প্রবাসী বন্ডে ৭৫ শতাংশ ঋণ
দেশে বিনিয়োগ বাড়াতে প্রবাসীদের তিন ধরনের বন্ডে ঋণ সুবিধা ঘোষণা করেছে সরকার।
এখন থেকে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ড জামানত রেখে বন্ড-মূল্যের ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ পাওয়া যাবে।
তবে এই ঋণের অর্থ শুধুমাত্র দেশের অভ্যন্তরে বিনিয়োগ করা যাবে, কোনোক্রমেই এই অর্থ বিদেশে স্থানান্তর করা যাবে না।
বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারটি বাংলাদেশ ব্যাংকের সকল অফিস এবং সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, বন্ডের মালিক তার নিজ নামে ব্যাংক থেকে ঋণ নিতে পারবে। এই বন্ডের বিপরীতে তৃতীয় কোনো ব্যক্তির ঋণ নেওয়ার সুযোগ পাবে না।
বাংলাদেশের বাইরে অবস্থিত কোনো বাংলাদেশি ব্যাংকের শাখায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ড জামানত রেখে কোনো ঋণ নেওয়া যাবে না। তবে দেশের বাইরের ব্যাংক শাখা থেকে কেনা বন্ড জামানত রেখে দেশের ভেতর থেকে ঋণ নেওয়া যাবে।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বর্তমানে তিনটি বন্ড চালু রয়েছে। এগুলো হলো- ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ইউএস ডলার প্রিমিয়াম বন্ড।
এসব বন্ড ডলারে কিনতে হয়।
