২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগকারীদের দ্রুত সেবায় হচ্ছে নতুন আইন

বাংলাদেশে বিনিয়োগকারীদের স্বল্প সময়ে দ্রুত সেবা দিতে ওয়ান স্টপ সার্ভিস আইন প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2017, 07:58 PM

Updated : 19 Aug 2022, 03:21 PM

সচিবালয়ে রোববার বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) উদ্যোগে ‘ইজ অব ডুয়িং বিজনেস’ বিষয়ক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামসহ ১৭টি মন্ত্রণালয় বিভাগের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন বলে এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিবকে উদ্ধৃত করে সরকারি ভাষ্যে বলা হয়, বিশ্বব্যাংক গ্রুপের সমীক্ষায় বিনিয়োগ পরিবেশের বিবেচনায় ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২০১৫ সালে ছিল ১৭৪তম ও ২০১৬ সালে ছিল ১৭৮তম।

২০১৭ সালে বাংলাদেশের অবস্থান দুই ধাপ উন্নীত হয়ে ১৭৬ হয়েছে জানিয়ে শফিউল আলম বলেন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ শেষে এই অবস্থান দুই অংকে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশ্বব্যাংক প্রকাশিত ‘ইজ অব ডুয়িং বিজনেস’ প্রতিবেদন দেশের অভ্যন্তরে ও বহির্বিশ্বে সংশ্লিষ্ট দেশে বিনিয়োগ পরিবেশ সম্পর্কে এমন শক্তিশালী বার্তা দেয় যা বিনিয়োগ ও সামগ্রিক উন্নয়নকে প্রভাবিত করে।

তিনি বলেন, এ প্রতিবেদনে যে ১০টি সাব-ম্যাট্রিক্স দ্বারা বিনিয়োগবান্ধব পরিবেশকে পরিমাপ করা হয়। এসব সাব-ম্যাট্রিক্সের বিষয়ে একটি সম্ভাব্য কার্যক্রম গৃহীত হয়েছে, যার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে তা দূরীকরণের প্রস্তাব করা হয়েছে।

“এসব প্রস্তাবনা এবং কার্যক্রম বাস্তবায়নে পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণের বিষয়ে সভায় আলোচনা হয়েছে। বৈশ্বিক ও আঞ্চলিক দেশগুলোর অভিজ্ঞতার আলোকে গৃহীত এ কার্যক্রম চূড়ান্ত করতে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে।”

বিডার নির্বাহী চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, “বিনিয়োগকারীরা যখন দেশে আসে তখন তাদের ক্লিয়ারেন্স, ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেটসহ নানা বিষয়ে অনুমতি ও সেবা গ্রহণের প্রয়োজন হয়।

“স্বল্প ব্যয়ে দ্রুত সময়ে এসব সেবা পেতে ওয়ান স্টপ সার্ভির জোরালো করার বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। ওয়ান স্টপ সার্ভিস আইন প্রণয়নের পূর্ব পর্যন্ত এ সার্ভিস দিতে একটি কার্যকর ও সমন্বিত কাঠামো প্রস্তাব করা হয়েছে, যাতে বিনিয়োগকারীরা সর্বোচ্চ সেবা পেতে পারেন।”

এই প্রস্তাবে আইন প্রণীত ও কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত আইনে বর্ণিত বিধানসমূহ প্রশাসনিক আদেশ দ্বারা প্রয়োগের বিধান থাকছে বলেও জানান বিডার নির্বাহী চেয়ার‌ম্যান।

বিনিয়োগ বোর্ড ও বেসরকারিকরণ কমিশনকে একীভূত করতে ২০১৫ সালের ২১ অগাস্ট বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন অনুমোদন দেয় মন্ত্রিসভা। গত ২৫ জুলাই আইনটি জাতীয় সংসদে পাস হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের আইনটি গত বছরের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে।

পুরনো খবর:

প্রথম নির্বাহী চেয়ারম্যান পেল বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ১ সেপ্টেম্বর কার্যকর
প্রথম সভায় বসছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ