২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিটার্ন নিতে এ মাসে ছুটি নেই আয়কর অফিসে  

ব‌্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর বিবরণী জমা নিতে চলতি নভেম্বরে ছুটির দিনগুলোতেও খোলা থাকবে সব কর কার্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 07:07 PM

Updated : 12 Apr 2022, 03:21 AM

এসব কার্যালয়ে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত করদাতারা তাদের আয়কর বিবরণী (রিটার্ন) জমা দিতে পারবেন।

আয়কর বিবরণী জমা দেওয়ার সময়সীমা পার হওয়ার এক সপ্তাহ আগে সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “৩০ নভেম্বর কর দিবস পালিত হবে। ওই দিন রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। ৩০ নভেম্বরের পর জরিমানা ছাড়া কেউ রিটার্ন জমা দিতে পারবেন না।

“সে কারণেই করদাতাদের সুবিধার্থে সপ্তাহজুড়ে এ সুযোগ দেওয়া হয়েছে।”

অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন ২৫ ও ২৬ নভেম্বরও অন‌্য দিনের মতো সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত আয়কর বিবরণী জমা নেবে কর কার্যালয়গুলো।

বাংলাদেশে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নম্বরধারীর সংখ‌্যা ১৮ লাখের মতো। এর মধ‌্যে গত বছর আয়কর বিবরণী জমা দেন ১৩ লাখ।

এবার নভেম্বরের শুরুতে এনবিআর আয়োজিত মেলায় প্রায় দুই লাখ আয়কর বিবরণী জমা পড়ে।

চলতি ২০১৬-১৭ অর্থবছরে মোট ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ধরেছে সরকার।

এরমধ্যে এনবিআরকে আদায় করতে হবে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা।

আয়কর থেকে আদায়ের লক্ষ্য ধরা আছে ৭১ হাজার ৯৪০ কোটি টাকা।

গত ১ থেকে ৭ নভেম্বর সারা সপ্তাহব্যাপী আয়কর মেলা থেকে ২ হাজার ১৩০ কোটি টাকার কর আদায় হয়েছে বলে এনবিআর কর্মকর্তারা জানান।

পুরনো খবর:

করদাতার সংখ্যা বাড়ায় সন্তুষ্ট অর্থমন্ত্রী
মেলায় ২১৩০ কোটি টাকার কর আদায়