২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেলার স্বস্তি বছরজুড়ে চান করদাতারা

আয়কর মেলায় যেভাবে হয়রানি ছাড়াই আয়কর কিংবা বিবরণী জমা দেওয়া যাচ্ছে, সেরকম স্বস্তি বছরজুড়ে চাইছেন করদাতারা।

মাসুম বিল্লাহ

ও রিফাত রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2016, 09:36 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

পুরনো খবর:

আয়কর: যা যা জানা চাই
করদাতার সংখ্যা বাড়ায় সন্তুষ্ট অর্থমন্ত্রী

কর কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানি এবং তাতে ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের হলেও আয়কর মেলায় দৃশ্য তার বিপরীত। এখানে করদাতাদের নেই কোনো অভিযোগ।

অন‌্যদিকে বছরজুড়ে যে অভিযোগ সামলাতে হয়, তা স্বীকার করে নিয়ে মেলা আয়োজনকারী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্তাব্যক্তিরা বলেছেন, এই অবস্থার অবসানে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কর আদায় প্রক্রিয়া সহজ এবং করদানে উৎসাহ জোগাতে গত মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে এনবিআরের নির্মাণাধীন ভবনে শুরু হয়েছে আয়কর মেলা, যা চলবে আগামী সোমবার পর্যন্ত।

বৃহস্পতিবার মেলার তৃতীয় দিন মেলাপ্রাঙ্গণে গিয়ে বেশ ভিড় দেখা যায় করদাতাদের, তবে হাসিমুখেই নিজের আয় থেকে রাষ্ট্রের পাওনা দিয়ে যাচ্ছেন তারা।

আয়কর বিবরণীর (রিটার্ন) ফর্ম সংগ্রহের পর বেরিয়ে আসা আইনজীবী আমির হোসেন মেলায় সন্তোষ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারা বছর আয়কর প্রদানের ভোগান্তি থেকে মানুষকে মুক্তি দেওয়া দরকার।”

কী ধরনের ভোগান্তি পোহাতে হয়- জানতে চাইলে এই আইনজীবী বলেন, “দেখা যায়, যারা কর দিচ্ছে বা কর দিতে চায়, তাদের উপর বেশি চাপ দেওয়া হয়। আয়কর অফিসে গেলে ঠিকমতো সেবা দেওয়া হয় না। কিন্তু যারা কর দেয় না বা দিতে চায় না, তারা অনেক সময় আড়ালেই থেকে যায়।”

আয়কর আদায় বাড়াতে নতুন নতুন করদাতা শনাক্তকরণে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।

উন্নত দেশের কাতারে বাংলাদেশকে নিয়ে যেতে আয়কর আদায়ে জোর দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত; তবে কর প্রশাসনের বিরুদ্ধে নানা হয়রানির অভিযোগ সাধারণ মানুষের।

টিআইএনধারীর (কর শনাক্তকরণ নম্বরধারী) সংখ্যা ২১ লাখে উন্নীত হয়েছে। এই সংখ‌্যা তিন মাসে তিন লাখ বাড়ায় অর্থমন্ত্রী নিজেও সন্তোষ প্রকাশ করছেন। কর প্রশাসনকে জনবান্ধব করার আশাও দিচ্ছেন তিনি।

মেলায় প্রাণ-আরএফএল গ্রুপের হিসাব বিভাগের পাঁচ কর্মী একসঙ্গে মেলায় আসেন আয়কর বিবরণী জমা দিতে। যার যার কর অঞ্চলের বুথে বিবরণী জমা দেওয়ার পর মেলায় গল্পে মেতে উঠতে দেখা যায় তাদের।

তাদের একজন রিফাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণত কর অঞ্চলে গেলে দেরি হয়, এই কাগজ ওই কাগজের জন্য দুই-চারদিন সময় লাগে।

“কিন্তু এখানে সেটা নাই। সেখানে ৭-৮দিন সময় লাগলেও এখানে এক জায়গায় সহজে আয়কর রিটার্ন জমা দেওয়া সম্ভব হচ্ছে।”

“আঞ্চলিক কর অফিসগুলোতে আয়কর ব্যবস্থা সহজ করলে মানুষ কর দিতে আরও উৎসাহী হবে,” বলেন বেসরকারি এই কর্মকর্তা। 

বছরের অন্য সময়ে কর কার্যালয়ে গিয়ে ছোট কোনো ভুলের জন্য বাড়তি অর্থ গোনার অভিযোগ উঠে আসে এনজিওকর্মী এস এম সোলাইমানের কথায়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর অঞ্চলে গিয়ে আয়কর জমা দিতে গেলে ওরা কোনো ভুল শুধরে দেওয়া তো দূরের কথা, ভুল হলে ৩ থেকে ৪ হাজার টাকার কমে তা ঠিক করানো সম্ভব হয় না। তাই আমি সব সময় মেলায় আমার আয়কর দিয়ে থাকি।”

’কোন ঝামেলা ছাড়াই পেপার দেখে সহজেই রিটার্ন দেওয়া’ আয়কর মেলার সবচেয়ে বড় দিক বলে মনে করেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আশুতোষ কুমার পাল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এভাবে রিটার্ন দিতে কোনো সমস্যা হয় না। আমাদের প্রশ্ন ও জিজ্ঞাসা থাকলে সুন্দর করে আমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে বুথ থেকে।”

মেলায় করদাতাদের প্রত‌্যাশার বিষয়টি সম্পর্কে সচেতন বলে জানান এনবিআরের সদস্য পারভেজ ইকবাল; ভোগান্তি দূর করতে উদ‌্যোগী হওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করদাতাদের সন্তুষ্টি অর্জনের সব চেষ্টা আমরা করছি। তাদের আগ্রহ উদ্দীপনা যাতে বাড়ে সেজন্য আমাদের এ উদ্যোগ।”

বছরে আয়কর বিবরণী জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর। সেজন্য পুরো নভেম্বর মাসটি কাজে লাগানোর পদক্ষেপ এনবিআর নিয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এর অংশ হিসাবে ১ থেকে ৭ নভেম্বর জাতীয় আয়কর মেলা, ১৬ বা ১৭ নভেম্বর সর্বোচ্চ করদাতা পুরস্কার প্রদানের পাশাপাশি মাসের শেষ সপ্তাহে ২৪ থেকে ৩০ নভেম্বর আঞ্চলিক কর অফিসগুলোতে আয়কর মেলা আয়োজন করা হচ্ছে।

ভোগান্তির অভিযোগের বিষয়ে পারভেজ ইকবাল বলেন, “৬-৭ বছর আগে যে পরিস্থিতি ছিল সেখান থেকে অনেক উন্নতি আমরা করেছি। গ্রাহক হয়রানির বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় এটা সম্ভব হয়েছে।”

চলতি অর্থবছরের ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ‌্য ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এর মধ‌্যে ২ লাখ ৩ হাজার কোটি টাকা আদায়ের ভার এনবিআরের উপর।