২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসডিজি অর্জনে বাংলাদেশকে ১২০ কোটি ডলার দেবে জাতিসংঘ

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের সহায়তার অংশ হিসেবে আগামী চার বছরে বাংলাদেশকে ১২০ কোটি ডলার সহায়তা দেবে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 12:33 AM

Updated : 11 Oct 2022, 09:00 PM

বৃহস্পতিবার এ বিষয়ে ‘জাতিসংঘ উন্নয়ন সহযোগিতা কাঠামো (ইউএনডিএএফ) ২০১৭-২০২০’ শিরোনামের একটি চুক্তি সই হয়েছে।

এতে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিন্স সই করেন।

এসডিজির প্রধান লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যের হার শূন্যে (৩ শতাংশের নীচে) নামিয়ে আনা।

বিশ্ব ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে হতদরিদ্র্যের হার ১২ দশমিক ৯ শতাংশ।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অবশ্য ঘোষণা দিয়েছেন, ২০৩০ সালের আগেই বাংলাদেশে দারিদ্র্য শুন্যে নামিয়ে আনবেন।

এর আগের চুক্তিটি পাঁচ বছর মেয়াদী ছিল। এবার তা ৪ বছরের জন্য করা হয়েছে। বাংলাদেশ সরকারের সপ্তম পঞ্চ-বার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতিসংঘ এ সহায়তা দেবে, যা তিনটি বিষয়ভিত্তিক কার্য-ফলাফলের ওপর কেন্দ্রীভূত।

এগুলো হলো- মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধি। এই তিন ক্ষেত্রের মাধ্যমে জাতিসংঘ বাংলাদেশের সব মানুষের সমান অধিকার, প্রবেশাধিকার ও সুযোগ নিশ্চিত করা। পাশাপাশি পরিবেশগত স্থিতিশীলতা তৈরি, মানব সক্ষমতা বৃদ্ধি এবং সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা।

রবার্ট ওয়াটকিন্স বলেন, এই ফ্রেমওয়ার্কের মূল উদ্দেশ্য হলো টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে সরকারকে সহযোগিতা করা- যেন তা সবার জন্য সমানভাবে প্রযোজ্য এবং সমন্বিতভাবে কার্যক্ষম হয়।

“এই ফ্রেমওয়ার্কটি জাতিসংঘের সংস্থাসমূহের এসডিজি সম্পর্কিত কাজের অগ্রাধিকার তৈরি এবং লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য একটি পথনির্দেশক হিসেবে কাজ করবে। একই সঙ্গে এই ফ্রেমওয়ার্ক ভিশন ২০২১ এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত।”

এই নতুন ফ্রেমওয়ার্ক বাংলাদেশ ও তার জনগণের অগ্রগতির জন্য সরকার ও জাতিসংঘের মধ্যে বন্ধন আরও দৃঢ় করেছে মন্তব্য করে তিনি বলেন, এটি বাংলাদেশে জাতিসংঘের সংস্থাসমূহকে ‘এক হিসেবে কাজের’ সুযোগ করে দিয়েছে।

“এর মাধ্যমে জাতিসংঘের সংস্থা, তহবিল ও কার্যক্রমগুলো একটি সমন্বিত, সুসঙ্গত এবং সহযোগিতামূলকভাবে বাংলাদেশের জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে একযোগে কাজ করে যাবে।”

মানবাধিকার, লিঙ্গ সাম্যতা ও নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন ও সক্ষমতা, কাউকে পেছনে ফেলে এগিয়ে না চলা, এক দায়িত্ববোধ এই বিষয়গুলো জাতিসংঘের নিয়ম, মানদণ্ড এবং নীতি থেকে উদ্ভূত মূল কার্যক্রমের উপাদানের মধ্যে রয়েছে।

এসব মূল উপাদান পরিষ্কারভাবে এই নতুন ফ্রেমওয়ার্কে প্রতিফলিত হয়েছে বলে জানান রবার্ট ওয়াটকিন্স।

ইআরডি সচিব মেজবাউদ্দিন জাতিসংঘের সংস্থাসমূহকে বাংলাদেশের উন্নয়ন তরান্বিত করতে তাদের কারিগরি ও কর্মসূচিগত সহযোগিতা অব্যাহত রাখার জন্য এই নতুন ফ্রেমওয়ার্ককে স্বাগত জানান।

“দ্রুত প্রাথমিক পদ্ধতিগুলো তৈরি হলে যথাযথ সময়ের মধ্যে কার্য বাস্তবায়ন ও তহবিল কার্যক্ষম করা যাবে।”

সবশেষ গত পাঁচ বছরে বাংলাদেশকে ১৭০ কোটি ডলারের উন্নয়ন সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল জাতিসংঘ।

মূলত সবচেয়ে ঝুঁকির মধ‌্যে থাকা জনগোষ্ঠীসহ আরও বেশি মানুষকে উন্নয়নের আওতায় আনা, পরিবেশের টেকসই সুরক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং বাংলাদেশের মানুষের অর্থনৈতিক ও সামাজিক সমৃদ্ধির জন‌্য এই সহযোগিতা দেওয়া হবে।