২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির নির্বুদ্ধিতার ফসল জনগণ ও আ. লীগ পাচ্ছে: মুহিত

প্রধান বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপির গত নির্বাচন বর্জন আওয়ামী লীগকে টানা মেয়াদে ক্ষমতায় থেকে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দিয়েছে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এতে দেশের মানুষও উপকৃত হয়েছে।

আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2017, 09:34 PM

Updated : 11 Oct 2022, 01:15 PM

৮৩ বছর পূর্ণ হওয়ার দিন কয়েক আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, “২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে নির্বুদ্ধিতার পরিচয় দেয়। আমরা ফের ক্ষমতায় এসে আমাদের আগের পাঁচ বছরের ধারাবাহিকতা ধরে রেখে কাজ করার সুযোগ পাই…। এক বছর পর বিএনপি আবার হরতাল-অবরোধ-জ্বালাও-পোড়াও শুরু করে। আমাদের সরকার কঠোরভাবে তা দমন করে। সাধারণ মানুষ সেই জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।

“কিন্তু এখন জ্বালাও-পোড়াও নেই…। তারা (বিএনপি) বুঝতে পেরেছে মানুষ জ্বালাও-পোড়াও-অশান্তি চায় না। শান্তি চায়। মানুষও বুঝতে পেরেছে দেশের উন্নয়ন হচ্ছে। তার আয় বাড়ছে; কাজ পাচ্ছে। তারা ভালো আছে। তাদের আর অন্য কোনো কিছুতে সময় নেই। মানুষকে যদি কাজ দিয়ে ব্যস্ত রাখা যায়, তাহলে তারা উন্নয়নে অবদান রাখবেই। সেটাই হয়েছে আমাদের দেশে। টানা আট বছর ধরে আমরা কাজ করার সুযোগ পেয়েছি…। উন্নয়ন করছি।”

শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনের লনে বসে নানা বিষয়ে কথা বলেন ১৯৩৪ সালের এই জানুয়ারি মাসে জন্ম নেওয়া মুহিত। ২৫ জানুয়ারি তার বয়স হবে ৮৩ বছর।

কেমন গেল ২০১৬ সালের অর্থনীতি; ব্যাংকিং খাত, পুঁজিবাজার, নতুন বছরের প্রত্যাশার বাইরেও দেশের রাজনীতি নিয়েও খোলামেলা কথা বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি কেমন? ভালো-মন্দ মিলিয়ে আপনার মূল্যায়ন কী?

আবুল মাল আবদুল মুহিত: ২০১৬ সালে বাংলাদেশের পারফরম্যান্সকে বলা যায় অত্যন্ত ভালো। কিছু কিছু দুর্বলতা কিছু সেক্টরে রয়েছে বাট ইট’স অ্যাকনলেজড...।সারা বিশ্বেই স্বীকৃত যে, বাংলাদেশের অর্থনীতি ভালো চলছে।.....অসম্ভব গরীব একটা দেশ ছিল, এই দেশে দারিদ্র্য বিমোচনে পারফরম্যান্সটা একেবারে অসাধারণ। বিশ্ব ব্যাংক ইতোমধ্যে এ বিষয়ে সার্টিফিকেট দিয়েছে।

কিন্তু সার্টিফিকেটের বাইরেও দেখা যায়- বাংলাদেশের গ্রামে-গঞ্জে ওইভাবে আর অভাব পরিলক্ষিত হয় না, সেই রকম দারিদ্র্য দেখা যায় না। মানুষের গায়ে কাপড় আছে, পেটে খাবার আছে। এমনকি পায়ে জুতা পর্যন্ত আছে। তারপরে রাস্তাঘাট...এখানে সেখানে যাতায়াতও অনেক বেড়ে গেছে।

এগুলো বিবেচনা করলে বলা যায়, একটা স্বস্তির ভাব আছে। এটা আরো উন্নত হয়েছে এই জন্যে যে এই বছরটি একটি শান্তিপূর্ণ বছর। কোনো ঝামেলা হয়নি দেশে। আমাদের বিরোধী দল একভাবে স্বীকার করে নিয়েছে জ্বালাও-পোড়াও, হরতাল দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করা যায় না। মানুষ চায় না হরতাল হোক। সকলেই তার কাজকর্ম নিয়ে ব্যস্ত। তাই এখানে এসব হরতাল-টরতাল সব নিষ্ক্রিয় হয়ে গিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: আপনি অনেক আগে থেকেই বলে আসছেন, বাংলাদেশে জ্বালাও-পোড়াও রাজনীতি থাকবে না। এ বিষয়ে আপনার বিশ্বাস জন্মাল কীভাবে?

আবুল মাল আবদুল মুহিত: বাস্তবতার নিরিখে আমার এই বিশ্বাস। বহু বছর ধরে তো আমি এসব বিষয়ে ইনভলড আছি, প্রায় ৬০-৬৫ বছর। আমি দেখেছি, যতই মানুষকে ইউসফুল অ্যাক্টিভিটিজ অর্থাৎ যে কাজগুলো মানুষ মনে করে তাদের জন্য ভালো... তখন অন্যদিকে তার ইন্টারেস্ট কমে যায়। সে তখন তার জন্য যেটা ভালো সেই দিকে তার নজর চলে যায়।

আমি বহুদিন ধরে এটা বিশ্বাস করি। ইকনমিক অ্যাক্টিভিটিজ বাড়িয়ে দিলে ঝামেলা একদম শেষ হয়ে যায়। আর এই ২০১৬ তে তো সেটা পুরোপুরি প্রত্যক্ষ করলাম। তার ফলাফলও দেখা যাচ্ছে। আমাদের প্ল্যানিং মিনিস্টার প্রোজেকশন দিয়েছেন এবার আমাদের জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশ হবে। আই থিঙ্ক, ‘হি ইজ রাইট’। আমি বলি না, কারণ আমি তো বাজেটে টার্গেট রেখেছি ৭ দশমিক ২ শতাংশ।

যথাসময়ে আমরা অ্যাসেসমেন্ট পাব। অর্থবছর শেষে আমাদের পরিসংখ্যান ব্যুরো তাদের রেজাল্ট দেবে। এটা বলা যায়, একটি প্রত্যাশা যা তিনি (পরিকল্পনামন্ত্রী) ইতোমধ্যে দেখতে পেরেছেন। আসলে মানুষ কাজ করলেই সম্পদ বাড়ে। হিউম্যান হ্যান্ডস আর মোস্ট ইম্পর্টেন্ট। আর আমাদের প্রধানমন্ত্রী এক্ষেত্রে বিশেষ উৎসাহদাতা।

মানুষের স্বাভাবিক টেনডেন্সি হল উন্নয়ন। উন্নয়নের জন্য সুযোগ প্রয়োজন- সেই ‍সুযোগটা সরকার করে দিয়েছে।

আমরা যেটা করছি- তার যেন কোনো অসুবিধা না হয়। তার জন্য প্রয়োজন একটা পিসফুল ইনভায়রনমেন্ট। আমরা সেটা করে দেওয়ার চেষ্টা করেছি।

তবে একটা ব্যাপার এখনো আছে- আমাদের দেশে প্রতিপত্তিশালী ব্যক্তি, জনপ্রতিনিধি বা এমপিরা অনেক সময় অনেক অন্যায় করেন, মানুষ অত্যাচারিত হয়। তবে সবাই এরকম নয়। আর সরকারও এ বিষয়ে কঠোর। এটা আস্তে আস্তে ঠিক হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: ২০১৬ সালে দেশের অর্থনীতি নিয়ে কিছু বলবেন?

আবুল মাল আবদুল মুহিত: সামষ্টিক অর্থনীতিতে কতগুলো ইনডিকেটর (সূচক) আছে। এদের মধ্যে অন্যতম প্রধান হচ্ছে মূল্যস্ফীতি। এই মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণে এসেছে। আমরা ক্ষমতায় যখন এসেছিলাম তখন এর হার ডাবল ডিজিট ছিল। এখন সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে, ৫ দশমিক ৬।

অ্যানাদার ইম্পর্টেন্ট ইন্ডিকেটর ইজ ইনভেস্টমেন্ট (বিনিয়োগ)। ইনভেস্টমেন্ট আমরা অনেক বাড়িয়েছি। সরকারি ইনভেস্টমেন্ট বেড়েছে। এটা বাড়ানোর উদ্দেশ্য ছিল মোর প্রাইভেট ইনভেস্টমেন্ট। উদাহরণস্বরূপ এই যে আমাদের গ্রোথ বেড়ে গেছে। এর মূল কারণ পাওয়ার প্রোডাকশন বাড়ানো। প্রথম তিন বছরেই আমরা এটা করেছি।

থার্ড ইন্ডিকেটর হল এমপ্লয়মেন্ট (কর্মসংস্থান)। এমপ্লয়মেন্টে আমাদের প্রবলেম আছে এখনও। স্ট্যাটিসটিকস অনুযায়ী আনএমপ্লয়মেন্ট পপুলেশন এখন ফোর পারসেন্ট। এটা আরও কিছু দিন থাকবে…।

একটা অ্যাডভান্টেজ আমাদের আছে। আমরা প্রতিবছর বাইরে প্রায় ৫ লাখ লোক পাঠাচ্ছি, প্রতিনিয়ত দেশের বাইরে মার্কেট খোঁজার চেষ্টা করছি। ১৬০টি দেশে বর্তমানে আমাদের লোকজন যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: এরপরও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কমছে কেন?

আবুল মাল আবদুল মুহিত: হ্যাঁ, সাম্প্রতিক সময়ে আমাদের রেমিটেন্স কমে গেছে। সেটারও কারণ আছে- তাদের (প্রবাসী) আর্নিং কমে গেছে। তার একটি উদাহরণ হচ্ছে, সৌদি আরব। আমি খবর নিয়ে জানতে পেরেছি, সেখানে আগে যে কাজ আমাদের শ্রমিকরা ১০ রিয়ালে করত, তা এখন আট রিয়ালে করছে। অন্যান্য দেশের ক্ষেত্রেও এটা সত্য। তাদের আর্নিং কমেছে।

এছাড়া রেমিটেন্স কমার আরও একটা কারণ আছে, অনেক দেশেই আমাদের অনেক লোক (প্রবাসী) সেটেল হয়ে গেছে (নাগরিকত্ব পেয়ে স্থায়ীভাবে বসবাস)।আমি এটা নিয়ে খুব বেশি চিন্তিত নই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: আমদানি-রপ্তানি নিয়ে বলুন?

আবুল মাল আবদুল মুহিত: আমি আগেই বলেছি, আমাদের অর্থনীতির প্রধান সূচকগুলো বেশ ভালো। গত অর্থবছরে (২০১৫-১৬) আমাদের রপ্তানি আয়ে প্রায় ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। চলতি বছরেও (২০১৬-১৭) সে ধারা অব্যাহত আছে। গত কয়েক বছর ধরেই আমাদের রপ্তানি আয় বাড়ছে। এখন ভালো মানের পোশাক রপ্তানি করি। ভ্যালু এডিশনটা আমরা ভালো করি।

আর বিশ্ববাজারে জ্বালানি তেল এবং খাদ্যপণ্যের কম দাম আমাদের আমদানিতে, মোদ্দা কথা অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে। আমদানিতে খরচ কমায় রিজার্ভ বেড়েছে। এখন আমাদের রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের বেশি। এর একটা অংশ আমরা এখন বিনিয়োগে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।

জ্বালানি তেলের দাম আরেক দফা কমানোর চিন্তা করছি। জানুয়ারিতে সেটা হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: রিজার্ভের কথা বলছেন, কিন্তু রিজার্ভ থেকে অর্থ চুরি নিয়ে কিছু বলবেন?

আবুল মাল আবদুল মুহিত: হ্যাঁ, রিজার্ভ চুরির ব্যাপারটা একটা উল্লেখযোগ্য ঘটনা। এর আগে এরকম কোনো ঘটনা কোথাও হয় নাই। আমরা দোষারোপ করছি ফিলিপিন্সের রিজল ব্যাংককে। রিজল ব্যাংক রিয়েলি স্টুপিড…। তুমি চুরির টাকা পেয়েছ। এখন সেই টাকা দিচ্ছ না। আমরা অবশ্যই পুরো টাকা পাব।

তবে এটাও ঠিক যে ‘সাম ল্যাপস হেয়ার রেসপন্সিবল ফর দিজ’। এর প্রমাণ আমরা ইতোমধ্যে পেয়েছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় বিদেশি নাগরিক হত্যায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিদেশি বিনিয়োগে এক্ষত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে?

আবুল মাল আবদুল মুহিত: জঙ্গিরা বিদেশি নাগরিক হত্যা করতেই হলি আর্টিজানে হামলা করেছিল। আমরা কিন্তু বরাবরই জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। এখনও নিচ্ছি। বলা যায়, অনেকটাই সফল হয়েছি। অনেক দেশ আমাদের প্রশংসা করছে।

আমি জাপান সফরে গিয়েছিলাম। সেদেশের সরকারের সঙ্গে আলাপ করেছি। তাদের আমাদের অবস্থানের কথা বলেছি। তারা আশ্বস্ত হয়েছে। আমাদের বিদেশি বিনিয়োগে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: রাজস্ব আদায় বাড়ছে। এর প্রধান কারণ কী?

আবুল মাল আবদুল মুহিত: আসলেই আমাদের রাজস্ব আদায় পরিস্থিতি বেশ ভালো। এর কারণ হচ্ছে, জনগণ এখন কর দিতে চায়। সে যখন দেখছে দেশের উন্নয়ন হচ্ছে, সে উন্নয়নে অবদান রাখতেই কর দিতে উৎসাহিত হচ্ছে। বিশেষ করে আমাদের যুব সমাজ কর দিতে এগিয়ে আসছে…।

আর সে কারণেই অবাক করার মতো বিষয় হচ্ছে, আমাদের করদাতার সংখ্যা এক লাফে ২৫ লাখ হয়ে গেছে।

২০০৯ সালে আমাদের গত সরকারের প্রথম মেয়াদে আমি যখন প্রথম বাজেট দেই তখন আমাদের বাজেটের আকার ছিল ৯৭ হাজার কোটি টাকা। আমাদের এবারের বাজেটের আকার প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা। আমাদের আগামী বাজেটের (২০১৭-১৮) আকার হবে ৪ লাখ কোটি টাকার বেশি। আর আমাদের এই মেয়াদের শেষ বাজেট হবে ৫ লাখ কোটি টাকার বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়িয়েছে। পদ্মা সেতুসহ বড় বড় প্রকল্পের কাজ এগিয়ে চলছে। বিভিন্ন দেশ ও দাতা সংস্থা বাংলাদেশের প্রশংসা করছে। এ সব কীভাবে সম্ভব হয়েছে বলে মনে করেন আপনি?

আবুল মাল আবদুল মুহিত: আমার নিজেরই খুব খুশি লাগছে। আমি সব সময়ই আশাবাদী, প্রায়ই আমি বলি আমি ইনকরেজিবল অপটিমিস্ট। এটা আজকের কথা নয়। আমি যখন প্রথম বাজেট দিই, প্রায় চল্লিশ বছর আগে, তখনও বলেছি, সবসময়ই বলি। এক সময় মনে হয় যে, আশাবাদ সব চলে গেছে। ২০০০ সালের দিকে বয়স ৬৭ বছর চলছে, খুব দুঃখের সময় গিয়েছে। এত এত স্বপ্ন, বিশেষ করে ৬০ এবং ৭০ এর দিকে আমি অসংখ্য লেখা লিখেছি স্বপ্ন নিয়ে। এবং সেই সব লেখা আমার কাছে মোটেই অবাস্তব মনে হয়নি।

২০০১ সালে এই দূরাবস্থার মধ্যে যখন আছি- তখন শেখ হাসিনা আমাকে কাজে লাগালেন। ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত আমি শুধু তারই জন্য কাজ করেছি। এই সময়টা আমি তার বাড়িতেই প্রতিদিন অন্তত কয়েক ঘণ্টা কাজ করেছি। তিনি সেখানেই বাড়ির পেছনে আমাকে অফিস করে দিলেন। কারণ পুলিশের অত্যাচারে আমাকে দুই দিন পরে পরে অফিস বদলাতে হত। ওই সময়টাতে আমরা একটা রূপরেখা তৈরি করি যে, দেশটা কোথায় যাওয়া উচিত। আমরা রূপরেখা করি ২০২১ সাল পর্যন্ত। তার মধ্যে কিছুটা ইমিডিয়েট, কিছুটা বিস্তৃত।

অর্থাৎ আমি ২০২১ সালে বাংলাদেশকে কেমন দেখতে চাই, সেটা করলাম। করার ফলে মানুষ আমাদের কার্যক্রম মোটামুটিভাবে গ্রহণ করল এবং আমরা একটা বিরাট বিজয় পেয়ে ২০০৯ সালে ক্ষমতায় আসলাম। ক্ষমতায় এসে আমরা ওই যে রূপরেখা করেছিলাম- সেটা হয়ে গেল আমাদের দায়িত্ব। সেটা খুব বেশি লোকের কাছে নেই এই মুহূর্তে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা কপি আছে, আমার কাছে একটি আছে। আমরা দুজনই সেটা মাঝে মাঝে দেখি এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেন, এই যে আমরা এগোচ্ছি, সব কিছুর ‍মূলে রয়েছে সেই সময়কালের কার্যক্রম। আরেকটা সুযোগ আমরা পেলাম, টানা দুই মেয়াদ। এই আট বছর আমাদের বিশেষ সুযোগ করে দেয়। এই আট বছরে যা হচ্ছে, আমাদের স্বপ্ন মোর অর লেস যা ছিল তা পুরোপুরি বাস্তবায়নের পথে।

আমরা দেখতে পাচ্ছি কোথায় যাচ্ছি। তার ফলে যে পরিবর্তন করা প্রয়োজন তা করতে পারছি। এই সুযোগটা ইলেক্টরেটরা আমাদের করে দিয়েছে পার্টলি, আর পার্টলি বিএনপির নির্বুদ্ধিতার সুযোগ আমরা নিচ্ছি (হাসি...)। কিন্তু দেশের জন্য এটা অত্যন্ত মঙ্গলজনক হয়েছে আমার মনে হয়। তো… আমি খুশি। প্রধানমন্ত্রী হয়ত আমার চেয়ে একটু বেশি খুশি (আবার হাসি…)।

আরেকটা জিনিস হল, মানুষজন আমাদের খুব সহযোগিতা করেছে। এটাই যোগান দিচ্ছে- টু কন্টিনিউ টু বি অ্যাকটিভ, টু কন্টিনিউ টু বি ফোর্সড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: আপনি সব সময়ই সুশাসনের কথা বলেন। কিন্তু ব্যাংকিং খাতে সুশাসন বা শৃঙ্খলা ফিরে আসেনি। এ বিষয়ে আপনার আক্ষেপ আছে?

আবুল মাল আবদুল মুহিত: হ্যাঁ, আমাদের সরকারি ব্যাংকগুলোতে নানা ধরনের সমস্যা আছে। আমরা সে সমস্যা দূর করার চেষ্টা করছি। অভিজ্ঞদের ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়া হচ্ছে। আশা করছি, এ খাতে শৃঙ্খলা ফিরে আসবে।

বেসিক ব্যাংকের মূলধন ঘাটতি মেটাতে তাদের বন্ড দেওয়া হবে। তবে কী পরিমাণ দেওয়া হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির জন্য তৎকালীন চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে দায়ী করা হয়। আপনি নিজেও সেটা বলেছেন। কিন্তু তার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন?

আবুল মাল আবদুল মুহিত: সব প্রক্রিয়া চলছে । সে (বাচ্চু) কখনোই মাফ পাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: বছরের শেষ দিকে এসে পুঁজিবাজার ভালোর দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে কিছু বলবেন?

আবুল মাল আবদুল মুহিত: আমি বলব, আমাদের পুঁজিবাজার এখন ভালো, স্থিতিশীল। বিদেশি বিনিয়োগ আসছে, নতুন নতুন আইপিও আসছে। আরও আসার প্রক্রিয়ায় রয়েছে।

আমাদের এখানে শিল্প মালিকরা ব্যাংক থেকে ঋণ নিয়ে শিল্প গড়ে তুলতে চায়। এটা ঠিক নয়। পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করে শিল্প-প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এখন একটা অবস্থায় গিয়েছে। অনেকেই পুঁজিবাজার থেকে অর্থ নিয়ে শিল্প গড়ে তুলছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও বাজার স্বাভাবিক করতে অনেক কাজ করেছে। সব মিলিয়ে আগামীতে পুঁজিবাজার আরও ভালো হবে বলে আমি বিশ্বাস করি।