২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাকে রাজস্ব যত আসে, যায় তার বেশি: স্বাস্থ‌্য প্রতিমন্ত্রী

তামাক পণ‌্য থেকে যে রাজস্ব সরকার পায়, এর কারণে স্বাস্থ‌্য খাতে তারও বেশি অর্থ ব‌্যয় হয় বলে জানিয়েছেন স্বাস্থ‌্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2016, 09:31 PM

Updated : 20 Aug 2022, 02:11 PM

বুধবার মন্ত্রণালয়ে ‘লাং ক্যান্সার গ্রাফিক হেলথ ওয়ার্নিং’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি তামাকের ক্ষতির কথা বলতে গিয়ে ক্ষতির এই দিকটি তুলে ধরেন।

তামাক নিয়ন্ত্রণে সরকারের তৎপরতার কথা তুলে ধরে জাহিদ মালেক বলেন, “জানি সরকার একটি রেভিনিউ পায়। কিন্তু রেভিনিউর থেকেও বেশি সরকারের খরচ হয় হেল্থ সেক্টরের মাধ্যমে।

“যে সব রোগীরা তামাক সেবনের কারণে অসুস্থ হয়ে আমাদের হাসপাতালে আসে, তাদেরকে দীর্ঘ সময় চিকিৎসা দিতে হয়। তা আমাদের হেল্থ সেক্টরে একটা চাপ পড়ে।”

তামাক চাষ নিরুৎসাহিত করতে সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, তামাক পণ্যে কর অনেক বাড়ানো হয়েছে। এছাড়া কৃষি জমিতেও তামাক চাষের ওপর বিধিনিষেধ রয়েছে।

এক্ষেত্রে বাধার দিকটি তুলে ধরে তিনি বলেন, “মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো অনেক শক্তিশালী। তাছাড়া স্থানীয়ভাবেও কিছু কোম্পানি আছে, যারা তামাকের পণ্য তৈরি করে।”

ধূমপানের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘লাং ক্যান্সার গ্রাফিক হেলথ ওয়ার্নিং’ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম, ভাইটাল স্ট্রাটেজিসের কান্ট্রি অ‌্যাডভাইজার শফিকুল ইসলামসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।