২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি: দিন বদলেছে পাহাড়ি নারীর

আস্তানিয়া ত্রিপুরা। ৮২ বছর বয়সের এই বৃদ্ধের পুরো জীবনই কেটেছে পাহাড়ে। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে পাহাড় থেকে নেমে আসা ঝর্নার পানি (ছড়া) সংগ্রহ করে সেই পানি পান করতেন এতদিন। গোসল, রান্না-বান্না, থালা-বাসন ধোয়া থেকে শুরু করে অন্যান্য সব কাজই চলত এই পানি দিয়ে…। সুপেয় বা বিশুদ্ধ পানি কী- জানতেন না এতদিন।

আবদুর রহিম হারমাছি

বান্দরবান থেকে ফিরে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 12:45 AM

Updated : 11 Oct 2022, 09:23 PM

কিন্তু দিন পাল্টে গেছে। জীবনের বাকি সময়টা পানির জন্য আর কষ্ট করতে হবে না জানিয়ে বেজায় খুশি বান্দরবান শহর থেকে ৭০ কিলোমিটার দূরে লামা উপজেলার সারই ইউনিয়নের টংগঝিড়ি পাড়ার বাসিন্দা আস্তানিয়া।

বললেন, “আনেক উপকার হইছে। কষ্ট নাই। আগে এক কলসি পানি আনতেই দেড়-দুই ঘণ্টা চলে যেত। এমনও দিন গেছে দুই-তিন দিন গুসল করিনি। এখন বাড়ির পাশেই টিবওয়েলের পানি।”

শুধু আস্তানিয়া ত্রিপুরা নয়, বান্দরবান জেলার অজ পাড়া গা বলিপাড়া, চিম্বুক পাবলা হেডম্যান পাড়া এবং টংগঝিড়ি পাড়ার দেড় হাজার দরিদ্র মানুষের আর পানির সংকট নেই। উন্নয়ন সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির আর্থিক সহায়তায় পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় তিনটি প্রকল্প বাস্তবায়ন হওয়ায় এই মানুষগুলোর মুখে ফুটে উঠেছে হাসি…।

তারা এখন বিশুদ্ধ পানি পান করছেন। সেই পানি দিয়ে সব কাজ সারছেন। যখন-তখন ডায়রিয়া বা পেটের অসুখ হয় না।

১৯ ও ২০ নভেম্বর সরেজমিন এই তিন পাড়া ঘুরে নানা প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা অসহায় দরিদ্র মাসুষগুলোর সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

২০১১ সালের ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় ৫০৫ কোটি টাকার পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্পটি (২য় পর‌্যায়) অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় মাত্র ৫০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত ছোট তিন প্রকল্পই বদলে দিয়েছে দেড় হাজার মানুষের ভাগ্য।

টংগঝিড়ি পাড়ায় এখন আনন্দের বন্যা

লামার টংগঝিড়ি পাড়ায় ৫২ পরিবারের বসবাস। সব মিলিয়ে সাড়ে চারশ লোক বাস করে এই পাড়ায়। এডিবির অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় প্রত্যন্ত এলাকার পাহাড়ের বাসিন্দাদের পানি সমস্যা সমাধানের জন্য দুটি ‘রিং ওয়েল’ বসানো হয়েছে।

Image
লামার টংগঝিড়ি পাড়ায় পাহাড়ের একটু নীচে টিউবওয়েল থেকে সুপেয় পানি নিয়ে সিঁড়ি বেয়ে উঠছেন মহিলারা।

লামার টংগঝিড়ি পাড়ায় পাহাড়ের একটু নীচে টিউবওয়েল থেকে সুপেয় পানি নিয়ে সিঁড়ি বেয়ে উঠছেন মহিলারা।

পাড়াহের ছড়ার পানি পাইপের মাধ্যমে এই ‘রিং ওয়েলে’ এসে জমা হয়। এর সাথে বসানো টিউবওয়েল দিয়ে সেই পানি সংগ্রহ করে এখন খাওয়া-রান্না-বান্না সব কিছুই করছেন টংগঝিড়ি পাড়ার মানুষ।

পাহাড়ের একটু নিচে বসানো টিউবওয়েল থেকে সহজে পানি উঠানোর জন্য সিঁড়িও তৈরি করে দেওয়া হয়েছে।

“এতদিন দূরে কুয়ায় জমা হওয়া ছড়ার পানি এনে খেয়ে ডায়রিয়া হত। ওষুধ কিনতে হত। এখন হয় না। অনেক উপকার, কষ্ট নাই,” বলেন এক ছেলে ও এক মেয়ের মা জনতি ত্রিপুরা।

শুধু পানি সমস্যার সমাধান নয়; চাষাবাদের জন্য দুটি পাওয়ার টিলারও কিনে দেওয়া হয়েছে প্রকল্পের টাকা দিয়ে। গঠন করে দেওয়া হয়েছে পাড়া উন্নয়ন কমিটি।

পাওয়ার টিলার দিয়ে জমি চাষের জন্য একটি নির্দিষ্ট অংকের টাকা দিতে হয় কৃষকদের। সেই টাকা কমিটির মাধ্যমে ব্যাংকে জমা হয়। জমানো টাকা দিয়ে রিং ওয়েল-টিউবওয়েল, সিঁড়ি মেরামতসহ পাড়ার অন্যান্য উন্নয়ন কাজ করার সিদ্ধান্ত নিয়েছে পাড়া উন্নয়ন কমিটি।

Image
পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছেন কৃষক

পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছেন কৃষক

কমিটির সভাপতি কৃঞ্চ চন্দ্র ত্রিপুরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের পাড়ায় সব কিছুই এখন পরিচালিত হয় উন্নয়ন কমিটির মাধ্যমে। আমাদের পানির কষ্ট গ্যাছে। পাওয়ার টিলার পাওয়ায় কৃষি কাজও বেড়েছে। ধান, পেপে, কলাসহ নানান ধরনের ফসল ফলাচ্ছি। আয়ও বাড়ছে সবার।”

এই প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হয়েছে ১৩ লাখ টাকা, যার ৮৩ শতাংশই দিয়েছে এডিবি। বাকিটা সরকার দিয়েছে।

বলিপাড়ায় এখন ঘরে ঘরে সুপেয় পানি

বান্দরবান জেলা সদর থেকে ৭১ কিলোমিটার দূরে থানচি উপজেলার দুর্গম বলিপাড়া গ্রামে সুপেয় পানির কোনো উৎস ছিল না। এই গ্রামের প্রায় একশ মারমা পরিবারের ৫০০ বাসিন্দাকে দেড় কিলোমিটার দূরে সাঙ্গু নদীর পানি বয়ে নিয়ে এসে সেই পানি পান করতেন। অন্যান্য সব কাজও সারতে হত এই সাঙ্গু নদীর পানি দিয়ে।

Image
বলিপাড়ায় টিউবওয়েল ও রিজার্ভার ট‌্যাংক থেকে বিশুদ্ধ পানি তুলছেন মহিলারা

বলিপাড়ায় টিউবওয়েল ও রিজার্ভার ট‌্যাংক থেকে বিশুদ্ধ পানি তুলছেন মহিলারা

অনেক সময় কর্ণফুলী নদী থেকে ভেসে আসা শিল্প বর্জ্যসহ বিভিন্ন ধরনের বর্জ্যের কারণে সাঙ্গুর পানি পান বা রান্নার কাজে ব্যবহার করা যেত না। তখন তিন কিলোমিটারেরও বেশি দূরে পাহাড়ের ছড়া (পাহাড়ের যে জায়গা দিয়ে পানি নেমে আসে) থেকে পানি এনে খাওয়া ও রান্নার কাজ সারতে হত।

পাহাড় থেকে পানি সংগ্রহে পরিবারের এক বা দুজন সদস্যের প্রায় পুরো দিন চলে যেত। এত কষ্ট করে ছড়া থেকে পানি সংগ্রহ করলেও পানিবাহিত রোগবালাই থেকে রেহাই পেত না বলিপাড়ার মারমারা। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা প্রায়ই ভুগত পেটের পীড়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে।

এখন দিন পাল্টে গেছে। তিন কিলোমিটার দূরে পাহাড়ের সেই ছড়া ২০ মিটারের একটি ‘ড‌্যামে’ জমানো হয়। পরে সেই পানি বিশুদ্ধ করে পাইপলাইনে দুটি বড় ‘ওয়াটার রিজার্ভার ট‌্যাংকে’ পৌঁছে দেওয়া হচ্ছে গ্রামে। চারটি ডিপ টিউবওয়েলে সরবরাহ করা হচ্ছে সেই বিশুদ্ধ পানি।

দুটি রিজার্ভার ট‌্যাংক এবং চারটি টিউবওয়েলের পানি দিয়ে এখন সব কাজ সারছেন বলিপাড়া গ্রামের মানুষ।

Image
বলিপাড়ায় টিউবওয়েল ও রিজার্ভার ট‌্যাংক থেকে বিশুদ্ধ পানি তুলছেন মহিলারা

বলিপাড়ায় টিউবওয়েল ও রিজার্ভার ট‌্যাংক থেকে বিশুদ্ধ পানি তুলছেন মহিলারা

আর এতেই আনন্দে আটখানা প্রুগেসিং মারমা। এই বছর স্নাতক পাস করা এই শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখন খুশি। আমাদের অনেক উপকার হইছে। এখন আর আমাদের নদী থেকে পানি এনে রান্না-বান্না করতে হয় না।”

প্রপি প্রু মারমা বললেন, আরও একটি রিজার্ভার ট‌্যাংক হলে ভালো হয়।

ইউনিয়ন পরিষদ সদস্য সাথুইখয় মারমা বলেন, “এক মাস হলো এইগুলো চালু হইছে। এখন আর আমাদের পানির কোনো সমস্যা নেই।”

এই প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হয়েছে ১২ লাখ ৭২ হাজার ৭১৫ টাকা।

এর ৮৩ শতাংশই দিয়েছে এডিবি। বাকি অর্থ সরকারের কোষাগার থেকে যোগান দেওয়া হয়েছে।

চিম্বুক পাবলা হেডম্যানপাড়া

পানি সমস্যা মিটে গেছে দেশের সবচেয়ে উঁচু স্থান চিম্বুকের পাবলা হেডম্যানপাড়ার মুরং সম্প্রদায়ের।

পাহাড় থেকে নেমে আসা পানি ধরার জন্য তৈরি হয়েছে কংক্রিটের চৌবাচ্চা। আর সাধারণ কাজে ব্যবহারের পানির অভাব দূর করতে পাহাড়ের খাদে ১৫ মিটার বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে পুকুর।

এখানকার মুরং সম্প্রদায়ের ৭২ পরিবারের জন্য পুকুর ও ছড়া থেকে পানি নিতে ৭৫ মিটার খাড়া সিঁড়ি তৈরি করা হয়েছে। নির্মাণ করা হয়েছে মূল সড়কে যেতে ৫১০ মিটার হাঁটার রাস্তা।

Image
চিম্বুক পাবলা হেডম্যানপাড়ায় কংক্রিটের চৌবাচ্চা থেকে পানি নিচ্ছেন বাসিন্দারা। পাশেই বাঁধ দিয়ে তৈরি করা পুকুর

চিম্বুক পাবলা হেডম্যানপাড়ায় কংক্রিটের চৌবাচ্চা থেকে পানি নিচ্ছেন বাসিন্দারা। পাশেই বাঁধ দিয়ে তৈরি করা পুকুর

চৌবাচ্চায় জমা হওয়া ছড়ার পানি খাওয়া ও রান্না-বান্নায় ব্যবহার করেন এখানকার বাসিন্দারা। আর পুকুরের পানিতে গোসল ও অন্যান্য কাজ সারেন।

এলাকার বাসিন্দা রেংচং মুড়ং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে এই গ্রাম থেকে পাহাড়ের একেবারে উপরে মূল রাস্তায় উঠা ছিল খুব কঠিন। কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়া যেত না। উৎপাদিত ফসলও বিক্রি করতে নিয়ে যাওয়া যেত না। নষ্ট হত। এখন সব দিক দিয়েই উপকার হইছে।”

এই তিন প্রকল্পের মধ্যে চিম্বুক পাবলা হেডম্যানপাড়ার উন্নয়ন প্রকল্পের কাজেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয়েছে; ২৫ লাখ ৭২ হাজার টাকা। এতেও ৮৩ শতাংশ অর্থ দিয়েছে এডিবি; বাকিটা সরকার।

এডিবি ঢাকা অফিসের জ্যেষ্ঠ প্রকল্প পরিচালক (আরবান ইনফ্রাস্ট্রাকচার) শহীদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এডিবির মূল উদ্দেশ্য ছিল সরকারের সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) মাধ্যমে অর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে পাহাড়ি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন। এ জন্য স্থানীয় জনগণের পরামর্শে তাদের সবচেয়ে প্রয়োজনীয় বিষয় বিচার-বিশ্লেষণ করে প্রকল্প নেওয়া হয়।

“এই তিন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এডিবির লক্ষ্য পূরণ হয়েছে বলে আমি মনে করি।”

প্রকল্পের উপ-পরিচালক যোগেশ চন্দ্র তঞ্চঙ্গ্যা বলেন, পরিবেশ রক্ষা করে পাহাড়িদের আর্থসামাজিক উন্নয়নে এই তিন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। মূল লক্ষ্য ছিল এই তিন গ্রামের বাসিন্দাদের ভাগ্যের উন্নয়ন।

“আশা করছি সেটা সফল হবে।”

যোগেশ চন্দ্র বলেন, এডিবির অর্থায়নে প্রায় ৫০০ কোটি টাকার পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ে কাজ শেষ হওয়ার পরই দ্বিতীয় পর্যায়ের প্রকল্পটি হাতে নেওয়া হয়।

প্রথম প্রকল্পের প্রায় সব অর্থই ব্যয় হয় রাস্তা-ঘাট ও সেতু নির্মাণে। দ্বিতীয় প্রকল্পটি মূলত পাহাড়ি এলাকার মানুষের অর্থ-সামাজিক উন্নয়নের জন্যই হাতে নেওয়া হয়।

২০১১ সালে একনেকে অনুমোদন পাওয়া এই প্রকল্পের সব কাজ ২০১৯ সালে শেষ হওয়ার কথা রয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক কাউন্সিল ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে।