২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যাট: দোকান মালিকদের দাবিতে মুহিতের ‘না’

বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে দোকান ও বিপণি বিতান বন্ধ রেখে ব্যবসায়ীরা ধর্মঘট পালন করে ফের একই কর্মসূচির হুমকি দিলেও অবস্থান বদলাচ্ছেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 05:51 PM

Updated : 20 Aug 2022, 02:12 PM

সচিবালয়ে বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) চলতি অর্থ বছরের ট্যাক্স গাইডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থমন্ত্রী ভ্যাট নিয়ে আগের অবস্থানেই থাকার কথা জানান।

মন্ত্রী বলেন, “ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করলেন একদিন। আরেকদিন করবেন উনারা বলেছেন, যদি এই সময়ের মধ্যে তাদের দাবি গৃহীত না হয়।

“দাবিটা হচ্ছে, আমি যেভাবে দেখছি যে, আমরা ভ্যাট দেব না। দ্যাটস দি দাবি যে, আমরা ভ্যাট দেব না। স্যরি দ্যাট ইজ হাউ আই ইন্টারপ্রেট ইট এবং দ্যাট ইজ নট অ্যাকসেপটেবল, অ্যাট অল নট অ্যাকসেপটেবল।”

ডিসিআই প্রতিনিধিদের উদ্দেশে মুহিত বলেন, “দিস মেসেজ ইজ ফর ইউ- ভ্যাট থাকবে, বিকজ ইট ইজ দি বেস্ট ট্যাক্স দ্যাট ওয়ান ক্যান হ্যাভ ইন এনি কান্ট্রি।”

বর্তমানে দোকান মালিকরা প‌্যাকেজ ভ‌্যাট বা বিক্রির উপর বছরে নির্দিষ্ট অঙ্কের ভ‌্যাট এনবিআরকে দিয়ে থাকেন। তবে ২০১২ সালের ‘মূসক ও সম্পূরক শুল্ক আইন’-এ তা পরিবর্তন করে ১৫ শতাংশ হারে ভ‌্যাট আদায়ের নিয়ম করা হয়।

এ বছরের জুলাই থেকে নতুন পদ্ধতিতে ভ‌্যাট আদায়ের কথা থাকলেও ব‌্যবসায়ীদের দাবির মুখে অর্থমন্ত্রী তা এক বছর পিছিয়ে দেন। তবে প‌্যাকেজ ভ‌্যাটের পরিমাণ দ্বিগুণ করা হয়।

ব‌্যবসায়ীরা বর্ধিত কর বাতিলের সঙ্গে প‌্যাকেজ ভ‌্যাট বহালের দাবি জানিয়ে আসছেন। সেই দাবিতে ব্যবসায়ী ঐক্য ফোরাম গত ২ নভেম্বর ধর্মঘটের পর ২০ নভেম্বরের মধ্যে দাবি পূরণে সরকারকে সময় দিয়েছে।

ব্যবসায়ীরা ঠিকমতো হিসাব না রাখায় কর দিতে গিয়ে গোলমালে পড়েন বলে মন্তব‌্য করেন অর্থমন্ত্রী।

“আপনি দুইবার ট্যাক্স দেন, আরেকজন কী করছেন চারবার ট্যাক্স দেন। চার বার ট্যাক্স দিলে চারজনে মিলে ফিফটিন পার্সেন্ট হবে। যেহেতু আপনি অ্যাকাউন্টস ঠিক রাখেন না, সুতরাং আপনার এটা চার পনের ষাট পার্সেন্ট হয়ে যায়, ইট শুড বি ফিফটিন পার্সেন্ট।”

ডিসিসিআইয়ের সহ-সভাপতি খন্দকার আতিক-ই-রব্বানীর নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

ডিসিসিআইয়ের পরিচালক এ কে ডি খায়ের মোহাম্মদ খান বলেন, “আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা বার্নিং ইস্যুতে আছি আপনাদের কাছে আমাদের সাবমিশন হল এই ইস্যুটাকে আপনি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনে সুব্যবস্থা করবেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“ভ্যাট ১৪ হাজার থেকে ২৮ হাজার টাকা করা হয়েছে। এটাকে যুক্তিসঙ্গত করে দিলে তাহলে আমরাও দিতে পারব, আপনারও ট্যাক্স বাড়বে, আমরা ঝামেলামুক্তভাবে ব্যবসা করতে পারব।”

ডিসিসিআইয়ের পরিচালক আলাউদ্দিন মালিক জানান, ৭৭ হাজার জনের নিবন্ধন থাকলেও তাদের মধ্যে মাত্র ১১ হাজার ভ্যাট দেন। ভ্যাট সহনশীল করলে এই ফারাক কমে আসবে।

“আমরা পোশাক উৎপাদন করি। আমরা চার বার ভ্যাট দিচ্ছি। কিন্তু মুক্তবাজার অর্থনীতির নামে যে তৈরি পোশাক আসছে তারা কিন্তু দুই বার ভ্যাট দিচ্ছে।”

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, “এখন ইসিআর মেশিন ব্যবহারে জোর দিচ্ছি। … নিবন্ধন করতে ভ্যাট অনলাইন সফটওয়্যার তৈরি হয়েছে।”

একটি বেসরকারি প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী দেশে ছয় লাখ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলেও জানান মুহিত।

ভ্যাটদাতাদের সংখ্যা বেড়ে গেলে ভ্যাটের হার কমানো ‘কোনো সমস্যা না’ বলেও ব্যবসায়ী নেতাদের জানান তিনি।

মুহিত বলেন, “আমরা ১৫ শতাংশ দিয়েছি এটা ভালো রেইট। এই মুহূর্তে এটা বাড়ানোর কোনো ইচ্ছা নাই, বাট এটা কমাতে পারি।”

ভ্যাট প্রথম চালু করা দেশ ফ্রান্সে এখনও তিন ধরনের হার এবং যুক্তরাজ্যে অসংখ্য হার থাকার কথা জানান তিনি।

ব‌্যবসায়ী প্রতিনিধি দলটি ‘ট্যাক্স কার্ড’ আরও বাড়ানোর দাবি জানান।

খন্দকার আতিক বলেন, “ট্যাক্স মেলার আয়োজন করার মানুষ ট্যাক্স দিতে উৎসাহী হচ্ছেন। গ্রে-ইকোনমি যেন আরও গ্রো না করে এজন্য কাস্টমস নিয়ম-কানুন যা কিছু আছে সেগুলোর সিম্লিফিকেশন ও রিভিশন দরকার।”

ঢাকার আগারগাঁয়ের পাশাপাশি পুরান ঢাকার ব্যবসায়ীদের সুবিধায় অফিসার্স ক্লাবেও আয়কর মেলা করার দাবি জানান খায়ের।

এনবিআর চেয়ারম্যান নজিবুর বলেন, আয়কর মেলা সম্প্রসারণে অর্থমন্ত্রীর নির্দেশনা রয়েছে।

পুরনো খবর:

বর্ধিত ভ্যাট বাতিলে দোকানপাটে ফের ধর্মঘটের হুমকি