সিপিডির মোয়াজ্জেমকে বলেন, “প্রেসের সামনে ঢালাওভাবে কথা বলা উচিৎ না।”
এফইআরবির চেয়ারম্যান ও অনুষ্ঠানের সঞ্চালক অরুণ কর্মকারের হস্তক্ষেপে এই বিতর্কের অবসানের পর গোলাম মোয়াজ্জেম তার মূল বক্তব্যে ফিরে যান এবং বাকি বক্তব্যে রেন্টাল ও কুইক রেন্টাল বিতর্ক এড়িয়ে যান।
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে দেশে ভাড়া ও দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমতি দেওয়া শুরু হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আরও কয়েকটি এ ধরনের বিদ্যুৎ কেন্দ্রের অনুমতি দেয়।
সব মিলিয়ে দেশে ভাড়া ও দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা প্রায় ৩০টিতে পৌঁছে; যার বেশিরভাগই তেলভিত্তিক।
শুরুতে ৩ থেকে ৫ বছরের অনুমতি পেলেও ইতোমধ্যে এগুলোর চুক্তির মেয়াদ আরো ৩ থেকে ৫ বছর বাড়ানো হয়েছে। এসব কেন্দ্র থেকে উচ্চমূল্যে বিদ্যুৎ কিনতে গত চার বছরে সরকারকে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে।
২০১৮-১৯ সালের পর ভাড়াভিত্তিক কেন্দ্র রাখার কোনো কারণ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত না দেখলেও সম্প্রতি আরও প্রায় ১৮০০ মেগাওয়াট ক্ষমতার ১০টি তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছে সরকার।
অনুষ্ঠানে আলোচকরা
বিদ্যুৎ নিয়ে সরকারের মহাপরিকল্পনায় তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কথা কমিয়ে আনার কথা বলা হলেও তা যে আপাতত কমছে না তা প্রতিমন্ত্রীর কথায় স্পষ্ট।
তিনি বলেন, “আমরা দেখতে পাচ্ছি তেলের ব্যাপারে আমাদের বেনিফিট হচ্ছে। তেলের দাম বিশ্ব বাজার পড়ে গেছে। আমরা এটা রাখতে চাচ্ছি, যতক্ষণ আমাদের বেইসলোড (বড়) বিদ্যুৎ কেন্দ্র তৈরি না হচ্ছে।
“তাহলে কি আমরা অন্ধকারে থাকব? তেল আমরা নেব না কিন্তু আমরা অন্ধকারে থাকব? সেটা কি বেনিফিট বেশি হবে? আমাদের বিদ্যুৎ দরকার।”
বড় বিদ্যুৎ কেন্দ্র ২০২১ সালের মধ্যে ‘ভালো জায়গায়’ চলে আসবে বলে জানান নসরুল।
অনুষ্ঠানে মূল প্রবন্ধে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক বিদ্যুত ও জ্বালানি উপদেষ্টা ম তামিম বলেন, প্রকৃত বাজার দরের চেয়ে বাংলাদেশে এনার্জির দাম কম। এটা আগেই সমন্বয় করার দরকার ছিল।
বিদ্যুতের দাম আরও বাড়ানোর ইঙ্গিত দিয়ে নসরুল হামিদ বলেন, “মানুষের আয় তো এক জায়গায় পড়ে থাকছে না। কেন আপনারা ভয় পাচ্ছেন ছয় টাকায় বিদ্যুৎ আগামী দুই বছর বিক্রি করতে হবে? মানুষের যখন আয় বাড়বে, সবকিছুর মূল্য বেড়ে যাবে।”
তামিম বলেন, বাংলাদেশে যদি নতুন করে গ্যাস উৎপাদন না হয়, তাহলে চাহিদা মেটাতে আমদানি করতে গিয়ে ভবিষ্যতে গ্যাসের দাম কয়েকগুণ বেড়ে যাবে।
বাংলাদেশে গ্যাসের দাম কম হওয়ায় উত্তোলনকারী পাওয়া যাচ্ছে না বলে জানান প্রতিমন্ত্রী।
“গ্যাসের দাম নিচে নামার কারণে গভীর সমুদ্রে অনুসন্ধান ও উত্তোলনের চাহিদা কমে গেছে। যে মূল্যে আমরা গ্যাস দিতে চাচ্ছি, সেই মূল্যে কনট্রাক্টর পাওয়া মুশকিল।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, বিইআরসির সদস্য মিজানুর রহমান প্রমূখ।
