ব্যবসা পরিবেশ সূচকে ‘বিপ্লব ঘটাতে’ যৌথসভা বসছে
বিশ্ব ব্যাংকের ব্যবসা পরিবেশের সূচকে বাংলাদেশের অবস্থান আগামী চার বছরে ৭৬ ধাপ এগিয়ে কী করে প্রথম ১০০ দেশের তালিকায় আনা যায়, তার পরিকল্পনা সাজাতে বসছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ; যে প্রতিষ্ঠানের উপর রয়েছে দেশের বিনিয়োগের গতি বাড়ানোর ভার।
সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আগামী শনিবার এই যৌথ সভা হবে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পরিচালক তৌহিদুর রহমান খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের টার্গেট ব্যবসা পরিবেশের সূচকে বাংলাদেশকে ১০০ দেশের তালিকায় নিচে নামিয়ে আনা এবং জিডিপি প্রবৃদ্ধি ডাবল ডিজিটে (১০ শতাংশ) নিয়ে যাওয়া।
“আর এটা যদি আমরা করতে পারি তাহলে ব্যবসা পরিবেশ সূচকে বিপ্লব ঘটাতে পারব বলে মনে করি।”
তিনি জানান, গত ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিডার প্রথম বোর্ডসভায় বিশ্ব ব্যাংকের ব্যবসা পরিবেশের সূচকে বাংলাদেশের অবস্থান আগামী চার বছরে অর্থাৎ ২০২০ সালের মধ্যে ডাবল ডিজিটে (১০০ দেশের তালিকার মধ্যে) নিয়ে আসার লক্ষ্যে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে।
তৌহিদুর রহমান বলেন, বোর্ডসভার সিদ্ধান্তের আলোকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে প্রধান করে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্স ইতোমধ্যেই কাজ শুরু করেছে।
বাংলাদেশের বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর
ওই সব সিদ্ধান্তের আলোকেই বোর্ডসভার ১০ দিনের মাথায় আগামী শনিবার এই যৌথসভা বসতে যাচ্ছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই সভা চলবে।
মুখ্যসচিব আবুল কালাম আজাদ, বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তা এবং ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও বিভিন্ন চেম্বার-অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বৈঠকে থাকবেন।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক সদর দপ্তরের একজন শীর্ষ অর্থনীতিবিদ যৌথসভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
বিশ্ব আর্থিক খাতের মোড়ল বিশ্ব ব্যাংক গ্রুপের ‘ডুয়িং বিজনেস ২০১৭’ প্রতিবেদনে ব্যবসা করার পরিবেশের দিক দিয়ে বিশ্বের ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এবার ১৭৬ নম্বরে। গতবছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ১৭৮ নম্বরে ছিল।
ব্যবসায়ীদের ওপর জরিপ চালিয়ে দশটি মাপকাঠির বিচারে এই সূচক প্রকাশ করে বিশ্ব ব্যাংক গ্রুপ। এই মাপকাঠিগুলো হল- নতুন ব্যবসা শুরু করা, অবকাঠামো নির্মাণের অনুমতি পাওয়া, বিদ্যুৎ সুবিধা, সম্পত্তির নিবন্ধন, ঋণ পাওয়ার সুযোগ, সংখ্যালঘু বিনিয়োগকারীদের সুরক্ষা, কর পরিশোধ, বৈদেশিক বাণিজ্য, চুক্তি বাস্তবায়ন ও দেউলিয়া হওয়া ব্যবসার উন্নয়ন সহজীকরণ।
চলতি বছরের প্রতিবেদনে এর মধ্যে দুটি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি হলেও চার ক্ষেত্রে অবনমন ঘটেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল আফগানিস্তানের অবস্থানই বাংলাদেশের নিচে।
সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ শেষে, অর্থাৎ ২০২০ সাল নাগাদ এই সূচকে বাংলাদেশের অবস্থান কী করে ১০০ এর নিচে নামিয়ে আনা যায়, সেই পরিকল্পনা সাজাতে চায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ।
এই সংস্থা আশা করছে, দেশে বিনিয়োগ পরিবেশের উন্নয়নের জন্য শনিবারের সভা ব্যক্তি খাতে সচেতনতা সৃষ্টিতে সহায়ক হবে।
বেসরকারিকরণ কমিশন ও বিনিয়োগ বোর্ডকে একীভূত করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার পর গত ৯ নভেম্বর এর পরিচালনা পর্ষদের প্রথম বৈঠক হয়। এর আগে ছয় বছরে বিনিয়োগ বোর্ডের কোনো সভা হয়নি।
ব্যবসা পরিবেশের সূচকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার বিষয়ে ওই সভায় একটি প্রস্তাব উপস্থাপন করা হয়, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পায়।
সেই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর প্রতিনিধি এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে যৌথসভায় বসছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম।
